নির্বাচন কমিশনের জবাবদিহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন তাদের ওপর সংবিধান অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থতার দায় স্বীকার এবং হাইকোর্টে সে জন্য নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করেছে। তাদের এই ক্ষমাপ্রার্থনা কমিশনের গত পাঁচ বছরের সাংবিধানিক দায়িত্ব পালনের অন্যান্য ব্যর্থতাকেও স্মরণ করিয়ে দিয়েছে। প্রচলিত আদালতে তারা জবাবদিহি করেছে। কিন্তু জনতার আদালতে তাদের জবাবদিহি বাকি রয়ে গেছে। সার্বিক বিচারে মানুষের ভোটাধিকার এবং একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের মানমর্যাদাকে তারা অধিকতর গৌরবজনক করার পরিবর্তে আরও বেশি ক্ষতিগ্রস্ত করেছে বললে অত্যুক্তি হবে না।
ব্যাপক সহিংসতা, প্রাণহানি ও অনিয়মের মধ্য দিয়ে ছয় পর্বে ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ করা হয়েছিল। অথচ এই নির্বাচন প্রধানত ক্ষমতাসীন দলের প্রার্থী ও তাঁদের নেতা-কর্মীদের প্রাধান্যনির্ভর ছিল। দুই যুযুধান দলের পেশিশক্তির উল্লম্ফনযুক্ত নির্বাচন অনুষ্ঠানের যে চিরচেনা দৃশ্য, সেটা অনুপস্থিত থাকলেও সহিংসতা ও রক্তপাত অতীতের অনেক প্রশ্নবিদ্ধ নির্বাচনকেও হার মানিয়েছে। তা ছাড়া, তাদের মেয়াদকালে উপজেলা নির্বাচনের প্রথম দুটি পর্ব ছাড়া কোনো নির্বাচনই তারা ঠিকভাবে সম্পন্ন করতে পারেনি। নির্বাচন কমিশন পুনর্গঠন লগ্নে এই রূঢ় বাস্তবতার বিষয়টি রাষ্ট্রপতিসহ সংশ্লিষ্ট সব মহলের বিবেচনায় নেওয়া জরুরি। নির্বাচন একান্তভাবেই একটি রাজনৈতিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে রুগ্ণ ও দুর্বল রেখে বাছাই কমিটি দিয়ে কমিশন গঠন করলেই তা সুফল দেবে না।
বাংলাদেশের রাজনীতিতে এই সত্য ইতিমধ্যে প্রতিষ্ঠিত, যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যত বেশি তীব্র ও শৃঙ্খলাপূর্ণ হবে, সে নির্বাচন তত বেশি উৎসবমুখর ও কারচুপিমুক্ত হবে। বিরাজমান রাজনৈতিক বাস্তবতায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা এখনো নিষ্প্রভ। সুতরাং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রধান শর্ত নিশ্চিত করার বিষয়টিও সমভাবে গুরুত্বপূর্ণ। এর দায় প্রধানত নির্বাচনী রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে পরিচিত জাতীয় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে।
তবে রকিবউদ্দীন কমিশন তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিস্ময়ের সঙ্গে আমরা লক্ষ করেছি যে, সংবিধান কমিশনকে যে ক্ষমতা দিয়েছে, তা ব্যবহারে তারা অনীহ থেকেছে। ইউপি নির্বাচনে অভিযোগকারীদের প্রতিকার দেওয়া কমিশনের সাংবিধানিক দায়িত্ব এবং তা পালনে হাইকোর্টের নির্দেশনার পরও তারা তা অগ্রাহ্য করেছিল, যাকে তারা ‘অনিচ্ছাকৃত’ বলে দাবি করেছে। আমরা আশা করব, নির্বাচনী ব্যবস্থাকে যথেষ্ট কার্যকর করার জন্য তাদের উচিত হবে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। সার্বিক বিচারে তিরস্কারই এই নির্বাচন কমিশনের প্রাপ্য।