একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিযুক্ত প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের সম্পর্কে পুলিশের তথ্য সংগ্রহ করার খবরটি শুধু উদ্বেগজনক নয়, এখতিয়ারবহির্ভূত। প্রথম আলোর খবর অনুযায়ী, পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে গাজীপুর, ময়মনসিংহ, নোয়াখালী ও মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়েছে। কোনো কোনো কর্মকর্তাকে একাধিক থানা থেকেও খোঁজখবর নেওয়ার খবর পাওয়া গেছে। তবে আমরা ধারণা করতে পারি, পুলিশের এই কার্যক্রম শুধু ওই চার জেলার মধ্যে সীমিত নেই। অন্যান্য জেলায়ও তারা সম্ভবত একই ধরনের কার্যক্রম চালাচ্ছে।
এ খবরটি তখনই এল, যখন নির্বাচন নিয়ে খোদ নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে গায়েবি মামলা ও হয়রানিমূলক গ্রেপ্তারের একটি তালিকা দেওয়া হয়েছে। তাদের দাবি অনুযায়ী তফসিল ঘোষণার পর পুলিশ বিএনপির ৪৭২ জনকে গ্রেপ্তার করেছে। নয়াপল্টনে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আইনি ব্যবস্থা নিতে গিয়েও পুলিশ বাড়াবাড়ি করেছে বলে অভিযোগ আছে। অথচ আদাবরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুজন মারা গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এ ধরনের পক্ষপাতমূলক আচরণ নির্বাচনের পরিবেশ তৈরিতে সহায়ক হবে না।
ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগের নীতিমালা অনুযায়ী, সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়ে থাকেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগে জেলা প্রশাসন থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিয়ে ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা চাওয়া হয় এবং তা থেকে রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত তালিকা তৈরি করেছেন। এ ক্ষেত্রে পুলিশ বিভাগের কিছুই করণীয় নেই।
নির্বাচনে কে দায়িত্ব পালন করবেন, সেটি নির্ধারণ করার দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের। যেসব ব্যক্তি নির্বাচনে দায়িত্ব পালন করবেন, কমিশনের পক্ষ থেকে তাঁদের করণীয় সম্পর্কে নির্দেশনা ও পরামর্শও দেওয়া হচ্ছে। এ পর্যায়ে এসে নির্বাচন কর্মকর্তাদের সম্পর্কে পুলিশের গোয়েন্দাগিরির কী উদ্দেশ্য থাকতে পারে? গাজীপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রাষ্ট্রের প্রয়োজনে যে কারও বিষয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো যায় বলে সাফাই গেয়েছেন। আবার তিনিই বলেছেন, এসব তথ্য সংগ্রহের ব্যাপারে নির্বাচন কমিশনের তরফে কাউকে লিখিত আদেশ দেওয়া হয়নি। যদি ইসির পক্ষ থেকে খোঁজখবর নেওয়ার আদেশই দেওয়া না হয়ে থাকে, তাহলে পুলিশ এখানে নাক গলাতে গেল কেন? নির্বাচন কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় জানার নামে তারা যা করছে, সেটি নির্বাচনকে আরও প্রশ্নবিদ্ধ করবে।
তফসিল ঘোষণার পর সরকারের জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি নির্বাচন কমিশনের এখতিয়ারে। ইসির আদেশ বা নির্দেশের বাইরে তারা যেতে পারে না। কিন্তু প্রকাশিত খবর থেকে এটাই প্রতীয়মান হচ্ছে যে ইসিকেই তারা পরিচালিত করতে চাইছে। ইসি কাকে নির্বাচনের দায়িত্ব দেবে, কাকে দেবে না, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। তারপরও যদি কারও সম্পর্কে কোনো অভিযোগ আসে, তারা বড় জোর নির্বাচন কমিশন কিংবা রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানাতে পারে। এরপর কমিশন যদি মনে করে কারও বিষয়ে খোঁজখবর নেওয়া প্রয়োজন, সেই ব্যবস্থা তারা নেবে।
এ ক্ষেত্রে পুলিশ বিভাগ আগ বাড়িয়ে যে নির্বাচন কর্মকর্তাদের সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেছে, সেটি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। আমরা এ ব্যাপারে নির্বাচন কমিশনের আশু হস্তক্ষেপ দাবি করছি।