একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশনাররা যে নির্বাচন কর্মকর্তা তথা প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক কর্মশালা করেছেন, তা অত্যন্ত জরুরি ছিল বলে মনে করি। এর মাধ্যমে নির্বাচন কর্মকর্তারা নিশ্চয়ই তাঁদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা পেয়েছেন। এর অংশ হিসেবে গত শুক্রবার নির্বাচন কমিশনার কবিতা খানম রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কর্মশালায় নির্বাচন নিয়ে এমন কিছু কথা বলেছেন, যা অগ্রহণযোগ্য ও বিভ্রান্তিমূলক। এর আগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম ও শাহাদত হোসেন পৃথক কর্মশালায় বক্তব্য দিয়েছেন। একই কর্মশালায় সবাই কথা না বলে প্রতিটি কর্মশালায় একজন কমিশনার কথা বলায় কর্মকর্তারা নির্বাচন বিষয়ে বিশদ জানতে পেরেছেন।
গত শুক্রবারের কর্মশালায় নির্বাচন কমিশনার কবিতা খানম যে নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন, সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে সদ্ভাব রাখার কথা বলেছেন, একমাত্র জনগণের কাছে নির্বাচন কমিশনের দায়বদ্ধতা আছে বলে যে মন্তব্য করেছেন, তার সঙ্গে কেউ দ্বিমত করবেন না। যেকোনো নির্বাচনকে সুষ্ঠু করতে হলে নির্বাচন কর্মকর্তাদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের বিকল্প নেই। কিন্তু এই নির্বাচন কমিশনার যখন ‘পৃথিবীর কোনো দেশে নির্বাচন শতভাগ সুষ্ঠু হয় না এবং আমাদের দেশেও হবে না’ বলে যে বক্তব্য দিয়েছেন, তাতে তাঁর আগের সব কথা নাকচ হয়ে যায়। শতভাগ সুষ্ঠু নির্বাচন বলতে তিনি কী বুঝিয়েছেন, সে ব্যাখ্যাও দেননি। তবে আমরা সাদাকথায় বুঝি, নির্বাচন মানেই সুষ্ঠু নির্বাচন; সব ধরনের কারচুপি ও দখলদারিমুক্ত নির্বাচন। নির্বাচনের তিনটি পর্ব ভোটের আগে, ভোট গ্রহণ এবং ভোট গ্রহণের পর—প্রতিটি ক্ষেত্রে নির্ভয় পরিবেশ নিশ্চিত করা জরুরি, যাতে ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিয়ে আসতে পারেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও দলগুলোর প্রচারের ক্ষেত্রেও সমান সুযোগ তৈরি করা সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। তাঁর ওই বক্তব্য শুধু সুষ্ঠু নির্বাচনের অন্তরায় নয়, জনগণ তথা ভোটারদেরও ভুল বার্তা দেবে। যে নির্বাচন পদ্ধতিতে এক ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়, সেই নির্বাচনে সামান্য ত্রুটি রাখার সুযোগ আছে বলে মনে করি না। তিনি এমন সময়ে কথাটি বললেন, যখন নির্বাচন কর্মকর্তাদের বিষয়ে পুলিশ নাক গলানো শুরু করেছে, বিরোধী দলের নেতা-কর্মীদের নামে গায়েবি মামলা ও পাইকারি গ্রেপ্তারের ঘটনা ঘটছে। নির্বাচন কমিশনার যে গ্রহণযোগ্য নির্বাচন করার কথা বলেছেন, নির্বাচনে সামান্য ত্রুটি রেখে সেটি সম্ভব নয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খানসহ নাগরিক সমাজের বেশ কয়েকজন প্রতিনিধি কবিতা খানমের এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। আমরাও মনে করি, তাঁর এই উক্তি বিভ্রান্তি সৃষ্টি করবে। নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে। এর আগেও কোনো কোনো নির্বাচন কমিশনার বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেছেন। তাঁরা ভুলে যান যে এবার দলীয় সরকারের অধীনে এবং একটি জাতীয় সংসদ রেখে নির্বাচনটি হতে যাচ্ছে। এই অভিজ্ঞতা প্রশাসনের জন্য যেমন প্রথম, তেমনি নির্বাচন কমিশনের জন্যও। দলীয় সরকারের অধীনে যে প্রশাসন থাকবে তাকে দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই হবে কমিশনের জন্য কঠিন চ্যালেঞ্জ।
সাংবিধানিক পদাধিকারীরা নির্বাচন কর্মকর্তাদের প্রতি শপথের মর্যাদা রক্ষার যে আহ্বান জানিয়েছেন, সেটি তাঁরা নিজেরা মনে রাখলে নির্বাচন নিয়ে সৃষ্ট অনেক সমস্যা কেটে যাবে। কথাবার্তা বলার ক্ষেত্রে তাঁদের আরও সতর্ক হতে হবে। নির্বাচন কমিশনারদের কাছে দেশবাসী কথার চেয়ে কাজই বেশি আশা করে।