নির্বাচন নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে সরকার ও বিরোধী দলের দুই বিপরীত মেরুতে অবস্থান শান্তিপ্রিয় দেশবাসীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। মঙ্গলবার জেলা প্রশাসকদের তিন দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রী ‘অন্যান্য দেশের মতোই আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের’ কথা আবারও দৃঢ়তার সঙ্গে উল্লেখ করায় এটা স্পষ্ট যে সরকারের আগের অবস্থানে পরিবর্তন নেই। অন্যদিকে পেশাজীবী সমাবেশ ও ইফতারে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জানিয়ে দিয়েছেন, ‘নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে।’ তিনি এ কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ‘হাসিনার অধীনে’ নির্বাচন নয়। দুই নেত্রীর অনমনীয় অবস্থান দেশকে অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দেবে বলেই আমাদের আশঙ্কা। কোনো ‘অসাংবিধানিক সরকার’ যেন ক্ষমতায় না আসতে পারে, সে ব্যাপারে প্রধানমন্ত্রীর উদ্বেগ সুবিদিত। আইনশৃঙ্খলা রক্ষা ও জেলা পর্যায়ে সুষ্ঠুভাবে প্রশাসন পরিচালনা যাঁদের মূল কাজ, তাঁদের কাছে ‘সংবিধানবহির্ভূত’ সরকার সম্পর্কে সতর্ক থাকতে বলা উলু বনে মুক্তা ছড়ানো নয় কি?সংশ্লিষ্ট সবাইকে মনে রাখতে হবে, নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কারণেই ২০০৭ সালে জরুরি আইন জারি হয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকারকে দুই বছর ক্ষমতায় থেকে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হয়েছিল। সুতরাং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব বন্ধের চাবিকাঠি দেশের মূল রাজনৈতিক দলগুলোর হাতেই রয়েছে। ক্ষমতাসীন ও বিরোধীদলীয় দুই জোট যদি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে একমত হতে পারে, তাহলে সংবিধানবহির্ভূত শক্তির ক্ষমতায় আসা সম্ভব হবে না। কিন্তু এ বিষয়ে দুই জোটের আন্তরিকতা প্রায় শূন্যের কোঠায়। দেশের দুই প্রধান নেত্রী একে অপরের সঙ্গে কখনো আলোচনায় বসেন না। দুই দলের অন্য নেতারাও সভা-সমাবেশে পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে চলেছেন। দুই পক্ষের মধ্যে দূরত্ব ক্রমাগত বেড়ে চলেছে। অথচ সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা ও মৌলিক রাষ্ট্রীয় নীতির প্রশ্নে সংলাপ ও সমঝোতা ছাড়া গণতন্ত্র অচল। মূল বিরোধী দলকে দূরে সরিয়ে রেখে অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়। এটা সরকারকে বুঝতে হবে। এ ক্ষেত্রে তাদেরই দায়িত্ব বেশি।অন্যদিকে বিরোধী দলেরও দায়িত্ব রয়েছে। সম্প্রতি পাঁচ সিটি করপোরেশনে দেখা গেছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চায় এবং সে সুযোগ তাদের রয়েছে। বিরোধী দলের জন্য এখন এক অভাবনীয় অনুকূল পরিবেশ বিরাজ করছে। হাতের পাঁচ তাদের হেলায় হারানো উচিত হবে না। সুতরাং ন্যূনতম কোন কোন শর্তে বিরোধী দল নির্বাচনে যেতে পারে এবং সরকারকে নির্বাচনে রাজি করাতে পারে, সে বিষয়টি তাদের সক্রিয় বিবেচনায় রাখা দরকার।নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঈদের পর রাজপথে নামার যে ঘোষণা বিরোধীদলীয় নেত্রী ব্যক্ত করেছেন, তা কতটা সুফল দেবে, ভেবে দেখা দরকার। কারণ, এখন রাজপথ মানেই হরতাল-অবরোধ, গাড়িতে আগুন, পুলিশ পেটানোসহ নৃশংসতার মহড়া। সহিংসতার পথে না যাওয়াই হবে বিচক্ষণতার পরিচয়।