নির্বাচন-পরবর্তী সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচরে ৩৫ বছর বয়সী এক নারী অভিযোগ করেছেন, রোববারের নির্বাচনে তিনি বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিয়েছেন বলে প্রতিপক্ষ আওয়ামী লীগের ১০-১২ জন কর্মী-সমর্থক তাঁকে ধর্ষণ করেছেন। এ ধরনের গুরুতর অপরাধের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক; কেননা ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পরে এমন প্রতিহিংসামূলক প্রবণতা সমাজে স্বাভাবিক শান্তিশৃঙ্খলার জন্য অত্যন্ত ক্ষতিকর। এভাবে শত্রুতা রাজনৈতিক ক্ষেত্র পেরিয়ে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ক্ষেত্র পর্যন্ত সম্প্রসারিত হয়। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জের স্বাভাবিক সামাজিক সম্পর্কের জন্য যেন ক্ষতিকর হয়ে না ওঠে, সরকারের সে দিকে দৃষ্টি দেওয়া উচিত।

নির্বাচনের দিন দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় ১৭-১৮ জন মানুষ নিহত হয়েছেন। দৃশ্যত রাজনৈতিক এসব সহিংসতার সবচেয়ে ক্ষতিকর দিক হলো, নিহত প্রত্যেক ব্যক্তির স্বজনেরা হত্যাকারীদের প্রতি ঘৃণা-প্রতিহিংসা পোষণ করবেন। নির্বাচনের পরের দিনও কিছু এলাকা থেকে এমন সব সহিংসতার খবর এসেছে, যেগুলো সামাজিক শান্তিশৃঙ্খলার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। যেমন গাজীপুরে একটি বাড়ি ও একটি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া, চাঁপাইনবাবগঞ্জে দুটি বাড়িতে ভাঙচুর চালানো। ফরিদপুরে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা আওয়ামী লীগের সমর্থকদের ২০টি বাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ এসেছে। এসব সহিংসতা যতটা না রাজনৈতিক, তার চেয়ে বেশি গোষ্ঠীগত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর দলের নেতা-কর্মীদের প্রতি শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংযমী আচরণ করার আহ্বান জানিয়ে যথার্থ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। বিএনপির নেতৃত্বেরও উচিত তঁাদের নেতা-কর্মীদের প্রতি একই ধরনের আহ্বান জানানো। রাজনৈতিক দলগুলোর বিভিন্ন গ্রুপের মধ্যকার কোন্দল মেটানো ও সহিংসতা রোধ করা প্রধানত তাদেরই দায়িত্ব। তবে সহিংসতা ঘটার পর তার আইনানুগ প্রতিকারের উদ্যোগ নিতে হবে আইন প্রয়োগকারী সংস্থাকে। প্রতিটি সহিংসতার ঘটনাই ফৌজদারি অপরাধ; আইন প্রয়োগকারী সংস্থাকে মনে রাখতে হবে, রাজনৈতিক কারণে কোনো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে আইন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, তাদের বিচার করার জন্য যথাযথ আইনানুগ পদক্ষেপ নিতে হবে। সাধারণত ক্ষমতাসীন রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সহিংসতার ক্ষেত্রে আইন প্রয়োগে গড়িমসি লক্ষ করা যায়; এটা গ্রহণযোগ্য নয়, কারণ এভাবে সমাজের স্বাভাবিক শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়।

নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে, কিন্তু ধর্ষণের অভিযোগ করা হয়েছে ১০-১২ ব্যক্তির বিরুদ্ধে। অবিলম্বে অন্য আসামিদেরও গ্রেপ্তার করা প্রয়োজন। অপরাধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি অপরাধীদের গ্রেপ্তার করতে তৎপর হয়, তাহলে সমাজে তার ইতিবাচক প্রভাব পড়ে। বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি বলে একটা কথা বেশ চালু রয়েছে; প্রভাবশালী অপরাধীদের ক্ষেত্রে আইন প্রয়োগে অবহেলার অভিযোগ অনেক। বিশেষত ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ‘সাত খুন মাফ’ বেশ প্রচলিত ধারণা। এই অবস্থা থেকে বেরিয়ে আসা একান্ত প্রয়োজন। সে জন্য ক্ষমতাসীন দল ও সরকারের পক্ষ থেকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি এমন নির্দেশনা থাকা প্রয়োজন যে রাজনৈতিক প্রভাবের কারণে যেন কেউই অপরাধ করে আইনের আওতার বাইরে থাকতে না পারে।

সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আইনের যথার্থ প্রয়োগের প্রয়োজনীয়তার কথা বলাই বাহুল্য। তবে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থার একার পক্ষে সম্ভব নয়। বিশেষত রাজনৈতিক সহিংসতা এড়ানোর ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষত ক্ষমতাসীন দলের। নির্বাচন-পরবর্তী সহিংসতা কোনোভাবেই যাতে ঘটতে না পারে, তা নিশ্চিত করতে হবে। সারা দেশে শান্তিশৃঙ্খলার পরিবেশ স্বাভাবিক থাকুক।