নির্বাচন পর্যবেক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সব পক্ষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নটি অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। চলমান নির্বাচনী প্রচারণা পর্বে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ উচ্চারিত হচ্ছে, বিশেষত বলপ্রয়োগের মাধ্যমে বিরোধী দলগুলোর প্রার্থীদের প্রচারকাজে বাধা দেওয়ার অভিযোগ বাড়ছে। বিরোধীদলীয় প্রার্থীরা আক্রমণের শিকার হচ্ছেন বলেও তাঁদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, যদিও ক্ষমতাসীন দলের প্রার্থীরা সেসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করছেন।

এসব ক্ষেত্রে নির্বাচন কমিশনকে দৃঢ়তার সঙ্গে আইন প্রয়োগ করতে দেখা যাচ্ছে না, ফলে নির্বাচনের প্রচারণাপর্বে সব প্রার্থীর সুযোগের সমতার নীতি লঙ্ঘিত হচ্ছে। আমরা মনে করি, এসব বিষয়ে নির্বাচন কমিশনের আরও তৎপর হওয়া উচিত; নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রার্থীদের ওপর হামলাসহ সব ধরনের জবরদস্তিমূলক আচরণের বিরুদ্ধে আইন প্রয়োগের উদ্যোগ নেওয়া উচিত। একই সঙ্গে আমরা ক্ষমতাসীন দলসহ প্রতিদ্বন্দ্বী সব দলের প্রার্থীদের প্রতি নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানাচ্ছি; বলপ্রয়োগের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাস্ত করার অনৈতিক ও অগণতান্ত্রিক মানসিকতা পরিহার করে গণতান্ত্রিক সহিষ্ণুতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে আন্তরিকভাবে সচেষ্ট হওয়ার আহ্বান জানাচ্ছি।

সব অর্থে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই শুধু আমরা একটি সর্বজন গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন করতে পারি, এবং তার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেতে পারে। তাই সুষ্ঠু নির্বাচনই এ মুহূর্তে জাতির সর্বোচ্চ অগ্রাধিকার। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা নিরূপণের জন্য স্বাধীন ও পক্ষপাতহীন, নির্বাচনের সঙ্গে স্বার্থসংশ্লিষ্টহীন সংস্থা ও ব্যক্তিদের দ্বারা নির্বাচন পর্যবেক্ষণ বিশ্বজুড়ে স্বীকৃত একটি রীতি। এই রীতির অনুসরণে বাংলাদেশেও দেশি–বিদেশি বিভিন্ন সংস্থা নির্বাচনের ভোট গ্রহণ পর্যবেক্ষণ করে থাকে এবং তাদের পর্যবেক্ষণলব্ধ মূল্যায়নের ওপর নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেকটাই নির্ভর করে।

লক্ষ করা যাচ্ছে, এবারের নির্বাচনের আগে দেশি–বিদেশি সম্ভাব্য পর্যবেক্ষকদের জন্য নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। নির্বাচন কমিশনের সচিব দেশি পর্যবেক্ষকদের উদ্দেশে ‘মূর্তির মতো দাঁড়িয়ে’ ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করতে হবে—এমন কথা বলার পর বেশ বিরূপ প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। আর সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, বিদেশি পর্যবেক্ষকদের এ দেশে আসার পথে বাধার সৃষ্টি করা হচ্ছে। ওয়াশিংটনভিত্তিক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) হয়ে ব্যাংককভিত্তিক সংস্থা দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (এনফ্রেল) ৩২ জন সদস্যের একটি প্রতিনিধিদল ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসতে চায়। কিন্তু গত বৃহস্পতিবার পর্যন্ত তাঁদের মধ্যে মাত্র ৬ জন এ দেশে আসার অনুমতি পেয়েছেন, ২৬ জনকেই বৃহস্পতিবার পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি।

বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার জন্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্রের প্রয়োজন হয়। সে জন্য পর্যবেক্ষণ সংস্থাগুলো এই দুটি মন্ত্রণালয়ের প্রতি ছাড়পত্র প্রদানের অনুরোধ জানিয়ে থাকে। এবারও তারা তা করেছে, কিন্তু কেন এখন পর্যন্ত তারা ছাড়পত্র পায়নি, সে ব্যাখ্যা ওই দুটি মন্ত্রণালয় থেকে পাওয়া যায়নি। এমনকি নির্বাচন কমিশনও প্রথম আলোর প্রশ্নের উত্তরে কিছু বলতে রাজি হয়নি। বিষয়টি দুর্ভাগ্যজনক এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। তা ছাড়া, এর ফলে  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠুতা সম্পর্কে আন্তর্জাতিক মহলে সংশয় দেখা দিতে পারে। ফলে নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হতে পারে।

ভোট গ্রহণের নির্ধারিত দিনের আর বেশি দেরি নেই, বিদেশি পর্যবেক্ষকদের ছাড়পত্র প্রদানসহ এ দেশে আসার জন্য প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হোক। এ জন্য নির্বাচন কমিশনকে জোরালো পদক্ষেপ নিতে হবে।