বাংলাদেশ এখন যে অস্থিতিশীল সময় পার করছে, এ ব্যাপারে দ্বিমতের অবকাশ নেই। আগামী নির্বাচন কোন ধরনের সরকারের অধীনে হবে, সংকটের গোড়ায় রয়েছে এ মৌলিক প্রশ্ন। সরকার ও বিরোধী দল এ ব্যাপারে পরস্পরবিরোধী অবস্থানে। সংকট উত্তরণে বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার ও বিরোধী দলের উচিত সেসব আমলে নিয়ে দেশকে মহাবিপর্যয় থেকে রক্ষা করা। দেশবাসী চায় শান্তিপূর্ণ উপায়ে সংকটের সমাধান হোক। বলার অপেক্ষা রাখে না, নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, রাজনৈতিক সংকট এবং অস্থিতিশীলতাও ততই বাড়ছে। এই অবস্থায় আলোচনা ও সমঝোতায় আসতে যত বিলম্ব হবে, দেশকে তত বেশি মূল্য দিতে হবে। এসব বিবেচনা থেকেই সম্ভবত নাগরিক সংগঠনগুলো সমাধানের লক্ষ্যে নির্বাচনকালীন সরকারের বিভিন্ন রূপরেখা নিয়ে আলোচনা করছে, আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলেও। আমরা দেখলাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সম্প্রতি সংকট উত্তরণে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিরোধী দল এখনো দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবির ব্যাপারে অনড়। অন্যদিকে সরকারি দল বর্তমান সংবিধানের বাইরে যেতে নারাজ। এই অবস্থায় টিআইবি যে নির্বাচনকালীন সরকারের রূপরেখা হাজির করেছে, তা বিবেচনার দাবি রাখে। সংস্থাটি সংসদীয় ঐকমত্যের কমিটির মাধ্যমে নির্বাচনকালীন সরকারের প্রধান ও মন্ত্রিসভার ১০ সদস্য মনোনয়নের কথা বলেছে। টিআইবির এ রূপরেখা বর্তমান সংবিধানের অধীনেই বাস্তবায়ন করা সম্ভব বলে অনেকে মনে করেন। অন্যদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গোলটেবিল আলোচনায় হরতাল ও ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার এবং বিরোধী দলের আটক হওয়া নেতাদের মুক্তি দিয়ে আলোচনার পরিবেশ সৃষ্টির যে সুপারিশ করা হয়েছে, তা-ও খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের আলোচনা শুরুর জন্য আস্থা ও সমঝোতার একটি পরিবেশ সৃষ্টি করা জরুরি। সিপিডির সুপারিশ ও টিআইবির প্রস্তাব বিবেচনায় নিয়ে দুই পক্ষই এগিয়ে যেতে পারে বলে আমরা মনে করি। বিরোধী দল টিআইবির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। সরকারি দলে একজন গুরুত্বপূর্ণ নেতা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এটিকে প্রধানমন্ত্রীর প্রস্তাবের কাছাকাছি বলে মন্তব্য করেছেন। তবে টিআইবির প্রস্তাব উত্থাপনের এক দিনের মাথায় ‘নতুন নতুন ফর্মুলা গণতন্ত্রকে ব্যাহত করতে পারে’ বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা আমাদের আশাহত করেছে। এটা আমাদের এখন মানতেই হবে যে, নির্বাচনকালীন সরকারের বিষয়টি এখন আর সাংবিধানিক বিতর্কের মধ্যে সীমিত নেই। উপর্যুপরি হরতাল-সহিংসতা-মৃত্যু কেবল জনজীবনকে শুধু বিপর্যস্তই করছে না, দেশের অর্থনীতিকেও ধ্বংস করে দিচ্ছে। এই ধ্বংসযজ্ঞ থেকে বেরিয়ে আসার জন্য একটি উপায় খুঁজে বের করতেই হবে। আমরা আশা করব, বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকারি দল এ ব্যাপারে আলোচনা ও সমঝোতার উদ্যোগ নেবে। মানুষ এখন রাজনৈতিক নেতৃত্বের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছে।