নির্বাচনকেন্দ্রিক সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই পর্ব শেষ হলেও সংঘাত-সংঘর্ষে প্রাণহানির ঘটনা থেমে নেই। এসব অঘটন ঠেকানো যাদের দায়িত্ব, সেই নির্বাচন কমিশন (ইসি), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা স্থানীয় প্রশাসন—সবাই নির্বিকার। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে অঘটন শুরু হয় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থেকে। ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা অনেক স্থানে বিরোধী দলের এবং নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেননি, ফলে রেকর্ডসংখ্যক চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে জয়ী হন। ভোটের দিনের চিত্রও ছিল বিশৃঙ্খল ও সংঘাতপূর্ণ।
নির্বাচন কমিশন মুখে যা-ই বলুক না কেন, তারা যে সন্ত্রাস মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ, নির্বাচনকেন্দ্রিক ভয়াবহ সন্ত্রাস ও নৈরাজ্যই তার প্রমাণ। প্রথম আলোর খবর থেকে জানা যায়, দ্বিতীয় দফা নির্বাচনের পর পিরোজপুরে একজনকে পিটিয়ে মারা হয়েছে। মাদারীপুরে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে মারা গেছেন একজন। মুন্সিগঞ্জে প্রতিপক্ষের হাতে আহত ছাত্রলীগ নেতা কারা হেফাজতে মারা গেছেন। যশোরের মনিরামপুরে ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে বসা নিয়ে হাঙ্গামায় যুবলীগের কর্মী নিহত হয়েছেন। এসব ঘটনায় আক্রান্ত ব্যক্তি বা আক্রমণকারী—দুই পক্ষই আওয়ামী লীগের কর্মী বা সমর্থক।
নির্বাচনে অংশগ্রহণকারী সব পক্ষ জনগণের রায় মেনে নেবে, সেটাই গণতন্ত্রের রীতি। কিন্তু ইউপি নির্বাচনে সেটি অনেকেই মানছেন না। কোথাও বিজয়ী প্রার্থী, কোথাও পরাজিত প্রার্থী প্রতিপক্ষের ওপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন। ফলে খুনোখুনির ঘটনা বেড়েই চলেছে। ইউপি নির্বাচনে আর কত প্রাণ ঝরবে? এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে, প্রথমত দলমত-নির্বিশেষে যারাই এ ধরনের সংঘাতে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, যে দলের নেতা-কর্মীরা এসব অঘটন ঘটাচ্ছেন, সেই দলের নেতৃত্বের উচিত এর দায় নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।
আমরা প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা আর ঘটবে না—ইসির কাছে এ নিশ্চয়তা চাওয়া নিশ্চয়ই অযৌক্তিক নয়।