নির্বাচনী অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষপাতমূলক আচরণের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন অবশেষে মাঠ প্রশাসনের কাজের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছে। কিন্তু একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিষ্ঠানটির এই মৌখিক অসন্তোষ প্রকাশ কি যথেষ্ট? প্রধান নির্বাচন কমিশনার সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কিন্তু নির্বাচনের বাকি মাত্র দেড় সপ্তাহ। অতএব, কাজেই সেটি প্রমাণ করতে হবে।
পৌর নির্বাচন ঘিরে যেসব অভিযোগ উঠেছে, তার মধ্যে আছে বিভিন্ন স্থানে রিটার্নিং কর্মকর্তারা আইনবহির্ভূতভাবে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল করেছেন, মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে, মন্ত্রী-সাংসদেরা আচরণবিধি লঙ্ঘন করেছেন, প্রতিপক্ষের প্রার্থী ও সমর্থকেরা আক্রমণের শিকার হয়েছেন, কিন্তু স্থানীয় প্রশাসন ও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের বক্তব্য হচ্ছে, একই অভিযোগে তো নির্বাচন কমিশনও অভিযুক্ত। যে রিটার্নিং কর্মকর্তারা আইন ভেঙেছেন, তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশন তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিল না কেন?
পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে যত অভিযোগ উঠেছে, সে তুলনায় নির্বাচন কমিশনের নেওয়া পদক্ষেপ খুবই নগণ্য। এটা দুর্ভাগ্যজনক যে নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে অসফলতার পরিচয় দিচ্ছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইসি চাইলে ভোট গ্রহণ বন্ধসহ যেকোনো পদক্ষেপ নিতে পারে। এ ব্যাপারে আইনগত কোনো বাধা নেই। কিন্তু পৌর নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত তারা এমন কোনো পদক্ষেপ নিতে পারেনি, যাতে ভোটারদের ভয় ও শঙ্কা দূর হয়।
পৌরসভা নির্বাচন কেবল সরকার বা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল নয়, নির্বাচন কমিশনের জন্যও একটি অগ্নিপরীক্ষা। এই নির্বাচনটি তারা সুষ্ঠুভাবে করতে পারলে বর্তমানে জাতীয় রাজনীতিতে যে অস্থিরতা আছে, তা কিছুটা হলেও প্রশমিত হবে। কিন্তু নির্বাচন কমিশন যদি তার ওপর দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে উদ্ভূত পরিস্থিতির দায় তাকেই নিতে হবে।