ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই এখন প্রধান কর্তব্য। কিন্তু নির্বাচনী আইন ভাঙার বেশ কিছু প্রশ্ন উঠলেও নির্বাচন কমিশন (ইসি) কঠোর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। কয়েক দিন আগে চট্টগ্রামে গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক ঘরোয়া সভায় যেকোনো প্রকারে তাঁদের দলকে জিতিয়ে আনার কথা বলেন। কোনো মন্ত্রীর এ রকম ঘোষণা পুলিশ ও প্রশাসনকে প্রভাবিত করে। কিন্তু এ বিষয়ে নির্বাচন কমিশন তেমন কোনো ব্যবস্থা গ্রহণ না করে কার্যত মন্ত্রীর প্রতি নমনীয়তা দেখাল।
এখনো মন্ত্রীরা পরোক্ষভাবে নির্বাচনকে প্রভাবিত করে চলেছেন। যেমন সিটি করপোরেশন নির্বাচন নির্দলীয় হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ ও বিএনপির মতো প্রধান দলগুলো প্রার্থীদের প্রতি দলীয় সমর্থন ঘোষণা করে দলের সমর্থক অন্য প্রার্থীদের নাম প্রত্যাহার বা অন্তত এখন বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। ফলে অনেক প্রার্থী দলের চাপে নির্বাচনে যেতে পারছেন না। অথচ উপযুক্ত যেকোনো ব্যক্তির নির্বাচন করার অধিকার রয়েছে। এখানে দলীয় সিদ্ধান্ত প্রয়োগ করে বাধা দেওয়া নির্বাচনী আইনের লঙ্ঘন। কিন্তু নির্বাচন কমিশন এসব বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
কোনো প্রার্থী নির্বাচনী আইন ও বিধিমালা ভাঙছেন কি না, তা পর্যবেক্ষণের জন্য ইসির উদ্যোগে কমিটি করা দরকার। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সময় তৎকালীন ইসি এ রকম কমিটি করেছিল। কোন প্রার্থী কত টাকা ব্যয় করছেন, প্রচারে বিধিভঙ্গ হচ্ছে কি না—এসব বিষয়ে খোঁজখবরের জন্য তিনটি সিটি করপোরেশন এলাকায় এ রকম কমিটি করা দরকার। কমিটির সদস্যরা প্রতি সপ্তাহে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতিবেদন পেশ করবেন। তাহলে তাঁর পক্ষে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সহজ হবে।
নির্বাচনে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করার জন্য নির্বাচনী আইন ও বিধিভঙ্গের বিরুদ্ধে ইসিকে আরও কঠোর হওয়ার বিকল্প নেই।