রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে রাষ্ট্রের বাড়তি মনোযোগ অবশ্যই জনসন্তুষ্টির বিষয়। কিন্তু এসব খাতে রাষ্ট্রের ব্যয় কী উপায়ে, কাদের তদারকিতে নির্বাহ করতে হবে, সেই বিষয়ে বাংলাদেশ সংবিধানে পরিষ্কার দিকনির্দেশনা রয়েছে। সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদে উল্লেখিত বিষয়াবলির তদারকির ভার দ্ব্যর্থহীন ভাষায় স্থানীয় শাসনব্যবস্থায় ন্যস্ত করা হয়েছে। তাই এটা গভীর উদ্বেগজনক যে নির্বাচন সামনে রেখে উল্লিখিত খাতে সাংসদেরা তথাকথিত বিশেষ বরাদ্দ পাচ্ছেন। আগে থেকেই এসব খাতে স্থানীয় জনপ্রতিনিধিদের বৈধ স্বার্থ অগ্রাহ্য করে সাংসদদের দুঃখজনক সম্পৃক্ততা আমরা অস্বস্তির সঙ্গে লক্ষ করে আসছিলাম। এখন সাধারণ নির্বাচন সামনে রেখে সাংসদদের আরও বেশি ব্যাপকতায় ওই সব স্থানীয় উন্নয়ন প্রকল্পে জড়িত হওয়ার খবর আমাদের আরও বেশি উদ্বিগ্ন করছে।
রাষ্ট্রের সম্পদের অপচয় এবং সংবিধানের ম্যান্ডেট অগ্রাহ্য করার দিকগুলো নীতিনির্ধারকদের অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত হবে। উন্নয়ন সবাই চাইবে। কিন্তু তা নিশ্চয় আইন ও সংবিধানসম্মতভাবে হওয়াই প্রত্যাশিত। আইনপ্রণেতারা সংবিধান মেনে চলতে অধিকতর বেশি সংবেদনশীলতার পরিচয় দেবেন— সেটাই প্রত্যাশিত। সংবিধান জনপ্রতিনিধিদের কাজ ভাগ করে দিয়েছে। সাংসদেরা নিজেদের সংসদীয় আসনের জন্য কী করবেন, আর চেয়ারম্যান-মেম্বাররা তাঁদের প্রশাসনিক একাংশের কী কাজ করবেন, তা সংবিধান স্পষ্ট বলে দিয়েছে।
সংবিধানের ৫৯ অনুচ্ছেদ বলেছে, আইনানুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের ওপর প্রজাতন্ত্রের প্রত্যেক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হবে। একই অনুচ্ছেদ আরও নির্দিষ্ট করেছে যে তাদের অন্যতম দায়িত্ব হবে ‘জনসাধারণের কার্য ও অর্থনৈতিক উন্নয়ন-সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা।’ আর এতে কোনো সন্দেহ নেই যে পাবলিক সার্ভিস বা জনসাধারণের কার্যের মধ্যে রাস্তাঘাট এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চয় অন্তর্ভুক্ত। সে কারণে রাস্তাঘাট প্রকল্পে আট বছর ধরে সরাসরি সাংসদদের জন্য মাথাপিছু ৩ থেকে ৫ কোটি টাকার বরাদ্দ এবং এখন ‘অলিখিতভাবে’ শুধু তাঁদের ইচ্ছাতেই নিজ নির্বাচনী এলাকার (সিটি করপোরেশনবহির্ভূত) ২০টি করে স্কুল ভবন নির্মাণ এবং তাঁদেরই চাহিদাপত্রে মসজিদ-মন্দির খাতে আরও ১ কোটি টাকা বিতরণের উদ্যোগ সংবিধানের চেতনাবিরুদ্ধ।
এটা বিস্ময়কর যে যাঁদের মূল পরিচয় ‘আইনপ্রণেতা’, যাঁদের কাজ ‘সংসদীয় কার্যপ্রণালি দ্বারা নিয়ন্ত্রিত’, আর সেই ‘কার্যপ্রণালির’ কোথাও রাস্তাঘাট বা স্কুল-মাদ্রাসা নির্মাণের দায়িত্ব নেই, তাহলে তাঁরা কেন স্থানীয় জনপ্রতিনিধিদের মৌলিক কাজে নিজেদের সম্পৃক্ত করবেন। স্থানীয় জনপ্রতিনিধিদের বৈধ ভূমিকা ও মর্যাদা অকার্যকর করে ভোটার তুষ্টির মহোৎসব নির্বাচনী আচরণবিধি তথা সরকারের আর্থিক শৃঙ্খলার পরিপন্থী বটে। নির্বাচন কমিশন ও মহাহিসাব নিরীক্ষকের উচিত হবে এই বিষয়ে তাঁদের বৈধ অবস্থান স্বাধীনভাবে জনগণের সামনে প্রকাশ করা।
রাষ্ট্র ও সরকার জনগণের কল্যাণে উন্নয়ন কর্মসূচি অব্যাহতভাবে বাস্তবায়ন করবে এবং তাতে ধারাবাহিকভাবে আয়ের সঙ্গে সংগতি রেখে ব্যয় বাড়বে, সেটা স্বাভাবিক। নির্বাচনী বছরে সরকার বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দিকটি বড় করে তুলে ধরবে, তা–ও আমরা সমর্থন করি। সরকারের বড় সাফল্যকে আমরা গভীর সন্তুষ্টির সঙ্গে বড় করেই দেখি। কিন্তু নির্বাচন সামনে রেখে যেভাবে অস্বাভাবিক পন্থায়, দৃশ্যত জনগণের ওপর অযথা চাপ বাড়িয়ে উন্নয়ন ব্যয় বাড়ানোর তোড়জোড় চলছে, তা আমরা গ্রহণযোগ্য মনে করি না।
নির্বাচনী বছরে ‘রাজনৈতিক সরকারের’ কার্যত অসংগত উপায়ে ব্যয় বৃদ্ধিকে স্বাভাবিক হিসেবে দাবি করে পরিকল্পনা কমিশনের একজন সদস্য যে যুক্তি খাড়া করেছেন, তা-ও দুর্ভাগ্যজনক।