ছয় দফা ইউনিয়ন পরিষদের সর্বশেষ দফাটি বাকি রয়েছে। তবে আগের পাঁচ দফা নির্বাচনের মধ্য দিয়ে দেশের নির্বাচনী ব্যবস্থার যা সর্বনাশ হওয়ার তা হয়ে গেছে। সহিংসতা, কারচুপি ও নানা অনিয়মের কারণে এই নির্বাচন দেশের স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসে একটি নিকৃষ্ট দৃষ্টান্ত সংযোজন করল। দুঃখজনক বাস্তবতা হচ্ছে এমন একটি নির্বাচনের জন্য এ পর্যন্ত ৯৯ জন মানুষের প্রাণ গেছে এবং কেউই এসবের দায় নিতে চাইছে না।
একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পুরোপুরি নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনকে এ জন্য প্রয়োজনীয় সব ক্ষমতাই দেওয়া আছে। বর্তমান নির্বাচন কমিশন তাদের দেওয়া সংবিধান প্রদত্ত সেই ক্ষমতা ব্যবহারে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলে গত পাঁচ দফায় ইউপি নির্বাচনের নামে যা হলো তার দায় প্রথমত ও প্রধানত নির্বাচন কমিশনের। ‘রাজনৈতিক সংস্কৃতির’ ওপর দায় চাপিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের অতীতের নির্বাচন কমিশনগুলোর সাফল্য-ব্যর্থতা ও যোগ্যতা-দক্ষতার তুলনামূলক বিচারে বর্তমান কমিশনের অবস্থানকে শোচনীয়তম বলেই মানতে হচ্ছে।
এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন রাজনৈতিক দলের মনোনয়নের ভিত্তিতে হয়েছে সরকার ও সরকারি দলের রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সরকারি দল যেমন দলের শৃঙ্খলা বজায় রাখতে পারেনি তেমনি দলের বিদ্রোহী প্রার্থীদেরও নিয়ন্ত্রণ করতে পারেনি। ফলে কার্যত বিরোধী রাজনৈতিক শক্তির অস্তিত্ববিহীন এই নির্বাচন হয়ে ওঠে সরকারি দল ও সরকারি দলের বিদ্রোহী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা। এত প্রাণহানি, সহিংসতা ও অনিয়মের নির্বাচনের দায় সরকার ও সরকারি দলও কোনোভাবেই এড়াতে পারে না।
এটা মানতেই হবে যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার বড় ও সুদূরপ্রসারী ক্ষতি হয়ে গেল এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্য দিয়ে। বিভিন্ন প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও যেখানে অতীতে স্থানীয় সরকার পর্যায়ের এই নির্বাচন বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতো—এই নির্বাচনের মধ্য দিয়ে কার্যত যেন তার ইতি ঘটেছে। নির্বাচনকে আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজটি এখন সহজ হবে না।