ইসির ওপরই এখন সবকিছু নির্ভর করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংলাপে যেসব প্রস্তাব এসেছে, তার সবই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দরকারি, এমন বিবেচনা করার কোনো কারণ নেই। সংলাপে ৪০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। দলগুলো যেহেতু নির্বাচনী ও ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে, তাই তাদের প্রস্তাবগুলোতে নিজস্ব হিসাব-নিকাশ রয়েছে এবং সে কারণেই কিছু কিছু ক্ষেত্রে প্রস্তাবগুলো পরস্পরবিরোধী। নির্বাচন কমিশনের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন, কোনো দলকে ক্ষমতায় নেওয়া বা কারও ক্ষমতায় যাওয়া ঠেকানো তাদের কাজ নয়। কমিশনের মূল লক্ষ্য হচ্ছে সবার কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠান করা।

দলগুলোর পক্ষ থেকে দেওয়া প্রস্তাব ও পরামর্শে নির্বাচনের সময় সেনা মোতায়েন করা বা না করার বিষয়টি খুবই গুরুত্ব পেয়েছে। নির্বাচনকালীন সরকারের প্রসঙ্গটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত রয়েছে। নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া বা না দেওয়া নিয়ে পরস্পরবিরোধী প্রস্তাব এসেছে দলগুলোর তরফে। আবার নির্বাচনে প্রার্থীদের হলফনামা না দেওয়ার মতো একটি প্রস্তাবও এসেছে একটি দলের পক্ষ থেকে। নির্বাচন বিশেষজ্ঞদের তরফে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ এসেছে ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার ব্যাপারে।

এখন নির্বাচন কমিশনকে প্রথমেই ঠিক করতে হবে যে নির্বাচন অনুষ্ঠান করতে হলে কী কী বিষয় নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে এটা মনে রাখতে হবে, ‘নির্বাচন’ এর অর্থই হচ্ছে সুষ্ঠু, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচন। এমন একটি নির্বাচন অনুষ্ঠানে দরকারি সবকিছুই ইসিকে করতে হবে। এর মধ্যে কিছু নির্বাচন কমিশনের নিজস্ব এখতিয়ারের মধ্যে রয়েছে আবার কিছু প্রতিষ্ঠানটির আওতার বাইরে। কিন্তু আওতার বাইরে থাকলেই নির্বাচন কমিশনের দায়িত্ব শেষ হয়ে যাবে, বিষয়টি তেমন নয়।

ইসি যদি মনে করে যথাযথ নির্বাচন অনুষ্ঠানে অবশ্যপালনীয় কোনো বিষয় আছে, সে ব্যাপারে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে, অনুরোধ জানাতে পারে। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে ইসিকে দরকারি সব ধরনের সহায়তা দিতে সরকার দায়বদ্ধ। সরকার যদি কোনো ক্ষেত্রে তা না করে, তবে তাদের কঠোর অবস্থান নেওয়ার সুযোগও রয়েছে।

আমরা আশা করব, সংলাপের মধ্য দিয়ে নির্বাচন কমিশন যে ধারণা পেয়েছে, তা বিচার-বিবেচনা করে নির্বাচন অনুষ্ঠানের জন্য দরকারি মূল বিষয়গুলো নির্ধারণ করতে ও সে অনুযায়ী সব পদক্ষেপ নিতে সক্ষম হবে। নিজের শক্তিকে নির্বাচন কমিশন কতটুকু কাজে লাগাতে পারে, সেটাই এখন দেখার বিষয়।