নির্বাচনে কোটি টাকা ব্যয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন জনপ্রতিনিধি, তিনি হোন ইউনিয়ন পরিষদে কিংবা জাতীয় সংসদে নির্বাচনে কোটি টাকা ব্যয় করবেন আর কর দেবেন না, তা দেশবাসীর সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়। কোটি টাকা কেন, একজন প্রার্থী ১০ লাখ টাকা ব্যয় করলেও তাঁকে কর দিতে হবে। আইনানুযায়ী কারও বার্ষিক আয় ২ লাখ ৫০ হাজার টাকার বেশি হলেই তাঁকে আয়কর দিতে হয়। অর্থমন্ত্রী একবার সব চাকরিজীবীকে করের আওতায় আনার কথা বলেছিলেন। সব চাকরিজীবীকে করের আওতায় আনার আগে সব জনপ্রতিনিধির আয়ের উৎস খুঁজে বের করে তাঁদের কাছ থেকে কর আদায় আরও বেশি জরুরি বলে মনে করি। তথাকথিত জনসেবকদের জবাবদিহির আওতায় আনতেই হবে।

এনবিআর চেয়ারম্যান দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে হলে করের পরিমাণ ও আওতা বাড়ানো প্রয়োজন বলে যে মন্তব্য করেছেন, তার সঙ্গেও কেউ দ্বিমত প্রকাশ করবেন না। তবে দেখার বিষয় হলো উন্নয়নের সুফল জনগণ পাচ্ছে কি না? অনেক সময়ই দেখা যায় লাভের গুড় পিঁপড়ায় সাবাড় করে দেয়। তাই যাঁরা কর দেন, তাঁদের জানার অধিকার আছে সেই করের অর্থ কোথায় কীভাবে ব্যয় হচ্ছে।

করের আওতা বাড়ানোর দাবি বহুদিনের। কিন্তু অজ্ঞাত কারণে সরকার আওতা না বাড়িয়ে হার বাড়ানোর দিকে বেশি আগ্রহী। অভিন্ন হারে ভ্যাট আদায়ের সিদ্ধান্ত নিয়েও সেটি কার্যকর করতে পারেনি। ওই সভায় ব্যবসায়ী নেতা আফতাব আহমেদ বলেছেন, করের পরিমাণ বাড়াতে হলে অটোমেশনের বিকল্প নেই। এ ছাড়া কর ফাঁকি বন্ধ করতে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার চালু হওয়ার আইনটিও সব ক্ষেত্রে কার্যকর করা যায়নি। এর জন্য অসাধু ব্যবসায়ীরা দায়ী বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। কিন্তু এনবিআর এ ক্ষেত্রে আরও কঠোর হচ্ছে না কেন? কেন তারা অসাধু ব্যবসায়ীদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছে? এখানে চোরে চোরে মাসতুতো ভাইয়ের যে ‘আঁতাত’ গড়ে উঠেছে, সেটি ভেঙে দিতে হবে। করারোপের ক্ষেত্রে কোনো মহলকে ছাড় দেওয়া এবং কোনো মহলকে ধরার নীতিও পরিহার করা প্রয়োজন।

প্রতিবছরই সরকারের উন্নয়ন কর্মসূচি নিয়ে নানা ধরনের সমস্যা ও বিপত্তি দেখা দেয়। নির্বাচনের বছরে সেটি আরও বাড়ার আশঙ্কা আছে। নির্বাচনের বিষয়টি মাথায় রেখে কোনো কর্মসূচি নেওয়া হলে সেটি থেকে জনগণ সুফল নাও পেতে পারে। আগামী বছরের বাজেট যে ৭০ হাজার কোটি টাকার বেশি আয়সীমা ধরা হয়েছে, সেই টাকা কীভাবে আসবে?

সর্বোপরি এনবিআর চেয়ারম্যান জনপ্রতিনিধিদের সম্পর্কে যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, সেটি যেন শুধু কথার কথা না থাকে। দলমত-নির্বিশেষে সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে জনপ্রতিনিধি ও তাঁদের পরিবারের সদস্যদের আয়ের উৎস জনসমক্ষে প্রকাশ করার অঙ্গীকার ছিল। কিন্তু দু-একজন ব্যতিক্রম ছাড়া সেটি কেউ মানেননি। আইনের প্রয়োগ তথা সমাজে নীতিনৈতিকতার দৃষ্টান্ত শুরু করতে হয় ওপর থেকেই।