নির্বাচনে টাকার খেলা বন্ধ করাই বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা ১৯৪৩ সালে মানিকগঞ্জে তাঁর মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সিরাকিউজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। ১৯৬৬ সালে পাকিস্তানের সিভিল সার্ভিসে (সিএসপি) যোগদান করেন। দীর্ঘ ৩৪ বছরের সরকারি চাকরিতে তিনি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি পদেও তিনি অধিষ্ঠিত ছিলেন। অবসর নেওয়ার পর ২০০৭ সালের ফেব্রুয়ারিতে তিনি পাঁচ বছর মেয়াদে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণ করেন। সাক্ষাৎকার নিয়েছেন আব্দুল কাইয়ুমপ্রথম আলো  আপনার দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতা কী?এ টি এম শামসুল হুদা  সিংহভাগই ইতিবাচক। সন্তোষজনক। তবে কিছু কাজ পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। সেটা অস্বীকার করব না।প্রথম আলো  যেমন?এ টি এম শামসুল হুদা  সাফল্যের কথাই ধরুন। ছবিসহ ভোটার তালিকার মতো একটি বড় কাজ সফলভাবে করতে পেরেছি। এ তালিকা হালনাগাদ করা হচ্ছে। দ্বিতীয়ত, বেশ কিছু আইনি সংস্কার করেছি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এর প্রয়োজন ছিল। নির্বাচনের সময় প্রার্থীদের আচরণবিধি করেছি। তা ছাড়া জাতীয় নির্বাচনের সময় বিশাল লোকবল প্রস্তুত করা, তাঁদের প্রশিক্ষণ, মতবিনিময় করে সমন্বয় সাধন, এ ধরনের কাজের প্রতি গুরুত্ব দিয়েছি। রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যবস্থা, তাদের সঙ্গে মতবিনিময় করেছি।প্রথম আলো  ব্যতিক্রমী সাফল্য কী?এ টি এম শামসুল হুদা  হ্যাঁ, সে রকম একটা বিষয় অবশ্যই বলা দরকার। আমরা যখন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণ করলাম, তখন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের মনোবল বলতে কিছু অবশিষ্ট ছিল না। দেশবাসী কমিশনের সমালোচনায় মুখর ছিলেন। কমিশনের কর্মীদের মন ভেঙে যায়। তাঁরা একেবারে হীনবল হয়ে পড়েছিলেন। আমরা প্রথমে তাঁদের মনোবল ফিরিয়ে আনার উদ্যোগ নিই। কমিশনের দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে আমরা দেশবাসীর আস্থা অর্জন করতে থাকি। আমাদের কর্মীরা তাঁদের হূত মনোবল ফিরে পেলেন। কমিশনের মর্যাদা পুনঃ প্রতিষ্ঠা করাই ছিল আমাদের প্রথম দিকের কাজের একটি বড় সাফল্য। এটা না হলে এত বড় নির্বাচনী দায়িত্ব পালন করা সম্ভব হতো না।প্রথম আলো  ব্যর্থতা কোথায়?এ টি এম শামসুল হুদা  সেটি যদি জানতে চান, তাহলে বলব, সামান্য কিছু ভুলত্রুটি ছিল। অনেক ক্ষেত্রে প্রার্থীর আচরণবিধি ঠিকভাবে কার্যকর করা যায়নি। প্রথম আলো  ভোলায় উপনির্বাচনসহ কয়েকটি পৌর নির্বাচন বিতর্কিত হয়েছিল, সেখানে তো আপনাদের কিছু ব্যর্থতা ছিল?এ টি এম শামসুল হুদা: দেখুন, নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে তার বিচার সব সময় আপেক্ষিক। কিছু কাজ বাকি থেকে যায়। বলা যায়, নির্বাচন আরও ভালো হতে পারত। কুমিল্লা সিটি নির্বাচনে সরকারদলীয় প্রার্থী পরাজয় মেনে নিলেন। এটা তো কম কথা নয়। পরিস্থিতি বদলাতে শুরু করেছে। যুগ যুগ ধরে যে সংস্কৃতি চলে আসছে, তা কি এক দিনে বদলানো যাবে? রাতের অন্ধকারে কে কোথায় চুপি চুপি গিয়ে হাতে টাকা গুঁজে দিয়ে এল, তা ধরা যে-সে কথা নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তো হিমশিম খায়। তবে আমরা অনিয়ম রোধে সাধ্যমতো চেষ্টা করেছি। নারায়ণগঞ্জে তো ভালোই নির্বাচন হয়েছে।প্রথম আলো  তত্ত্বাবধায়ক সরকারের সময় বরিশাল পৌর নির্বাচনেও তো প্রশ্ন উঠেছিল?এ টি এম শামসুল হুদা  তত্ত্বাবধায়ক সরকারও একটা সরকার। তাদের দলীয় পক্ষপাতিত্ব ছিল না বলে নির্বাচন সুষ্ঠুভাবে করা যায়। কিন্তু স্থানীয় প্রভাব তো থেকেই যায়। প্রথম আলো  আপনার সবচেয়ে আনন্দের মুহূর্ত?এ টি এম শামসুল হুদা  সবচেয়ে মধুর দিনটি ছিল ২০০৮ সালের ২৯ ডিসেম্বর। শান্তিপূর্ণ, সুন্দর নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।প্রথম আলো  আর বেদনার?এ টি এম শামসুল হুদা  কষ্ট পেয়েছি যখন এত কিছুর পরও চারদলীয় জোট সংলাপে এল না। আমাদের চেষ্টা অব্যাহত রেখেছিলাম। এই সেদিন পর্যন্ত তাদের রাজি করাতে পারলাম না। তাদের অভিযোগ সত্য নয়। প্রথম আলো: ওই যে নির্বাচন কমিশন প্রশ্ন তুলেছিল কোন বিএনপি বৈধ, সে জন্য ওরা মনঃক্ষুণ্ন হয়েছে।এ টি এম শামসুল হুদা  দেখুন, আমরা তো রাজনীতিবিদ নই। আমরা দেখলাম দুটি পক্ষ নিজেদের বৈধ বলে দাবি করছে। আমরা কী করব? যাক, এখন তো আর সেই সমস্যা নেই। যারা সেদিন ভিন্ন বিএনপি গঠন করেছিল তারা তো আর নেই। বিএনপিই তাদের নিজের মধ্যে নিয়ে গেছে। সংস্কারপন্থী বলে যারা দাবি করেছিল, তাদের প্রায় সবাই এখন বিএনপিতেই স্থান পেয়েছে। সবাই একসঙ্গেই কাজ করছে। তাহলে আর প্রশ্ন থাকবে কেন?প্রথম আলো  নির্বাচন অনুষ্ঠানে সরকারের সার্বিক সহযোগিতা পাওয়ার কথা। আপনার অভিজ্ঞতা কী বলে? সব সময় তা পেয়েছিলেন?এ টি এম শামসুল হুদা  মোটামুটি বলা যায়, পেয়েছি। আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পেরেছি।প্রথম আলো  নারায়ণগঞ্জে আপনারা সেনা নিয়োগ চেয়ে তো পাননি?এ টি এম শামসুল হুদা  সেখানে ব্যত্যয় ঘটেছে। আসলে সামরিক বাহিনী নিয়োগ চাওয়ার মধ্যেও অসংগতি ছিল। আমরা বারবার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। প্রথমে বলেছি সেনা নিয়োগের প্রয়োজন নেই। পরে আবার চেয়েছি। এ চাওয়ার বিষয়ে আলোচনা করতে পারিনি। সময়ও ছিল কম। ফলে এখানে সমস্যা হয়েছে। প্রথম আলো  আপনাদের কাজে কখনো সরকারের হস্তক্ষেপ ঘটেছে?এ টি এম শামসুল হুদা  সরকারের হস্তক্ষেপ সাধারণত দুভাবে হয়। কেন্দ্রীয় পর্যায় থেকে আর স্থানীয়ভাবে। প্রথমে আসি কেন্দ্রীয় পর্যায় থেকে, কোনো হস্তক্ষেপ ছিল কি না। না, একেবারে না। আজ পর্যন্ত সরকারের উচ্চ পর্যায় থেকে কেউ কখনো কোনো রকম সুপারিশ বা অনুরোধ করেনি। এ রকম একটি ঘটনাও নেই। আমরা এদিক থেকে একেবারে হস্তক্ষেপমুক্তভাবে কাজ করেছি। তবে ইউনিয়ন পরিষদ, পৌর নির্বাচনে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক নেতারা নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। এটা সরকারি ও বিরোধী দল, উভয় পক্ষ থেকেই হয়েছে। স্থানীয় সাংসদেরা প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। এ ধরনের কিছু সমস্যা ছিল।প্রথম আলো  আপনারা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোট গ্রহণ করছেন। এটা কেমন?এ টি এম শামসুল হুদা  ভালো, খুব ভালো। প্রথম আলো  কিন্তু বিএনপি তো মানে না?এ টি এম শামসুল হুদা  ওরা না দেখেই আপত্তি করছে। আসলে এ ব্যবস্থাটি চমৎকার। প্রথম আলো  ভারতের হাইকোর্ট ইলেকট্রনিক মেশিনে ভোট গ্রহণ অনুমোদন করলেও বলেছে, এতে কারচুপির সুযোগ থাকতে পারে। এ টি এম শামসুল হুদা  না, না, কথা সেটা নয়। ওদের রায় তো খুব ভালো। ওদের হাইকোর্ট রায় দিয়ে বলেছেন ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া যাবে। তবে এ মেশিনের নির্ভরযোগ্যতা বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এখানে হাইকোর্টের কোনো বক্তব্য নেই। কেউ এ মেশিনে ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় হাইকোর্ট এ রায় দিয়েছেন। রায়ে বলা হয়েছে, প্রশ্ন থাকলে এর গ্রহণযোগ্যতা প্রমাণের দায়িত্ব নির্বাচন কমিশনের। এতে কারচুপির সুযোগ আছে কি না, তা নির্বাচন কমিশনই প্রমাণ করবে। আমরাও তো তাই বলি। ভোট গ্রহণের ক্ষেত্রে ইভিএম যে নির্ভুল ও নির্ভরযোগ্য, সেটা আমরা রাজনৈতিক দলগুলোসহ সমাজের বিভিন্ন অংশের কাছে ব্যাখ্যা করেছি, প্রশ্ন থাকলে আরও করব।প্রথম আলো  প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত করার বিষয়টি এখন কী অবস্থায় আছে?এ টি এম শামসুল হুদা  ওটা তো হয়ে গেছে। প্রথম আলো  কী রকম? প্রবাসীরা কি বিদেশে থেকেই ভোট দিতে পারবেন?এ টি এম শামসুল হুদা  না, সেটা হবে না। সে রকম ব্যবস্থা হয়তো ভবিষ্যতে হবে। এখন যেটা হচ্ছে, তা হলো প্রবাসীরা দেশে এলে ভোটার হতে পারবেন, আর ভোটের সময় দেশে এসে ভোট দিতে পারবেন। বিদেশে মিশনে ভোট দেওয়ার জন্য অনেক বড় আয়োজন দরকার। কম্পিউটারে ভোটের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করা কঠিন। প্রথম আলো  রাজনীতি কোন দিকে যাচ্ছে? সব দল নির্বাচনে আসবে তো? বিগত জাতীয় নির্বাচনে চারদলীয় জোট প্রথমে আপত্তি করলেও পরে নির্বাচনে এসেছিল, কিন্তু এখন কী অবস্থা?এ টি এম শামসুল হুদা  সরকার পরিবর্তনের একমাত্র পথ হলো নির্বাচন। নির্বাচন হতেই হবে। আর সব দল নির্বাচনে অংশ না নিলে সুষ্ঠু নির্বাচন হয় না।আমি তো দেখছি নির্বাচনের প্রতি মানুষের প্রবল আকর্ষণ। নরসিংদীর নির্বাচনে ৭২ শতাংশ ভোট পড়েছে। কোনো নির্বাচনেই ৭০ শতাংশের নিচে ভোট পড়ে না। এতে বোঝা যায়, মানুষ নির্বাচন চায়। তাহলে বলতে হয়, প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাবে।প্রথম আলো  কিন্তু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা না হলে কি চারদলীয় জোট নির্বাচনে যাবে?এ টি এম শামসুল হুদা  তত্ত্বাবধায়ক সরকার থাকলে নির্বাচন অনুষ্ঠান সহজ হয়, এটা ঠিক। তবে রাজনৈতিক সরকারের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হবে না, এমন কোনো কথা নেই। তবে এর জন্য অনেক সংস্কার দরকার। সরকারকে অনেকগুলো শর্ত পূরণ করতে হবে। রাজনৈতিক সংস্কৃতির আরো উন্নয়ন দরকার। কিছুটা হয়েছে। প্রার্থীদের আচরণবিধি কার্যকর হচ্ছে। ভোটদাতারা ভোটকেন্দ্রে নিশ্চিন্তে যেতে পারছেন। সংস্কৃতি পাল্টাচ্ছে। রাতারাতি হবে না। কিন্তু লক্ষণ আছে। অন্যান্য দেশে তো রাজনৈতিক সরকারের অধীনেই নির্বাচন হচ্ছে। এই ভারতের কথাই ধরুন না। আমাদের পাশের দেশ। ওখানকার পরিস্থিতি-পরিবেশ আমাদের দেশের মতোই, সেখানে তো হচ্ছে।প্রথম আলো  আপনি কিছুদিন আগে বলেছেন, রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন কমিশনের কাজ করার অনেক সমস্যা?এ টি এম শামসুল হুদা  হ্যাঁ, তা তো বটেই। বিশেষভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কঠিন। রাজনৈতিক সরকারের সময় দুষ্কৃতকারীরা সুযোগ নিতে পারে। দলীয় নেতা-কর্মীরা সুযোগ নেন। এসব সমস্যা আছে। কিন্তু এত সব সমস্যা সত্ত্বেও ভারতে শান্তিশৃঙ্খলার মধ্যে ভোট হচ্ছে। রাজনৈতিক সংস্কৃতির উন্নতি না হলে কিছু হবে না।প্রথম আলো  এ পরিবর্তনের জন্য সর্বাগ্রে কী করা দরকার?এ টি এম শামসুল হুদা  প্রার্থী নির্বাচনই আসল ব্যাপার। প্রার্থীর ব্যাপারে সুপারিশ আসবে তৃণমূল পর্যায় থেকে। এ বিষয়টি আলোচনায় এসেছে। পরবর্তী নির্বাচন কমিশন যেন শর্ত দেয়। যেন বলে যে তৃণমূল থেকে প্রার্থী মনোনয়ন বাধ্যতামূলক।দ্বিতীয়ত, নির্বাচনে টাকা ছড়ানো বন্ধ করতে হবে। এটা আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারিনি। নির্বাচনে টাকার ছড়াছড়ির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।প্রথম আলো  পরবর্তী নির্বাচন কমিশনের প্রতি আপনার পরামর্শ কী?এ টি এম শামসুল হুদা  আমি চাই যেসব কাজ আমরা শুরু করেছি, সেগুলো যেন অব্যাহত রাখা হয়। যেমন, ভোটার তালিকা। এর কাজ চলবে। সব সময় নতুন ভোটার অন্তর্ভুক্ত করা ও নবায়নের কাজ চলবে। জাতীয় পরিচয়পত্রে কিছু ভুলভ্রান্তি আছে, সেগুলো সংশোধনের কাজ চালিয়ে যাওয়া। আরেকটি কাজ হবে, আমাদের সূচিত আইনি সংস্কারের উদ্যোগ বাস্তবায়নের কাজ অব্যাহত রাখা। তা ছাড়া কমিশনের কর্মকর্তা-কর্মচারী তথা লোকবল আরও বৃদ্ধি করা। এদিকে নজর দিতে হবে। তৃণমূল থেকে প্রার্থী নির্বাচন-প্রক্রিয়ার কথা তো আগেই বলেছি। এর ওপর গুরুত্ব দিতে হবে।প্রথম আলো  আপনাকে ধন্যবাদ।এ টি এম শামসুল হুদা  প্রথম আলো ও তার অগণিত পাঠককে জানাই আমার ধন্যবাদ।