গতকাল বুধবার প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি পর্ব শেষ হলো। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের পরই সারা দেশে পুরোদমে প্রার্থীদের প্রচারকাজ শুরু হবে। উদ্বেগের বিষয় হলো, নির্বাচনী আইনে গাড়িবহর নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকলেও অনেক প্রার্থী তা মানেননি। তাঁরা বিরাট লটবহর নিয়ে রিটার্নিং কর্মকর্তার অফিসে গেছেন। অনেকে ফিরে আসার পথেও মিছিল করেছেন। আশার কথা, মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে কোথাও কোনো সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেনি। এতে সংশ্লিষ্টরা স্বস্তি পেতে পারেন।
কিন্তু সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির আসল পরীক্ষা হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরুর পর। নির্বাচনের তিনটি পর্ব থাকে—প্রাক্-ভোট, ভোটপর্ব ও ভোটের পর। নির্বাচন কমিশন (ইসি) এ জন্য কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে বলে জানা নেই। শুরু থেকেই নির্বাচনী আইন ও আচরণবিধি প্রতিপালনের বিষয়ে একধরনের নির্লিপ্ততা দেখিয়ে আসছে ইসি। তফসিল ঘোষণার আগে মনোনয়নপ্রত্যাশীরা সড়কের দুই পাশে ও আইল্যান্ডের ওপর বড় বড় পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড টাঙিয়ে রাখলেও ইসি নির্ধারিত সময়ে সেগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা করতে পারেনি। এসব পোস্টার–ফেস্টুনের ৯৫ শতাংশই ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের। আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি তাতে প্রতিটি পর্যায়েই ইসিকে কঠোরভাবে নির্বাচনী আইন ও আচরণবিধি মানতে বাধ্য করতে হবে, যাতে সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি হয়।
নব্বইয়ের পর দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচনের অভিজ্ঞতা এটাই প্রথম। তদুপরি দশম সংসদও বহাল আছে। নির্বাচনী আইনে সব প্রার্থীকেই সমান সুযোগ দিতে হবে। কিন্তু মন্ত্রী ও সাংসদেরা কিছু রাষ্ট্রীয় সুবিধা পেয়ে থাকেন; প্রার্থী হওয়ার পরও তাঁরা সেটি ভোগ করলে অন্য প্রার্থীদের প্রতি বৈষম্য করা হবে। ইসি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কঠোরভাবে আইন ও আচরণবিধি পালনের বিষয়ে কঠোর হতে হবে, যাতে সত্যিকারভাবেই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়। জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সব রাগ-অনুরাগ বা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। এর ব্যত্যয় হলে নির্বাচনটি অংশগ্রহণমূলক হলে সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সে কথা বলা যাবে না। তবে এ ক্ষেত্রে শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নন, প্রার্থী ও দলগুলোকেও দায়িত্বশীল আচরণ করতে হবে।
জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়েও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা প্রতিটি দলকে পরস্পরের প্রতি সহনশীল, সম্মানজনক ও রাজনীতিসুলভ আচরণ করার অনুরোধ জানিয়েছিলেন। নির্বাচনী কাজে নিয়োজিত প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ইসি বৈঠকও করে তাঁদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছে। নির্বাচনের কোনো পর্যায়ে যাতে কোনো রকম সহিংসতা সৃষ্টি না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সজাগ থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক শক্তি হিসেবে ১৫ ডিসেম্বর থেকে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরিতে তাদের ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়।
প্রত্যাশা থাকবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিষ্টের পালন ও দুষ্টের দমন নীতির প্রশ্নে অনড় থাকবে। দলমত-নির্বিশেষে যে ব্যক্তিই আচরণবিধি লঙ্ঘন করুক না কেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কোনোভাবে অনিয়মকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা মনে করি, নির্বাচন কমিশনের পদাধিকারীরা যেই সবক নির্বাচন কর্মকর্তাদের দিয়েছেন, নিজেদের আচরণে সেটি অক্ষরে অক্ষরে পালন করলে একটি সুষ্ঠু, অবাধ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা কঠিন হলেও অসম্ভব হবে না।