স্থায়ী বাসিন্দাদের নিয়ে আলাদা ভোটার তালিকা তৈরি না হওয়ার অজুহাতে দীর্ঘ সময় তিন পার্বত্য জেলা পরিষদ চলছে অনির্বাচিত প্রতিনিধিদের দিয়ে। এটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধানে বলা হয়েছে বাংলাদেশ একটি প্রজাতন্ত্র এবং এর মালিক জনগণ। সে ক্ষেত্রে স্থানীয় কিংবা জাতীয় সব জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানই পরিচালিত হওয়ার কথা নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে। তিন পার্বত্য জেলার বাইরের জেলা পরিষদের প্রশাসক নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠায় সরকার বিলম্বে হলেও নির্বাচনের উদ্যোগ নিয়েছে। কিন্তু একই সময়ে তিন পার্বত্য পরিষদে নির্বাচন হবে কি না, সেটি পরিষ্কার নয়।
প্রথম আলোর খবর থেকে জানা যায়, তিন পার্বত্য জেলা পরিষদের প্রথম ও একমাত্র নির্বাচন হয় ১৯৮৯ সালে (তৎকালীন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান স্থানীয় সরকার পরিষদ)। পরিষদের মেয়াদ ছিল তিন বছর। ১৯৯৮ সালে মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করা হলেও অদ্যাবধি নির্বাচন হয়নি। তিন পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম দেশের অন্য ৬১টি জেলার জেলা পরিষদের তুলনায় অনেক বেশি। পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর হচ্ছে আঞ্চলিক পরিষদ। তাদের কাজ মূলত সমন্বয়মূলক; মাঠপর্যায়ে কাজ করে জেলা পরিষদ। অনির্বাচিত ও দলীয় মনোনীত ব্যক্তিদের নিয়ে পরিষদ পরিচালিত হওয়ায় সেখানে জনগণের ইচ্ছের প্রতিফলন না হয়ে তা অনেকটা স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য সাধনের হাতিয়ারে পরিণত হয়েছে, যা কোনোভাবে কাম্য নয়।
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলোর দাবি, স্থানীয় সরকারের প্রতিষ্ঠান হিসেবে জেলা পরিষদের নির্বাচনে ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছাড়া কেউ ভোটার হতে পারবেন না; যে শর্ত পার্বত্য চুক্তিতেও সন্নিবেশিত হয়েছে। এখন নির্বাচন না করলে চুক্তি ও পরিষদ দুটোই অকার্যকর হয়ে পড়ে।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির লক্ষ্য ছিল সেখানকার মানুষের ভাগ্যোন্নয়ন এবং স্থানীয় শাসনে পাহাড়ি জনগোষ্ঠীর অংশীদারত্ব নিশ্চিত করা। কিন্তু ১৯ বছর পরও চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া দুর্ভাগ্যজনক। বিএনপিসহ যেসব দল এই চুক্তির বিরোধিতা করেছিল, তারা চুক্তি বাস্তবায়নে গড়িমসি করতে পারে; কিন্তু চুক্তি সইকারী আওয়ামী লীগ সরকার চুক্তি বাস্তবায়ন করবে না কেন? তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচনের জন্য আর কতকাল অপেক্ষা করতে হবে? a