নির্বাচনের তৃতীয় বার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৫ জানুয়ারি। ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বার্ষিকী, যে নির্বাচনে সব দলের অংশগ্রহণ ছিল না। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে একধরনের উত্তেজনা লক্ষ করা যাচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ এটিকে ‘গণতন্ত্র রক্ষা দিবস’ ও বিরোধী দল বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে।
গণতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার সবার আছে। কে কীভাবে দিবসটি পালন করল তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতৃত্ব কতটা সদিচ্ছার পরিচয় দিতে পেরেছে। ক্ষমতাসীনদের মনে রাখতে হবে যে বিরোধী দল বা মত গণতন্ত্রের অপরিহার্য উপাদান। কিন্তু ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সংসদে কার্যত বিরোধী দলের উপস্থিতি নেই। সংসদের বাইরে থাকা প্রধান বিরোধী দলটিকেও যদি সভা-সমাবেশ করার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে আওয়ামী লীগ যে ‘গণতন্ত্র রক্ষা দিবস’ পালন করছে, সেই ‘গণতন্ত্র’ সম্পর্কে প্রশ্ন থেকেই যাবে।
৫ জানুয়ারি ঢাকায় সরকারি দলের কর্মসূচি রয়েছে এবং বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছে ৭ জানুয়ারি। ফলে মুখোমুখি অবস্থান ও উত্তেজনা সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই। সরকারের উচিত হবে না বিরোধী দলের কর্মসূচি পালনে বাধা দেওয়া, যা আপাতত সুস্থির রাজনৈতিক অঙ্গনকে অস্থির করে তুলতে পারে।
মহামান্য রাষ্ট্রপতি যখন পরবর্তী নির্বাচন কমিশন গঠনের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন, তখন সব পক্ষের কাছেই সংযত ও সহিষ্ণু আচরণ প্রত্যাশিত। এই মুহূর্তে আলোচনার মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য ও শক্তিশালী একটি নির্বাচন কমিশন গঠন করার জন্য যে সুস্থ ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা প্রয়োজন, সে কথা নিশ্চয়ই ক্ষমতাসীনেরা অস্বীকার করতে পারবেন না।
সরকার না বিরোধী দল—কার কারণে বিগত নির্বাচন একতরফা হয়েছে, সেই বিতর্ক এখন অর্থহীন, গণতন্ত্রের স্বার্থে আগামী নির্বাচনটি অবশ্যই অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু হতে হবে। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে কোনো উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর উপায় হলো বিএনপিকেও তাদের ঘোষিত কর্মসূচি পালন করতে দেওয়া। সব দলকেই সংযত ও দায়িত্বশীল আচরণ করতে হবে।