নির্বাচনোত্তর সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারণা করা গিয়েছিল যে ‘ভোটযুদ্ধ’ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পৌরসভা নির্বাচনকেন্দ্রিক সহিংসতার অবসান ঘটবে। কিন্তু তা না হওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হওয়া স্বাভাবিক। নির্বাচনের পরদিন কিশোরগঞ্জে একজন এবং বরগুনায় একজন নিহত হয়েছে। এ ছাড়া নেত্রকোনা, চৌমুহনী, নড়াইল, মানিকগঞ্জসহ বহু স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
নির্বাচনের পর বিজয়ী ও পরাজিত পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়া অস্বাভাবিক নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসন বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এসব সহিংসতা হয়তো এড়ানো যেত।
ইলেকশন ওয়ার্কিং গ্রুপ বলেছে, তারা ভোটকেন্দ্রের ভেতরে ৬৩টি ও বাইরে ১০৩টি সহিংসতার ঘটনা পর্যবেক্ষণ করেছে। তাদের পর্যবেক্ষণের বাইরেও যে অনেক অঘটন ঘটেছে, সে বিষয়ে সন্দেহ নেই। বিরোধী দলের অভিযোগ, সরকারি দলের হাতে তাদের বহু কর্মী আক্রান্ত এবং বাড়িঘরে হামলা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পরিবেশ দৃশ্যত শান্তিপূর্ণ থাকলেও বহু স্থানে ভয়ভীতি দেখানো হয়েছে। বেশির ভাগ ভোটকেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের অনুপস্থিিতও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের পৌর নির্বাচন অনেকটা সহিংসতামুক্ত ছিল। এবারের পৌর নির্বাচনে সেই পরিবেশ কেন রক্ষা করা গেল না, সে প্রশ্ন ওঠা স্বাভাবিক। দলীয় প্রতীকে নির্বাচন যদি সহিংসতা বাড়ায়, তাহলে মানুষ কীভাবে রাজনৈতিক দল ও ব্যবস্থার প্রতি ভরসা রাখবে?
আরও উদ্বেগের বিষয় হলো, সেসব জায়গায়ই বেশি সংঘাত–সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেসব জায়গায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা ছিলেন। পরাজিত পক্ষ রায় মানতে না পারায় প্রতিপক্ষের ওপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ আছে।
আমরা মনে করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনোত্তর সহিংসতা রোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের দায়িত্ব আছে। তারা চাইলে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের নির্বাচনোত্তর আচরণবিধি তৈরি এবং সে অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে পারে।