বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক আদৌ নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন কি না, সেটা ভিন্ন বিষয়। যদিও বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন তাঁর দলের সম্মতি দিয়েছেন। এত দিন আমরা বলে আসছি, নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে সমঝোতার মাধ্যমে কাউকে উপনির্বাচনে জিতিয়ে আনলেই হলো। সে সুযোগ তো থাকছেই। ১৯৯৫ সালে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমঝোতা হওয়া অনির্বাচিত ব্যক্তিদের এভাবে উপনির্বাচনে জিতিয়ে আনতে সৈয়দ ইশতিয়াক আহমেদ ফর্মুলা দিয়েছিলেন। সেটা তখন ইশতিয়াক ফর্মুলা হিসেবে মিডিয়ায় বেশ পরিচিতিও লাভ করেছিল। ইশতিয়াকপুত্র বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সংকলিত ইশতিয়াক পেপার্সে (ইউপিএল প্রকাশনা) তা নতুন করে দেখলাম। ওই ফর্মুলা এখন আবার প্রাণ পেতে পারে।তবে আজকের লেখার উদ্দেশ্য এটা দেখানো যে, সংসদীয় গণতন্ত্রের দোহাই দিয়ে বাহাত্তরে সব পরিস্থিতিতে নির্বাচিত ব্যক্তিকেই প্রধানমন্ত্রী করার যে বিধান সেটা, ওয়েস্টমিনস্টার মন্ত্র নয়। ত্রয়োদশ সংশোধনীর মামলায় বিচারপতি এ বি এম খায়রুল হকের রায়ে যেকোনো পরিস্থিতিতে নির্বাচিত ব্যক্তির বিধানকে সর্বশক্তি দিয়ে আগলানোর যে প্রচেষ্টা, তা বিনা তর্কে মেনে নেওয়ার মতো বিষয় নয়। কারণ, ভারতের সুপ্রিম কোর্ট উদ্ভাবিত ও অনুসৃত মৌলিক কাঠামোর ওপর দাঁড়িয়ে ত্রয়োদশ সংশোধনীর মূল রায় এসেছে। অথচ সে দেশটিতে টানা ছয় মাস পর্যন্ত অনির্বাচিত ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারেন। লোকসভা ও রাজ্যসভার বাইরের কেউ প্রধানমন্ত্রী হলে যদি ভারতীয় সংসদীয় গণতন্ত্র মুখ থুবড়ে না পড়ে, তা হলে আমাদেরটা পড়বে কেন? তাই আমরা ভারতের মতো অনির্বাচিত ব্যক্তিকে অনধিক ছয় মাসের জন্য প্রধানমন্ত্রী করার মতো বিধান ক্ষতিকর মনে করি না। বিচারপতি খায়রুল হক অনির্বাচিত ব্যক্তিদের শুধু ছয় মাসের জন্য মন্ত্রী করার পুরোনো বিধান আনার পরামর্শ দিয়েছেন। তাঁর এই পরামর্শ অসম্পূর্ণ।আমরা নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে সংসদের বাইরের কাউকে খুঁজি। কিন্তু গণতন্ত্র মানলে বলতে হবে, নির্বাচনের পরও প্রধানমন্ত্রী করতে সংসদের বাইরের কাউকে খুঁজে বের করা দরকার হতে পারে। ১৯৯৬ সালে দেব গৌড়াকে সংসদের বাইরে থেকে ধরে আনা হয়েছিল। সেই অবস্থার পুনরাবৃত্তি বাংলাদেশে হয়তো ঘটবে না। কিন্তু সেটা ধরে নিয়ে কোনো জাতির সংবিধান লেখা হতে পারে না। ভারতের সংবিধানে তেমন সুযোগ ছিল বলেই দেব গৌড়া অনির্বাচিত ব্যক্তি হয়েও প্রধানমন্ত্রীর শপথ নিতে পেরেছিলেন। নির্বাচন অনুষ্ঠান নিয়ে আমরা যে সংকটে পড়েছি, তা থেকে উত্তরণ চাইলে রাজনীতিকদেরই আন্তরিক হতে হবে। ত্রয়োদশ সংশোধনী বাতিল কিংবা সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠের বিতর্কিত রায়ই পরিস্থিতির যথেষ্ট অবনতি ঘটায়নি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল থাকতেই ওয়ান-ইলেভেনের সৃষ্টি হয়েছিল। এটা বহাল থাকলেও আমাদের মনে হয় না যে, কে প্রধান উপদেষ্টা হবেন, সেই প্রশ্নে দুই দল অনায়াসে মতৈক্যে পৌঁছাত। রফিক-উল হক প্রধান উপদেষ্টা হোন বা না হোন, নির্দলীয় কোনো ব্যক্তিকে নির্বাচনকালীন সরকারের নির্বাচিত প্রধান করতে বিদ্যমান সংবিধান কোনো বাধার সৃষ্টি করে না। উভয় দলের আপসকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই। তবে এই সংসদ এত বড় গরিষ্ঠতা পেয়েছে বলে আগামী সংসদও পাবে, তা ধরে নেওয়া যাবে না। নির্বাচনকালীন সরকার প্রশ্নে একটা নতুন কৌশল ঠিক করতে হবে। বিচারপতি এ বি এম খায়রুল হক এবং বিচারপতি এস কে সিনহা বিশ্বের বহু জ্ঞানভান্ডার থেকে রসদ সংগ্রহ করে আমাদের আশ্বস্ত করতে চেয়েছেন যে, নির্বাচিত ব্যক্তি ছাড়া কোনো মনোনীত ব্যক্তি রাষ্ট্রক্ষমতায় বসতে পারবে না। সেটা এক মিনিটের জন্যও নয়। এটাকে তাঁরা সংবিধানের মৌলিক কাঠামোবিধ্বংসী হিসেবে বর্ণনা করেছেন। বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ দফায় বলা হয়েছে, ‘যে সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রাষ্ট্রপতি তাহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন।’ ১৯৭২ সালেই এই বিধানটি সংবিধানপ্রণেতারা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন এবং এই কাজটি করতে গিয়ে তাঁরা ভারতীয় সংবিধানের ৭৫ অনুচ্ছেদ এবং ১৯৫৬ সালের পাকিস্তানের সংবিধানের ৩৭ অনুচ্ছেদের ওপর নির্ভর করেন। ওই দুটি দেশের সংবিধান অনুসরণে সতর্ক বিচ্যুতি ঘটে। এর ফলে ‘সকল পরিস্থিতিতে একজন সংসদ সদস্যকেই প্রধানমন্ত্রী এবং তেমন একজন নির্বাচিত ব্যক্তিকেই তাঁর উত্তরসূরি নির্বাচিত হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে বহাল রাখার’ বিধান সৃষ্টি হয়েছে। অথচ এমন বিধানের সঙ্গে ভারত কিংবা পাকিস্তানের তখনকার সংবিধানের কোনো মিল ছিল না। এখনো নেই। যেকোনো পরিস্থিতিতে শুধু সংসদ সদস্যকেই প্রধানমন্ত্রীর পিঁড়িতে বসাতে হবে, ঐতিহাসিক তথ্য ও সংসদীয় ঐতিহ্য নির্দেশ করছে যে, এটা একটা গোঁয়ার্তুমি ছাড়া আর কিছুই নয়। ভারতীয় সংবিধানের ৭৫ অনুচ্ছেদের ৫ দফা বলেছে, ‘একজন মন্ত্রী একাদিক্রমে ছয় মাসের বেশি যদি লোকসভা বা রাজ্যসভা (রাজ্যের ক্ষেত্রে বিধানসভা) সদস্য না থাকেন, তা হলে তাঁর মন্ত্রিত্ব চলে যাবে।’ আমাদের ত্রয়োদশ সংশোধনীর সংখ্যাগরিষ্ঠের প্রায় ৫০০ পৃষ্ঠার রায়ের অধিকাংশ জায়গা খরচ হয়েছে এটা বোঝাতে যে, অনির্বাচিতরা মন্ত্রিসভায় ঢুকলে রাষ্ট্রের জনপ্রতিনিধিত্বের চরিত্র বিঘ্নিত হয়। আশা করেছিলাম, নির্বাচিত-অনির্বাচিতের দ্বন্দ্ব যখন দেশ পরিচালনার জন্য এতটাই মারাত্মক, তখন ভারতীয় সুপ্রিম কোর্টের নির্বাচিত-অনির্বাচিতের রায়গুলো আমাদের সংখ্যাগরিষ্ঠ বিচারকদের রায়ের খোরাকে পরিণত হবে। এসব প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ রায়গুলো তত্ত্বাবধায়ক সরকার পক্ষের অ্যামিকাস কিউরিরা আমাদের আদালতের দৃষ্টি আকর্ষণ করেননি। অবশ্য তাঁরা দৃষ্টি আকর্ষণ না করলেও এমন বহু বিষয় রয়েছে, সংখ্যাগরিষ্ঠ বিচারকেরা যা নিজেরাই তাঁদের যুক্তি শাণিত করতে কঠিন পরিশ্রম করে বের করেছেন। তাঁরা যদি অনির্বাচিতদের পক্ষে ভারতীয় সুপ্রিম কোর্টের দেওয়া রায়গুলোর আলোকে একটা ব্যাখ্যা দিতেন, তা হলে আমরা বড়ই উপকৃত হতাম। পাঠক, এর একটা সংক্ষিপ্তসার আপনাদের সামনে হাজির করছি।ত্রিভুবন নারায়ণ সিং রফিক-উল হকের মতো অনির্বাচিত ছিলেন। ১৯৭০ সালের ১৮ অক্টোবর তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পান। অনির্বাচিতের ধুয়া তুলে তাঁর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টের লক্ষৌ বেঞ্চে রিট করা হয়। হাইকোর্ট তা নাকচ করে দিলে সুপ্রিম কোর্টে আসে। ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এম সিক্রি রায় দেন যে, অনির্বাচিত ব্যক্তিকে মুখ্যমন্ত্রী নিয়োগ ভারতের সংবিধানসম্মত। এটা ওয়েস্টমিনস্টার টাইপের সঙ্গে খাপ খায়।১৯৯৬ সালে দেব গৌড়া ভারতের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে যেদিন শপথ নেন, সেদিন তিনি লোকসভা কিংবা রাজ্যসভা—কোনোটিরই সদস্য ছিলেন না। এ নিয়ে অনেকগুলো রিট হলো। মাদ্রাজ ও কলকাতার হাইকোর্ট যথারীতি ১৯৭১ সালের ওই সিদ্ধান্তের বরাত দিয়ে বৈধতা চ্যালেঞ্জকারী রিট খারিজ করে দেন। তদুপরি প্রধানমন্ত্রীর বৈধতার প্রশ্ন বলে কথা। বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ায়। তখন প্রধান বিচারপতি ছিলেন আহমদি। অনির্বাচিত ব্যক্তি বা ব্যক্তিদের অনধিক ছয় মাস সময়ের জন্য প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার যেকোনো পদে নিয়োগের বিধান সংসদীয় গণতন্ত্রের ধারণার বাইরের কিছু নয়। এই সরল কথাটা শাসক দল ও তার মিত্রদের মাথায় যেন ঢোকে। বিরোধী দলকেও এটা মস্তিষ্কে নিতে হবে, সেটা শুধু আগামী নির্বাচনে দাঁও মারার তালে নয়। বাংলাদেশের বাহাত্তরের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৪ দফাতেও শুধু প্রধানমন্ত্রীর পদটি ব্যতীত অন্যান্য পদে যাতে অনির্বাচিতরা অনধিক ছয় মাস পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন, সে ব্যবস্থা রাখা হয়েছিল। পরিহাস লক্ষ করুন। বিচারপতি খায়রুল হক ‘গণতন্ত্রের’ স্বার্থে বাহাত্তরের সংবিধানের ৫৬(৪) পুনরুজ্জীবিত করতে সুপারিশ রেখেছেন। শাসক দলের এটা একদম পছন্দ নয়। কারণ, একে জাগিয়ে তোলা হলে শফিক আহমেদকে ছয় মাসের মধ্যে নির্বাচিতের তকমা জোটাতে হবে। তবে বলুন তো, বিরোধী দল এ বিষয়ে নীরব কেন? তারা কেন খোঁচা দিয়ে বলে না যে, ৪২ দিন আগে সংসদ ভাঙার মন্ত্র যাঁরা শোনেন, তাঁরা এই মন্ত্র নেন না কেন, তাঁরা কি বধির? ওই প্রশ্নের উত্তর হলো, এই বিরোধী দল গোলমালে তখতে তাউসে বসতে চায়। বাদবাকি আর কোনো কিছু নিয়ে তো প্রতিপক্ষের সঙ্গে কোনো গোলমাল নেই! ১৯৫৬ সালের পাকিস্তানের সংবিধানের ৩৭ অনুচ্ছেদ দেখে তো রীতিমতো ভ্যাবাচেকা খেয়ে গেলাম। এখানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের একটি অপূর্ব সুযোগ সৃষ্টি করা হয়েছিল। এটা কী ভেবে তাঁরা করেছিলেন, তা জানি না। পূর্ব পাকিস্তানের রাজনীতিকদের এই বিষয়ে কী বক্তব্য ছিল, তা জানতে হবে। তবে ছাপ্পান্নর সংবিধানের ৩৭ অনুচ্ছেদের ৩ দফা হলো, আমাদের আজকের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ দফা। যেখানে লেখা, ‘একজন সংসদ সদস্যকেই প্রধানমন্ত্রী হতে হবে।’ আর অবিভক্ত পাকিস্তানের ওই আদি সংবিধানের ৩৯ অনুচ্ছেদের ১ দফাই হলো, আমাদের আজকের সংবিধানের ৫৫ অনুচ্ছেদের ২ দফা। যেখানে অন্যায্যভাবে লেখা, শুধুমাত্র ‘প্রধানমন্ত্রী কর্তৃক প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে।’পাকিস্তানের সংবিধান থেকে ছোঁ মেরে নেওয়া ওই তিন ও দুই দফা সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্যগত রীতিনীতির পরিপন্থী। আর অপ্রিয় সত্য, ১৯৭২ সালেই আমরা এ ক্ষেত্রে পাকিস্তানকে কপি করেছিলাম। আর ভারতীয় গণতান্ত্রিক সংবিধানের ধ্যান-ধারণাকে বর্জন করেছিলাম। তবে ১৯৫৬ সালের ৩৭ অনুচ্ছেদের ৯ অনুচ্ছেদে সংসদ ভেঙে যাওয়ার পরে এবং একটি নতুন নির্বাচন অনুষ্ঠান সম্পন্নের মধ্যবর্তী সময় যেকোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী করার নির্দিষ্ট বিধান ছিল। সরকারকাঠামোতে এই অনির্বাচিতদের অন্তর্ভুক্তি অবশ্যই ওয়েস্টমিনস্টার টাইপ গণতন্ত্র উৎসাহিত করেনি। আবার বাড়াবাড়ি রকমের কঠোরতাও সৃষ্টি করেনি। ভারতীয় প্রধান বিচারপতি সিক্রি ১৯৭১ সালেই স্পষ্ট করেছেন, অনির্বাচিত ব্যক্তিদের প্রধানমন্ত্রী করার সুযোগ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার রীতিনীতির সঙ্গে সংগতিপূর্ণ। প্রথিতযশা ব্রিটিশ সংবিধান বিশেষজ্ঞ স্যার আইভর জেনিংস তাঁর কেবিনেট গভর্নমেন্ট (তৃতীয় সংস্করণ, পৃষ্ঠা-৬০) বইয়ে লিখেছেন, ‘এটা সুমীমাংসিত রেওয়াজ যে, মন্ত্রীরা হাউস অব কমন্সের সদস্য কিংবা পিয়ার হবেন। তবে কালেভদ্রে এর ব্যতিক্রম রয়েছে। মি. গ্লাডস্টোন মন্ত্রিত্বে থেকেও নয় মাস সংসদের বাইরে ছিলেন। দপ্তরবিহীন মন্ত্রী জেনারেল স্মাটস ১৯১৮ সালে ওয়ার কেবিনেটের সদস্য ছিলেন। একইভাবে রামসে ম্যাগডোনাল্ড ও ম্যালকম ম্যাকডোনাল্ডও সংসদ সদস্য না থেকেও মন্ত্রিসভায় ছিলেন।’ জেনিংস অবশ্য স্মরণ করিয়ে দিয়েছেন যে, এ ধরনের নিয়োগকে হাউস অব কমন্স সুনজরে দেখেনি।১৯৯৬ সালের ১১ জুন গৌড়ার মামলার রায়ে ভারতীয় গণপরিষদের সভাপতি ড. আম্বেদকারের দেওয়া ভাষণ স্মরণ করিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি আহমদি। ভারতের গণপরিষদে ৭৫ অনুচ্ছেদে একটা সংশোধনী এসেছিল। আমাদের সংবিধানের ৫৬(৩)-এর আদলে বলা হয়েছিল, প্রধানমন্ত্রীকে নিয়োগকালে সংসদ সদস্য হতেই হবে। এটা নাকচ হয়ে যায়। ড. আম্বেদকার যুক্তি দিয়েছিলেন, ‘একজন মনোনীত মন্ত্রী কোনোভাবেই যৌথ দায়বদ্ধতার নীতি লঙ্ঘন করেন না। এমনকি সংসদীয় গণতন্ত্রের ভিত্তি যেসব মৌল নীতির ওপর প্রতিষ্ঠিত, তা কোনোভাবেই অনির্বাচিত ব্যক্তির মন্ত্রিসভায় আসন গ্রহণের ফলে নষ্ট হয় না।’রফিক-উল হককে দিয়ে হয়তো সংকট মিটবে বা মিটবে না। বিএনপি যাকে ‘হ্যাঁ’ বলেছে, তা-ই আওয়ামী লীগকে ‘না’ বলতে হবে। কিন্তু উক্ত আলোচনার ভিত্তিতে আমরা নির্বাচনকালীন সরকার গঠন প্রশ্নে নির্বাচিত-অনির্বাচিতের কূটতর্ক পরিহারের আবেদন জানাই। ১৯৫৬ সালের পাকিস্তানি বিধানাবলি পরিহার করে সংখ্যাগরিষ্ঠের রায় এবং ভারতীয় সংবিধানের আলোকে শুধু মন্ত্রী নয়, অনির্বাচিত ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সুযোগ সৃষ্টি করতে আহ্বান জানাই। মিজানুর রহমান খান: সাংবাদিক।mৎ[email protected]