বাংলাদেশ নির্বাচন কমিশনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর অর্থ এই নয় যে প্রতিষ্ঠানটি অস্তিত্বহীন হয়ে পড়েছে। বরং ঠাটেবাটে–জনবলে আমাদের নির্বাচন কমিশনই উপমহাদেশের বৃহত্তম কমিশন। বাংলাদেশের নির্বাচন কমিশনের এই আকার নিয়ে কোনো সমস্যা নেই, প্রশ্নও নেই। আমাদের প্রশ্নটি হচ্ছে এর কার্যক্রম, ভূমিকা ও সক্ষমতা নিয়ে। এবং কী ধরনের নির্বাচন তারা উপহার দিতে পারছে।
বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান নানা কাজ করলেও নির্বাচন কমিশনই হলো একমাত্র প্রতিষ্ঠান, যার কাজ নির্বাচন অনুষ্ঠানের মধ্যেই সীমিত। প্রতিষ্ঠানটিকে সংবিধান অপরিমেয় ক্ষমতাও দিয়েছে। নির্বাচনসংক্রান্ত কাজে তারা রাষ্ট্রের যেকোনো সংস্থা বা বাহিনীকে নিজের নিয়ন্ত্রণে নিতে পারবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা বাহিনী তাদের নির্দেশনা মানতে বাধ্য। কিন্তু কাজির গরু কিতাবে আছে, গোয়ালে নেই—এর মতো নির্বাচন কমিশন কাউকে হুকুম দিতে পেরেছে, এ রকম নজির খুবই কম। বরং তারাই অদৃশ্য কোনো হুকুমে চলেছে।
আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি যে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি ভঙ্গ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাগ্যুদ্ধ থেকে শুরু করে কর্মী-সমর্থকদের মধ্যে সংঘাত–সংঘর্ষের এন্তার ঘটনা ঘটলেও কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বোধ করেনি। এমনকি নির্বাচন সামনে রেখে যখন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা একে অপরের বিরুদ্ধে বহিরাগত ‘গুন্ডা’ ও ‘সশস্ত্র ক্যাডার’ আমদানির গুরুতর অভিযোগ এনেছেন, তখনো তারা নির্বিকার। ঢাকার ডিএমপি কমিশনার বলেছেন, পুলিশের হাতে খবর আছে ঢাকার বাইরে থেকে সশস্ত্র ক্যাডার নিয়ে আসা হচ্ছে এবং তাদের পাকড়াও করতে শহরের বস্তি, মেস প্রভৃতি এলাকায় অভিযান চালাবেন। যৌক্তিক কারণ ছাড়া ঢাকায় অবস্থানকারী বাইরের লোকজনকে গ্রেপ্তার করার কথাও বলেছেন এই পুলিশ কর্মকর্তা।
স্বভাবতই প্রশ্ন ওঠে, ডিএমপি কমিশনার তথ্যটি নির্বাচন কমিশনকে জানিয়েছেন কি না। আর জানিয়ে থাকলে কমিশন কী ভূমিকা নিয়েছে। নির্বাচনসংক্রান্ত কোনো বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে না। অভিযান চলবে কি চলবে না, সেই সিদ্ধান্তও নেবে কমিশন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে নির্বাচন কমিশন পুলিশ বা অন্য কাউকে হুকুম দিতে বা তা কার্যকর করাতে না পেরে নিজেরাই বরং অন্যের হুকুম তামিল করে চলেছে। আগের নির্বাচনগুলোতে তারা এ ধরনের নজির স্থাপন করেছেন।
অতীতে বিভিন্ন নির্বাচনের সময়ে এ ধরনের অভিযানের নামে কী হয়েছে তা দেশবাসীর জানা। এ ধরনের অভিযানে নাগরিকেরা নিশ্চিতভাবেই ভোগান্তি ও হয়রানির শিকার হবেন। পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঢাকার বাইরে থেকে আসা একজন নাগরিক কী করে প্রমাণ করবেন যে তিনি ‘যৌক্তিক কারণে’ ঢাকা এসেছেন। এই অভিযান বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে একতরফাভাবে ব্যবহার হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। আটক–বাণিজ্যের ঘটনা ঘটাও খুবই স্বাভাবিক।
ভোটের আগে এ ধরনের অভিযানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন না উঠে পারে না। সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো শান্তিপূর্ণ ও নিরুদ্বিগ্ন পরিবেশ নিশ্চিত করা। এ ধরনের অভিযান সেই পরিবেশ শুধু ব্যাহতই করবে না, ভোটারদের মধ্যে আতঙ্কও সৃষ্টি করতে পারে। নির্বাচন কমিশন কিংবা তার কাঁধে বন্দুক রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ রকম কোনো অভিযান চালালে তা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলতে পারে।