জামিলুর রেজা চৌধুরীর জন্ম সিলেটে। ১৯৬৫ সালে তিনি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বর্তমানে বুয়েট) থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে সম্মানসহ বিএসসি পাস করে সেখানেই শিক্ষক হিসেবে নিয়োগ পান। বুয়েটের পুরকৌশল বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। বাংলাদেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চলসমূহের মানচিত্র তৈরি ও ভূমিকম্প-প্রতিরোধী ইমারত নির্মাণের নীতিমালার রূপরেখা প্রণয়নের জন্য ১৯৯৩ সালে গঠিত স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন। তিনি ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বর্তমানে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সাক্ষাৎকার নিয়েছেন এ কে এম জাকারিয়া প্রথম আলো সাভারের ধসে পড়া রানা প্লাজায় উদ্ধারকাজ শেষ হয়েছে। কেমন হলো এই উদ্ধার অভিযান?জামিলুর রেজা চৌধুরী সামগ্রিকভাবে এই উদ্ধার অভিযান অনেকাংশেই সফল হয়েছে বলে আমি মনে করি। দুর্ঘটনার সময় সেখানে সাড়ে তিন হাজারের বেশি লোক অবস্থান করছিল বলে জানা যায়। এর মধ্যে প্রায় আড়াই হাজার লোককে জীবিত উদ্ধার করা গেছে। এগারো শ-এর বেশি লোকের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমত, দুর্ঘটনার পর এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে এই উদ্ধার অভিযান শুরু করেন, যাঁরা একেবারেই প্রশিক্ষণবিহীন। ভবনের নিচে চাপা পড়েছেন এমন অনেকের আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধবেরাও শুরুতে উদ্ধারকাজে অংশ নেন। এরপর ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ও এর নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা এবং সেনাবাহিনী উদ্ধারকাজে জড়িত হয়। বিশেষ করে ভারী যন্ত্রপাতি দিয়ে উদ্ধার অভিযানটি সেনাবাহিনীর অধীনেই হয়েছে। এ ধরনের একটি ধসে পড়া ভবনে উদ্ধার অভিযানের জন্য যে ধরনের যন্ত্রপাতির প্রয়োজন, তা আমাদের নেই বললেই চলে। এই সীমাবদ্ধতা সত্ত্বেও একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়ের এই উদ্ধার অভিযানকে সফল হিসেবেই বিবেচনা করতে হবে।প্রথম আলো আমরা দেখেছি যে প্রশিক্ষণবিহীন লোকজন জীবনের ঝুঁকি নিয়ে স্বতঃস্ফূর্তভাবে উদ্ধারকাজে অংশ নিয়েছেন, আপনিও বললেন। কিন্তু এ ধরনের একটি উদ্ধার অভিযানে প্রশিক্ষণবিহীন লোকজনের অংশগ্রহণ কি বিপজ্জনক নয়?জামিলুর রেজা চৌধুরী ভবনধস বা এ ধরনের দুর্ঘটনার উদ্ধার অভিযান প্রশিক্ষিত লোকজনের মাধ্যমেই হওয়া উচিত। অপ্রশিক্ষিত কেউ এ কাজ করতে গেলে নিজের জীবনকে যেমন ঝুঁকির মুখে ফেলতে পারেন, তেমনি উদ্ধার অভিযানও ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে দেখা গেছে, যেকোনো দুর্ঘটনার ক্ষেত্রে অপ্রশিক্ষিতরাই প্রাথমিক পর্যায়ের উদ্ধার-প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকেন। এক পরিসংখ্যান অনুযায়ী, সাধারণভাবে ৪০ শতাংশ লোক দুর্ঘটনার পর উদ্ধার পায় অপ্রশিক্ষিত লোকজনের হাতে, যাঁরা কোনো দুর্ঘটনার পরপর তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে অংশ নেন। এই প্রাথমিক পর্যায়ের পর অবশ্যই প্রশিক্ষিত লোকজনের হাতে অভিযান পরিচালিত হওয়া উচিত। রানা প্লাজার ধস বা এ ধরনের ঘটনার পর শুরুর দিকে ঘণ্টা খানেক অপ্রশিক্ষিতদের উদ্ধার অভিযানের বিষয়টি স্বাভাবিক, কিন্তু এরপর সবই প্রশিক্ষিত লোকজনের অধীনেই হওয়া উচিত। উন্নত বিশ্বে উদ্ধারকাজে প্রশিক্ষণ নেই এমন কাউকে দিয়ে উদ্ধার অভিযান পরিচালিত হয় না। উদ্ধারকারীর নিজের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে শেষ পর্যন্ত অপ্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজ করে গেছেন। কারণ, আমাদের এ ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রয়োজনীয় প্রস্তুতি নেই।প্রথম আলো এই দুর্ঘটনার পর যে উদ্ধার অভিযান চলল, তা থেকে ভবিষ্যতের জন্য শিক্ষা নিতে হলে আমাদের কী করা উচিত?জামিলুর রেজা চৌধুরী আমি মনে করি, রানা প্লাজার দুর্ঘটনা থেকে যদি শিক্ষা নিতে হয়, তবে আমাদের উচিত হবে যাঁরা বিভিন্নভাবে উদ্ধারকাজে অংশ নিয়েছেন, তাঁদের নিয়ে বসা। কারণ, আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তা পর্যালোচনা করা প্রয়োজন। উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে কী কী বাস্তব সমস্যার মুখোমুখি হয়েছেন, সেগুলো বিবেচনায় নেওয়া জরুরি। আমাদের জানা দরকার যে উদ্ধার পরিচালনার জন্য কী কী যন্ত্রপাতির অভাব আমরা অনুভব করেছি। ভবিষ্যতে সুষ্ঠুভাবে এ ধরনের যেকোনো উদ্ধার অভিযান পরিচালনায় কী কী করা দরকার, সেগুলো যদি আলোচনার মধ্য দিয়ে বের হয়ে আসে, তবে সে অনুযায়ী ব্যবস্থা ও প্রস্তুতি নিতে হবে।প্রথম আলো উন্নত দেশগুলোতে এ ধরনের দুর্ঘটনা মোকাবিলায় কী ধরনের উদ্ধারকারী দল থাকে? সেসব অভিজ্ঞতা কি আমাদের জন্য কার্যকর হতে পারে?জামিলুর রেজা চৌধুরী উন্নত দেশগুলোতে ভবনধস বা এ ধরনের দুর্ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনার জন্য প্রশিক্ষিত বাহিনী রয়েছে। যেমন অনেক দেশেই ‘আরবান সার্চ অ্যান্ড রেসকিউ’ বাহিনী রয়েছে। এ ধরনের বাহিনীর একটি ইউনিটে ৩১ জন করে লোক থাকে। তাদের দায়িত্ব ভাগ করা আছে। যেমন কেউ কোথাও আটকা পড়েছে কি না, তা চিহ্নিত করার দায়িত্ব যাঁর, তিনি উদ্ধারকাজ করবেন না। তাঁর দায়িত্ব হচ্ছে শুধু চিহ্নিত করা। উদ্ধারকাজ করবে উদ্ধারকারী দল। তাদের সঙ্গে থাকবে কারিগরি বিশেষজ্ঞ ও চিকিৎসকদের দল। নগর অঞ্চলের দুর্ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনার জন্য এই বাহিনী প্রস্তুত থাকে। তারা স্বল্প সময়ে যেকোনো জায়গায় গিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম। ভারতেও এ ধরনের বাহিনী গঠনের উদ্যোগ চলছে। প্রাথমিক পর্যায়ে পাঁচটি বড় শহরে এই বাহিনী কাজ করা শুরু করেছে।প্রথম আলো আমাদের দেশে এ ধরনের বাহিনী গঠনের ক্ষেত্রে আপনার পরামর্শ কী?জামিলুর রেজা চৌধুরী আমাদের দেশের যে বিভিন্ন প্রশিক্ষিত বাহিনী রয়েছে, তাদের সমন্বয়ে এ ধরনের বাহিনী গঠন করা যেতে পারে। বিভিন্ন বাহিনী থেকে লোক নিয়ে যৌথভাবে এই বাহিনী গঠন করা যায়। উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় হালকা যন্ত্রপাতি তাদের কাছে থাকবে। যেকোনো বিপর্যয়ের মাত্রা দেখে তাৎক্ষণিকভাবে ঠিক করা হবে যে কতজন লোক লাগবে উদ্ধার অভিযানে এবং সে অনুযায়ী লোক পাঠিয়ে উদ্ধার অভিযান পরিচালিত হবে। বাংলাদেশ সম্প্রতি জাতিসংঘের ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজরি গ্রুপের সদস্য হয়েছে। এই গ্রুপ প্রশিক্ষণসহ বিভিন্ন পরামর্শ সহায়তা দিয়ে থাকে। বাংলাদেশে আরবান সার্চ অ্যান্ড রেসকিউ ধরনের বাহিনী গঠন করার ক্ষেত্রে এই গ্রুপের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা নেওয়া যায়। আর বিশ্বে বিভিন্ন দেশে এ ধরনের দুর্ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনার জন্য অনেক স্বেচ্ছাসেবী বাহিনী রয়েছে; যারা বিশ্বের যেকোনো স্থানে উদ্ধার অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকে। কোনো বিপর্যয়কর পরিস্থিতিতে এ ধরনের বাহিনীকে ডাকার বিষয়টিও আমাদের বিবেচনায় রাখা প্রয়োজন। তাদের কাছে উদ্ধার অভিযানের প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকে, যা উদ্ধার অভিযানকে অনেক সহজ করে দেয়। যুক্তরাজ্য থেকে রানা প্লাজায় উদ্ধার অভিযানের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমরা কেন তা গ্রহণ করলাম না, সেটা সত্যিই বিস্ময়কর।প্রথম আলো আপনি যন্ত্রপাতির অভাবের কথা বলেছেন। ভবনধসের মতো ঘটনায় কী ধরনের উদ্ধারযন্ত্র অবশ্য প্রয়োজনীয়?জামিলুর রেজা চৌধুরী স্ল্যাব, বিম ও কলাম—এই নিয়েই একটি ভবন গড়ে ওঠে। উদ্ধারকাজে ধ্বংসস্তূপ সরানোর জন্য রড কাটার ও কংক্রিট কাটার সবচেয়ে প্রয়োজনীয় দুটি যন্ত্র। দুটি স্ল্যাবের মাঝে যদি কেউ আটকা বা চাপা পড়ে, তবে ফাঁক বাড়ানের জন্য জ্যাক প্রয়োজন। এবারের উদ্ধার অভিযানে এর অভাব আমরা অনুভব করেছি। আর ধ্বংসস্তূপের মধ্যে জীবিত কেউ আছে কি না, সেটা নির্ধারণ করা যায় দুভাবে—প্রশিক্ষিত কুকুর ও লাইফ লোকেটরের মাধ্যমে। অনেক সময় ছোট ক্যামেরাও এ কাজে ব্যবহার করা যায়। এ ধরনের যন্ত্রপাতি সবচেয়ে জরুরি। স্পেকট্রাম দুর্ঘটনার পর সরকার এ ধরনের দুর্ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনার জন্য কী কী যন্ত্রপাতি প্রয়োজন, তা নির্ধারণ করতে একটি কমিটি করেছিল। আমরা তখন যে তালিকা তৈরি করে দিয়েছিলাম, সে সময়ের হিসাব অনুযায়ী এর প্রাক্কলিত মূল্য ছিল ২৩২ কোটি টাকা। কিছু অর্থ এ খাতে বরাদ্দ হয়েছিল। ফলে সব যন্ত্রপাতি সংগ্রহ করা এখনো সম্ভব হয়নি।প্রথম আলো উদ্ধারকাজে তো ভারী যন্ত্রপাতিরও প্রয়োজন পড়ে। সেগুলো কীভাবে সংগ্রহ করা হবে?জামিলুর রেজা চৌধুরী ভবনধসের উদ্ধারকাজের জন্য ভারী ও হালকা দুই ধরনের যন্ত্রের প্রয়োজন পড়ে। ভারী যন্ত্রপাতি যা লাগে, তার কিছু সরকারের বিভিন্ন সংস্থার কাছে রয়েছে। এখন অনেক বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠানের কাছেও এ ধরনের কিছু যন্ত্র রয়েছে। আমার পরামর্শ হচ্ছে, কোন প্রতিষ্ঠানের কাছে কোন ধরনের যন্ত্রপাতি রয়েছে, তার একটি তালিকা সব সময় প্রস্তুত থাকা উচিত এবং তা নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন এবং সংশ্লিষ্ট বিভাগের কোন কর্মকর্তা এসব যন্ত্রপাতির তদারক করেন, তাঁদের ফোন নম্বরও সংরক্ষিত থাকা উচিত, যাতে প্রয়োজন পড়লে সঙ্গে সঙ্গে কোথায় কী কী যন্ত্র কী অবস্থায় রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। আমি মনে করি, ভারী যন্ত্রপাতির বিষয়টি সমন্বয়ের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া যেতে পারে, আর হালকা যন্ত্রপাতির যে কথা বললাম, সেটা ফায়ার সার্ভিসের মাধ্যমে হতে পারে।প্রথম আলো দুর্ঘটনা ঘটলে উদ্ধার অভিযান পরিচালনার প্রস্তুতি আমাদের অবশ্যই নিতে হবে, কিন্তু এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, সেই বিষয়গুলোর দিকে নজর দেওয়াই কি সবচেয়ে জরুরি নয়?জামিলুর রেজা চৌধুরী এটাই সবচেয়ে জরুরি বিষয়। আমাদের দেশে যেমন ইমারত নির্মাণ বিধিমালা আছে, তেমনি আছে ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপ। এই দুটি বিষয় সঠিকভাবে কার্যকর করা গেলে ভবনধসে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা অনেক কমে যাবে। আবাসিক ভবনের ডিজাইন আর কারখানার ডিজাইন এক নয়, আবাসিক উদ্দেশ্যে নির্মিত বাড়িতে তো কারখানা থাকার কথা নয়। ইমারত নির্মাণ বিধিমালায় কারখানার নিরাপত্তাসংক্রান্ত সব বিষয়ই রয়েছে। অন্যদিকে শহরের কোন অঞ্চলে বা কোথায় কারখানা করা যাবে বা যাবে না, এসব বিষয় ড্যাপে উল্লেখ রয়েছে। আইন ও বিধি সবই রয়েছে, আসল কথা হচ্ছে এর প্রয়োগ।প্রথম আলো প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় মহাসেনের জোরেশোরে আঘাত হানার আশঙ্কা করা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। কিন্তু সামনে আবারও কোনো শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উপকূলের জনগণের নিরাপত্তার বিষয়টি আপনি কীভাবে দেখছেন?জামিলুর রেজা চৌধুরী ঘূর্ণিঝড় বা সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগের আঘাত হানার আশঙ্কা বাংলাদেশে সব সময়ই রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলে মানুষের জীবন রক্ষার জন্য যা প্রয়োজন, তা হচ্ছে নিরাপদ আশ্রয়ের বিষয়টি নিশ্চিত করা। আমাদের হিসাব অনুযায়ী, উপকূলীয় অঞ্চলের প্রায় ৮২ লাখ লোক ঝুঁকির মধ্যে রয়েছে। ১৯৯২ সালে আমরা যে মহাপরিকল্পনা করেছিলাম সে অনুযায়ী ঝুঁকির মধ্যে থাকা লোকজনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উপকূলজুড়ে সাড়ে চার হাজার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের কথা বলা হয়েছে। বর্তমানে দুই হাজার ২০০টি নির্মিত হয়েছে, অর্থাৎ অর্ধেকের কাছাকাছি। মূল ধারণাটি ছিল বাড়ি থেকে অন্তত এক কিলোমিটার দূরত্বের মধ্যে এমন একটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা, যেখানে লোকজন ঝড়ের সময় তাদের গবাদিপশুসহ আশ্রয় নিতে পারে। সবগুলো আশ্রয়কেন্দ্র নির্মিত না হওয়ায় বড় কোনো ঘূর্ণিঝড় আঘাত হানলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আর যেগুলো তৈরি হয়েছে সেগুলোর কী অবস্থা, রক্ষণাবেক্ষণ ঠিকমতো হচ্ছে কি না, তাও বিবেচনায় নেওয়া জরুরি।প্রথম আলো আপনাকে ধন্যবাদ।জামিলুর রেজা চৌধুরী ধন্যবাদ।