বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) গত কয়েক বছরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নির্মাণ খাতের শ্রমিকদের হতাহতের যে পরিসংখ্যান দিয়েছে, তা সত্যিই উদ্বেগজনক। বিলসের পরিসংখ্যান অনুযায়ী, ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১৫ বছরে নিহত হয়েছেন ১ হাজার ৩৭৭ জন নির্মাণশ্রমিক। আর ২০১২ সাল থেকে গত ছয় বছরে আহত হয়েছেন ৫২৫ জন।
কর্মক্ষেত্রে নির্মাণশ্রমিকদের নিরাপত্তা বিধানে সুনির্দিষ্ট বিধিমালা ও আইন রয়েছে। জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা-২০০৬, ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা-২০০৮ এবং ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এ দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের কার কী দায়িত্ব, তা নির্দিষ্ট করা আছে। রানা প্লাজা দুর্ঘটনার পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২০১৩ সালে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি নীতিমালা ২০১৩ প্রণয়ন করে। রাজউকের পক্ষ থেকে গত বছর জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, রাজউকের আওতাধীন এলাকায় ইমারত নির্মাণস্থলে যেকোনো দুর্ঘটনা এড়ানো ও কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট ভবনমালিক বা নির্মাণ প্রতিষ্ঠানের। কিন্তু সংশ্লিষ্টদের কেউই যে এসব আইন ও নীতিমালা তোয়াক্কা করছে না, তা প্রতিবছর শ্রমিক হতাহতের ঘটনা থেকেই প্রমাণিত হচ্ছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সচেতনতামূলক নির্দেশনায় বলা হয়েছে, ভবন নির্মাণের সময় এর চারপাশে নিরাপত্তাবেষ্টনী দিতে হবে। উঁচু স্থানে কাজ করার সময় লিফট, সেফটি বেল্ট, শক্ত দড়ি-মাচা ব্যবহার; কাজের সময় মাথায় হেলমেট, পায়ে গামবুট ও মুখে মাস্ক ব্যবহার করতে হবে। বিদ্যুতের তারের কাছে ভেজা রড ওঠানো-নামানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে ওই নির্দেশনায়। কিন্তু এসব নির্দেশনা যে খুব একটা মানা হয় না, তা সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্টের (সেরিড) এক গবেষণা প্রতিবেদনের তথ্যে বোঝা যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নির্মাণশিল্পে কর্মক্ষেত্রে ৪৯ শতাংশ শ্রমিক সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করেন না। এ ছাড়া উপযুক্ত নিরাপত্তা ও প্রশিক্ষণ ছাড়াই ঝুঁকিপূর্ণ কাজে শ্রমিক নিয়োগ করা হচ্ছে। ফলে তাঁরা নানা ধরনের দুর্ঘটনায় পড়ছেন। প্রাণ হারাচ্ছেন অনেকে। অনেকে পঙ্গুত্ব বরণ করছেন। কিন্তু দেখা যায়, ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা প্রাপ্য ক্ষতিপূরণ পাচ্ছেন না। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সরকারকে এখন এসব দিকে নজর দিতে হবে। নির্মাণকাজের সময় সরকারপ্রণীত বিধিমালা ও আইন মেনে চলা হচ্ছে কি না, তা নজরদারির ব্যবস্থা করতে হবে। যাঁরা আইন মেনে কাজ করছেন না, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্মাণ ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকেও উদ্যোগ নিতে হবে। এসব প্রতিষ্ঠান যদি শ্রমিকদের নিরাপত্তা বিধানে সতর্ক থাকে, তাহলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।