নির্মাণশ্রমিক ও তাঁর কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে শনিবার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তারা যেসব পরামর্শ দিয়েছেন, আমরা তার সঙ্গে একমত পোষণ করছি। বৈঠকে বক্তারা যা বলেছেন তার সারবস্তু হচ্ছে আমাদের দেশে নির্মাণশ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা নেই। সরকার নির্ধারিত সংস্থাগুলো নির্মাণশ্রমিকদের কার্যকর তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এ জন্য সরকারের দিকে তাকিয়ে না থেকে নির্মাণ প্রতিষ্ঠানগুলোকেই নিজস্ব নিরাপত্তা নীতিমালা তৈরি করতে হবে।
সরকারি ও বেসরকারি সব পর্যায়ে কর্মস্থলে নিরাপদ পরিবেশ ও স্বাস্থ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২০১৩ সালে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি নীতিমালা ২০১৩ প্রণয়ন করে। কিন্তু এ নীতিমালা কেউ মানে বলে মনে হয় না। কেননা, পত্রিকার পাতাগুলোয় প্রায়ই আমরা কর্মস্থলে বিভিন্ন ধরনের দুর্ঘটনায় নির্মাণশ্রমিকদের হতাহত হওয়ার খবর দেখতে পাই।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সচেতনতামূলক নির্দেশনায় বলা হয়েছে, উঁচু স্থানে কাজ করার সময় লিফট, সেফটি বেল্ট, শক্ত দড়ি-মাচা ব্যবহার; কাজের সময় মাথায় হেলমেট, পায়ে গামবুট ও মুখে মাস্ক ব্যবহার করতে হবে। বিদ্যুতের তারের কাছে ভেজা রড ওঠানো-নামানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে ওই নির্দেশনায়। কিন্তু এসব নির্দেশনা যে খুব একটা মানা হয় না তা সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্টের (সেরিড) এক গবেষণা প্রতিবেদনের তথ্যে বোঝা যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নির্মাণশিল্পে কর্মক্ষেত্রে ৪৯ শতাংশ শ্রমিক সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করেন না। এ ছাড়া উপযুক্ত নিরাপত্তা ও প্রশিক্ষণ ছাড়াই ঝুঁকিপূর্ণ কাজে শ্রমিক নিয়োগ করা হচ্ছে। ফলে তাঁরা নানা ধরনের দুর্ঘটনায় পড়ছেন। প্রাণ হারাচ্ছেন অনেকে। অনেকে সারা জীবনের জন্য পঙ্গুত্ববরণ করছেন। কিন্তু দেখা যায়, ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা প্রাপ্য ক্ষতিপূরণ পাচ্ছেন না। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্মাণ ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগ নিতে হবে। নিজস্ব নীতিমালা তৈরি করতে হবে। তাদেরই শ্রমিকের নিরাপত্তার বিষয়টি তদারক করতে হবে। আর সরকারকে এসব প্রতিষ্ঠানের সহায়তায় এগিয়ে আসতে হবে।