রাজধানীতে ভবন নির্মাণকাজে কতটা অসতর্কতা চলে, ধসের মুখে পড়া রাজধানীর সুন্দরবন হোটেল তার আরেক শিকার। ন্যাশনাল ব্যাংকের অতিকায় ভবন তৈরির জন্য খোঁড়া গর্তের কারণে মারাত্মক ঝুঁকিতে পড়েছে এই হোটেলটি। ভবনটির সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে, তবে শেষ পর্যন্ত হোটেলটির ভাগ্যে কী ঘটে, তা এখনই বলা যাচ্ছে না।
রাজধানীর পান্থপথের পাশে নির্মিত হচ্ছে ন্যাশনাল ব্যাংকের বহুতল ভবন। এর ঠিক পেছনেই সুন্দরবন হোটেল। ন্যাশনাল ব্যাংকের ভবনের জন্য খোঁড়া গর্তটি সুন্দরবন হোটেলসংলগ্ন। ধারণা করা হচ্ছে, ভবন নির্মাণে করা পাইলিংয়ের গর্তটিই মাটিধসের কারণ। রাজউক দাবি করেছে, অনুমোদিত নকশা ত্রুটিহীন হলেও, সে অনুযায়ী পাইলিং হয়নি। আর তাতে করেই মাটিতে ধস নামে এবং ধসে পড়ে হোটেলের সীমানাপ্রাচীর ও রাস্তার অংশ। জরুরিভাবে হোটেলের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত ও প্রতিকারে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের নেতৃত্বে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করব, ভবন নির্মাণ-প্রক্রিয়ার ত্রুটিসহ মাটিধসের প্রকৃত কারণ দ্রুতই চিহ্নিত করা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মাটি ধস, সুন্দরবন হোটেল ঝুঁকিতেরাজধানীতে অজস্র বিশালাকারের ভবন তৈরি হচ্ছে। এগুলোর অধিকাংশই আবার পাশের ভবনটির একেবারে গা-ঘেঁষা। এই অবস্থায় যেভাবে গভীর গর্ত করে পাইলিং করা হয় কিংবা মাটি তুলে ফেলা হয়, তাতে পার্শ্ববর্তী ভবনগুলো সুন্দরবন হোটেলের মতোই বিপদে পড়তে পারে। এবং সব ক্ষেত্রে সুন্দরবন হোটেলের ঘটনার মতো নিরাপদে সরে যাওয়ার সময় ও সুযোগ নাও পাওয়া যেতে পারে। সুতরাং এখনই রাজউককে বড় ভবনগুলোর নির্মাণ-প্রক্রিয়া যথাযথ নকশা এবং ঝুঁকিমুক্ত প্রক্রিয়ায় করা হচ্ছে কি না, তার তদারকিতে নামতে হবে। লোকবল বা তহবিলের দোহাই দিয়ে এ রকম জরুরি কাজে গড়িমসি করা যাবে না। আর এ ধরনের কোনো ঘটনা ঘটলে পরিস্থিতি সামাল দেওয়ার মতো যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সক্ষমতার দিকেও জোর দিতে হবে।
কথায় বলে সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়। সময় থাকতেই তাই ব্যবস্থা নেওয়া জরুরি।