নিলামে বিক্রি হচ্ছে নৌযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

বালাসী-বাহাদুরাবাদ নৌপথটি বন্ধ আছে ২১ বছর ধরে। নৌপথটি আবার চালু হলে রংপুর বিভাগের আট জেলার সঙ্গে ঢাকায় যাতায়াতের সময়, খরচ দুটিই কমবে। তা ছাড়া এ নৌপথ চালু হলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগের বিকল্প পথও চালু হবে। তাতে বঙ্গবন্ধু সেতুর ওপরে যানবাহনের চাপও কমত।

সম্প্রতি নৌপথটি খুলে দেওয়ার জন্য ১৩৬ কোটি টাকা ব্যয় করে ব্রহ্মপুত্র নদের দুই পাশে নতুন করে টার্মিনাল ও অন্যান্য অবকাঠামো
নির্মাণ করা হয়েছে। এ জন্য ২৬ কিলোমিটার নৌপথ খননও করা হয়। গত জুন মাসে নৌপথটি ফেরি চলাচলের জন্য খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু পূর্ণাঙ্গ সমীক্ষা ছাড়া প্রকল্প নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বড় ধরনের ত্রুটি থাকায় সেটি এখন পর্যন্ত চালু করা যায়নি। এখন ওই নৌপথের নৌযানগুলো নিলামে বিক্রি করে দিচ্ছে রেলওয়ে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, গাইবান্ধার বালাসী ঘাটের নৌযানগুলো বিক্রি করে দিচ্ছে রেলওয়ের মেরিন বিভাগ। ইতিমধ্যে পাঁচটি নৌযান নিলামে বিক্রি করা হয়েছে। অবশিষ্ট নৌযানগুলো বিক্রির প্রক্রিয়া চলছে। দরপত্রও আহ্বান করা হয়েছে। নৌযানগুলো বিক্রি হলে বালাসী-বাহাদুরাবাদ নৌপথটি নৌযানশূন্য হয়ে পড়বে। এতে বিপুল ব্যয়ে নির্মিত অবকাঠামো কোনো কাজেই আর আসবে না।

রেল যোগাযোগের পথ হিসেবে ১৯৩৮ সালে চালু হয়েছিল তিস্তামুখ ঘাট-বাহাদুরাবাদ নৌরুট। পরে যানবাহন ও পণ্য পরিবহনেও এ ঘাট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ১৯৯০ সালে নাব্যতাসংকটের কারণে তিস্তামুখঘাটটি বালাসীতে সরিয়ে নেওয়া হয়। যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু হওয়ায় ধীরে ধীরে এ ঘাটের গুরুত্ব কমে আসে। ২০০০ সালে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ের ভাষ্য, নৌযানগুলো অকেজো হয়ে গেছে, সেগুলো আর তাদের দরকার নেই, সে জন্য বিক্রি করে দেওয়া হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সেখানকার নৌযানগুলোর অন্তত দুটি এখনো চালু আছে। বাকিগুলো সংস্কার করে সচল করা সম্ভব। এ ক্ষেত্রে যে প্রশ্ন সামনে এসে যায় সেটি হলো, তাড়াহুড়া করে কেন লোহালক্কড় হিসেবে নৌযানগুলো বিক্রি করে দিচ্ছে রেলওয়ে।

বালাসী-বাহাদুরাবাদ নৌপথটি সরকারের নৌ ও রেলওয়ে মন্ত্রণালয়ের মধ্যকার সমন্বয়হীনতা এবং সরকারের অর্থ ও সম্পত্তি অপচয়ের একটি বাজে দৃষ্টান্ত। নৌপথ যদি চালু করা না-ই যাবে, তাহলে ১৩৬ কোটি টাকা কেন অপচয় করা হলো?