নিশ্চিত জন্মসনদের বিধান জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত ইসমাইল হোসেন শিরাজীর মহাকাব্য অনলপ্রবাহ-এর অন্যতম একটি দাবি ছিল ‘বাল্যবিবাহ বন্ধ করতে হবে’। শিক্ষিত সমাজের সচেতনতায় এই দাবি এসেছে যুগে যুগে বারবার। কেশবচন্দ্র সেন (১৮৩৮-১৮৮৪) ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (১৮২০-১৮৯১) প্রচেষ্টায় ১৮৭২ সালে ‘ব্রাহ্ম ম্যারেজ অ্যাক্ট’ প্রণীত হয়। এই আইনে বিয়ের সর্বনিম্ন বয়স মেয়েদের ক্ষেত্রে ১৪ ও ছেলেদের ক্ষেত্রে ১৮ করা হয়। এই আইন সেই সময়ে তেমনভাবে বাস্তবায়িত না হলেও ধীরে ধীরে বাল্যবিবাহবিরোধী আন্দোলন জোরদার হয়ে ওঠে। কিন্তু সব রকম বিরোধিতার পর এই একবিংশ শতাব্দীতেও বহাল তবিয়তে চলছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ কোনোভাবেই বন্ধ হচ্ছে না কিংবা বন্ধ করা যাচ্ছে না। কোনো কৌশলেই আসছে না স্থায়ী সমাধান। অলিখিতভাবেই লিখিত স্বীকৃতি কেড়ে নিচ্ছে বাল্যবিবাহ। কোথা থেকে, কবে এবং কীভাবে এর শুরু? সুনির্দিষ্টভাবে এর কোনো তথ্যপ্রমাণ না পাওয়া গেলেও বিভিন্ন গোত্র ও প্রথা থেকে আদিযুগেই বাল্যবিবাহের উপস্থিতি টের পাওয়া যায়। ইউরোপীয় বিভিন্ন পরিব্রাজকদের বর্ণনায়, ষোড়শ শতকের অষ্টম দশকেও পুরো উপমহাদেশে বাল্যবিবাহের উপস্থিতি বোঝা যায়। আবুল ফজলের ‘আইন-ই-আকবরী’ থেকে তৎকালীন সমাজে বাল্যবিবাহের প্রমাণ মেলে। বাংলা সাহিত্যের প্রথম আত্মচরিত লেখিকা শ্রীমতী রাসসুন্দরীর বিয়ে হয়েছিল ১৮১৯ সালে মাত্র ১০ বছর বয়সে। অল্প বয়সে বিয়ে সেই সময় ছিল খুব স্বাভাবিক এবং সাধারণ একটি ঘটনা। (আমি নারী: তিন শ বছরের বাঙালি নারীর ইতিহাস; মালেকা বেগম; আজিজুল হক) বাল্যবিবাহ নিরোধ আইন (১৯৮৪-তে সংশোধিত) অনুসারে, ২১ বছর (ছেলে) এবং ১৮ (মেয়ে)-এর নিচে কোনো ছেলেমেয়ের বিয়ে হলে সেটা বাল্যবিবাহ। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বিশ্ব শিশু পরিস্থিতি-২০১১ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহের ক্ষেত্রে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ইউনিসেফের ‘প্রোগ্রেস ফর চিলড্রেন এচিভিং দ্য এমডিজিস উইথ ইকুইটি (২০১০)’ প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে ১৮ বছর বয়সের আগে ৬৬ শতাংশ মেয়ে এবং একই বয়সের পাঁচ শতাংশ ছেলের বিয়ে হচ্ছে। অর্থাৎ বাল্যবিবাহের শিকার হচ্ছে এবং কুফল বেশি ভোগ করছে মেয়েরা। সেভ দ্য চিলড্রেনের ‘বিশ্বে মায়েদের অবস্থা ২০১০’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের গ্রামাঞ্চলে ৬৯ শতাংশ নারীর ১৮ বছর বয়স হওয়ার আগে বিয়ে হয়ে যাচ্ছে। দারিদ্র্য বাল্যবিবাহের অন্যতম প্রধান একটি কারণ। কন্যাসন্তানের ক্ষেত্রে নিরাপত্তাহীনতাও একটি কারণ। ধর্ষণ, খুন, এসিড নিক্ষেপের মতো বর্বর কায়দায় নারী নির্যাতনের কারণে অভিভাবকেরা মেয়েদের বিয়ে না হওয়া পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভোগেন। অন্যদিকে দরিদ্র পরিবারে মেয়ের বিয়ে না হওয়া মানেই তার জন্য খরচের চিন্তা। যৌতুক সংস্কৃতিতে মেয়েদের বয়স বেড়ে গেলে যৌতুকের অঙ্কের পরিমাণও বেড়ে যায়। আর তাই কম বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা থেকেই যাচ্ছে। বাল্যবিবাহ বন্ধে বয়স নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি। আমাদের দেশে এই নিশ্চয়তাটা নানা কারণে এখনো নিশ্চিত নয়। আর তাই বন্ধ হচ্ছে না বাল্যবিবাহ। বাল্যবিবাহ প্রতিরোধে সবচেয়ে বড় রক্ষাকবচ হচ্ছে জন্মতারিখ। এ ক্ষেত্রে জন্মতারিখের সত্যতা যাচাইয়ের জন্য জন্মসনদের বিকল্প নেই। ২০০৬ সাল থেকে বাংলাদেশের সব নাগরিকের জন্য জন্মনিবন্ধন বাধ্যতামূলক করা হয়। ২০১২ সালে অনুমোদনকৃত জন্ম ও মৃত্যুনিবন্ধন (সংশোধনী) আইনের খসড়ায় ভুল তথ্য দিলে ৫০০ থেকে ৫০০০ টাকা জরিমানা এবং অনধিক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ২০১১ সালে বিয়ে নিবন্ধনের সময় বর-কনের জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, স্কুলের সনদপত্র বা অভিভাবকের হলফনামা যাচাই করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সংশোধিত বিধিমালা অনুযায়ী, নিকাহ নিবন্ধনকারী (রেজিস্ট্রার) বর ও কনের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার সনদ পরীক্ষা করে বিয়ের জন্য আইনগত বয়স নিশ্চিত না হয়ে বিয়ে নিবন্ধন করতে পারবেন না। এসব কাগজপত্র না থাকলে বর-কনের বয়স নিশ্চিত হতে বাবা-মা কিংবা আইনগত অভিভাবকের হলফনামার মাধ্যমে বয়স নির্ধারণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই না করলে নিকাহ নিবন্ধনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রজ্ঞাপন জারির পর কাগজে-কলমে বাল্যবিবাহ কমলেও বাস্তবে দৃশ্যপট ভিন্ন। বাল্যবিবাহ ঘটেই চলেছে। বাল্যবিবাহ প্রতিরোধে এই প্রজ্ঞাপনব্যবস্থার পাশাপাশি প্রয়োজন বালবিবাহের কুফল এবং এ সংক্রান্ত আইনের ব্যাপক প্রচারণা। জনসচেতনতাও এ ক্ষেত্রে জরুরি। প্রজ্ঞাপনে একদিকে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার সনদ পরীক্ষা করে আইনগত বয়স নিশ্চিত হতে। আবার অন্যদিকে বাবা-মা কিংবা আইনগত অভিভাবকের হলফনামার মাধ্যমে বয়স নির্ধারণ করার কথাও বলা হয়েছে। ফলে মিথ্যা তথ্যের ভিত্তিতে জন্মসনদ দেওয়ার সুযোগ থেকেই যাচ্ছে। এ ক্ষেত্রে নিশ্চিত জন্মসনদের কোনো বিকল্প নেই। যেই সনদ অধিকারীর সঠিক ও সত্য বয়স নিশ্চিত করবে, সেটাই নিশ্চিত জন্মসনদ। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্থানীয় পর্যায়ের ২২টি সংগঠন নিয়ে গঠিত গ্যাড অ্যালায়েন্স বিবাহ রেজিস্ট্রেশন ফরমে বয়স শনাক্তকরণ সনদের নম্বর অন্তর্ভুক্ত করার দাবি ইতিমধ্যেই তুলে ধরেছে। সেই সনদ হতে পারে জন্মনিবন্ধন সনদ কিংবা জাতীয় পরিচয়পত্র। এতে করে একদিকে জাল সনদ দেখিয়ে বিয়ে করার সুযোগ কমে যাবে এবং অন্যদিকে আইনগতভাবে বাল্যবিবাহ নিশ্চিত হওয়ার প্রচেষ্টা সফল হবে। অন্য একটি বেসরকারি সংস্থা বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিসেফের সহায়তায় চলছে অনলাইন জন্মনিবন্ধন কার্যক্রম। জনসচেতনতা, নিশ্চিত জন্মসনদ, নিরাপত্তা ও দারিদ্র্য হ্রাসের বিষয়গুলো নিশ্চিত করা গেলে বাল্যবিবাহ কার্যকরভাবে কমে আসবে। সাকিলা মতিন: উন্নয়ন ও সংস্কৃতিকর্মী।