শিক্ষাজীবন শেষ করে প্রতিটি ছাত্রজীবনের লক্ষ্য থাকে সরকারি কিংবা বেসরকারি যেকোনো একটা সম্মানজনক চাকরি পাওয়ার, আর সে আশা নিয়েই ছাত্রছাত্রীরা অবতীর্ণ হন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। কিন্তু প্রকৃতপক্ষে আসল মেধাবীরা কি মূল্যায়ন পাচ্ছেন এ দেশে?আমি একজন পরীক্ষার্থী। ২৩ ডিসেম্বর ২০১১ সালে খাদ্য বিভাগের ‘খাদ্য পরিদর্শক’ পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে আমি কৃতকার্য হই। ইতিমধ্যে সাত মাস পার হয়ে গেছে, এখন ২০১২। দুঃখের সঙ্গে বলতে হয়, ৩১তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল এবং ‘খাদ্য পরিদর্শক’ পদের লিখিত পরীক্ষার ফলাফল একই দিনে প্রকাশিত হলেও পরে সেই বিসিএস মৌখিক পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়ে তাদের নিয়োগের প্রস্তুতি চলছে। কিন্তু এই ‘খাদ্য পরিদর্শক’ পদের মৌখিক পরীক্ষা আজও নেওয়া হয়নি। আর আদৌ নেওয়া হবে কি না তা অনিশ্চিত।এদিকে আমার মতো অনেকেরই সরকারি চাকরির বয়স প্রায় শেষের দিকে। মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান আমি। পরিবার অনেক আশা নিয়ে চেয়ে থাকে তাদের সন্তানের দিকে। আজ প্রতিটি শিক্ষার্থীর জীবনের এই করুণ পরিণতির জন্য কাকে দায়ী করি? আমাদের অদৃষ্ট, নাকি এ দেশের সরকার ও প্রশাসন। তাই আমি সবিনয়ভাবে খাদ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, অতি দ্রুত আমাদের মৌখিক পরীক্ষা গ্রহণ করে নিয়োগের ব্যবস্থা করা হোক। সেই সঙ্গে কর্তৃপক্ষকে এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আমাদের এই অনিশ্চয়তার জীবন থেকে মুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।গালিব হাসানঢাকা।