নিষিদ্ধ ওষুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাজারে ভেজাল, নকল ও নিম্নমানের ওষুধ সুলভ—এ কথা শিক্ষিত জনগোষ্ঠীর জানা থাকলেও, সেগুলোকে আসল ও অনুমোদিত ওষুধ থেকে পৃথকভাবে চিহ্নিত করা তাদের অধিকাংশের পক্ষে অত্যন্ত কঠিন। আর গ্রামগঞ্জের নিরক্ষর কিংবা স্বল্পশিক্ষিত মানুষের কথা বলাই বাহুল্য: ক্ষতিকর অননুমোদিত ওষুধ সম্পর্কে তাদের সচেতনতার অভাব মারাত্মক। এমন পরিস্থিতিতে সব ধরনের নিষিদ্ধ ওষুধ বিপণনের বিরুদ্ধে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাম্প্রতিক তৎপরতা সুখবর বটে। তবে এ ব্যাপারে ঔষধ কর্তৃপক্ষের সক্রিয়তার ধারাবাহিকতা রক্ষা করাই হলো সত্যিকারের কাজের কথা। হঠাৎ হঠাৎ অভিযান চালানোর চেয়ে সার্বক্ষণিক নজরদারি বেশি ফলপ্রসূ হয়।
নিষিদ্ধ ওষুধ পাওয়া গেলেই দোকান বন্ধগত বুধবার ঔষধ প্রশাসন অধিদপ্তর ঢাকায় এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছে, সম্প্রতি নিষিদ্ধঘোষিত তিন ধরনের ওষুধ যে দোকানে পাওয়া যাবে, সে দোকান বন্ধ করে দেওয়া হবে, আর যেসব কারখানায় সেগুলো উৎপাদন করা হবে, সেসব কারখানার নিবন্ধন বাতিল করা হবে। আমরা মনে করি, এই ঘোষণার প্রথম অংশের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অংশ। কারণ, নিষিদ্ধ ওষুধ বিক্রি বন্ধ করতে দোকানে দোকানে অভিযান চালানোর প্রয়োজনই হবে না, যদি সেগুলোর উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ করা যায়। অর্থাৎ হাত দিতে হবে গোড়ায়।
তবে যেহেতু সম্প্রতি নিষিদ্ধঘোষিত এসব ওষুধ এত দিন ধরে দেশের ৩০টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান উৎপাদন করে আসছিল, তাই এগুলো এখন বাজারে থাকার সম্ভাবনা রয়েছে। যদিও ওষুধ মালিক সমিতির সাধারণ সম্পাদক দাবি করেছেন, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো নিষিদ্ধ ওষুধগুলো বাজার থেকে তুলে নিয়েছে, তবু ঔষধ প্রশাসনকে সক্রিয় থাকতে হবে। সে প্রয়োজনীয়তা যে আছে, ঔষধ প্রশাসনের ‘দোকান বন্ধ করে দেওয়া’র হুঁশিয়ারি থেকেই তা পরিষ্কার। কিন্তু এই হুঁশিয়ারি শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তা বাস্তবায়ন করতে হবে। সে জন্য ওষুধের বাজারে সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যেতে হবে।