একটি মেয়ে যখন স্বামীর ঘরে আসেন, তখন তাঁর থাকে অনেক স্বপ্ন। মেয়েটি চান শ্বশুর-শাশুড়ির কাছে বাবা-মায়ের মতো ভালোবাসা। আরও চান স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্যের পাশাপাশি নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু সেই মেয়েটি যখন শিকার হন যৌতুকের বলিতে, তাঁর স্বপ্নগুলো যখন হোঁচট খায় যৌতুকের থাবায়, তখন সেটা অমানবিক। গত ৩০ অক্টোবর প্রথম আলো পত্রিকায় ‘দুধের দুই শিশুকে মায়ের কোলছাড়া’ শিরোনামে প্রতিবেদনটি পড়ে চোখে পানি এসে গেল। ভাবা যায় না এই নির্মমতা।প্রতিবেদনে বলা হয়েছে, দুটি যমজ শিশুকে মায়ের বুকের দুধ পান করতে দেওয়া হচ্ছে না যৌতুকের কারণে। এটা কখনোই কাম্য হতে পারে না। বিয়ে হলো এক পবিত্র বন্ধন, যেখানে স্বামী-স্ত্রীর মধ্যে থাকবে নিঃস্বার্থ ভালোবাসা, সেখানে যৌতুকের কোনো স্থান নেই। যৌতুক চাওয়া মানে নিজেকে একজন কাপুরুষ হিসেবে পরিচয় দেওয়া এবং নিজের অক্ষমতা প্রকাশ করা। একজন সুস্থ মানসিকতাসম্পন্ন ব্যক্তি কখনোই যৌতুকের আশা করতে পারেন না। যারা যৌতুক চায়, তারা পিশাচের সমতুল্য। আর সমাজের এই পিশাচদের কঠোর শাস্তি হওয়া উচিত। পাশাপাশি প্রয়োজন প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গিকে সুন্দর করা।যৌতুককে রোধ করার জন্য প্রথমেই প্রয়োজন অভিভাবক তার সন্তানদের, একজন শিক্ষক তার ছাত্রদের ছোটবেলা থেকে যাতে এই শিক্ষা দেন যে একজন বিবেকবান, সৎ, কর্মঠ, সুস্থ মানসিকতাসম্পন্ন ব্যক্তি কখনো যৌতুক নিতে পারেন না। কেননা, যৌতুক চাওয়া আর ভিক্ষা চাওয়ার মধ্যে কোনো তফাত নেই।আসুন, সবাই মিলে যৌতুক পরিহার করি। মানুষকে মূল্যায়ন করতে শিখি মানুষ হিসেবে।সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।