বাংলাদেশে স্থানীয় সরকারের কাঠামো ও পরিধি বাড়লেও প্রকৃত ক্ষমতায়ন যে হয়নি সেটি সরকারের জ্যেষ্ঠতম সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও স্বীকার করেছেন। গত বৃহস্পতিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) ও ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে তিনি বলেছেন, ‘স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী করতে না পারলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশের বেশি টেকসই করতে হলে স্থানীয় সরকারব্যবস্থাকে কার্যকর করতে হবে।’
তাঁর কথার মধ্যে আশঙ্কা ও আশাবাদ দুই–ই আছে। কিন্তু স্থানীয় সরকারকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে কী কী বাধা আছে, সেসব সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি। কেবল সরকারি কর্মকর্তাদের কেন্দ্রমুখিতাকে দায়ী করেছেন।
অর্থমন্ত্রী একসময় স্থানীয় সরকার সংস্থার কাঠামো পরিবর্তনে নানা সংস্কার প্রস্তাব দিয়েছেন। জেলা সরকার গঠনের পক্ষেও জনমত তৈরির কথা বলেছিলেন। কিন্তু সরকারে যোগ দেওয়ার পর বাজেটে জেলাওয়ারি প্রতীকী বরাদ্দের বাইরে উল্লেখযোগ্য কিছু দেখা যাচ্ছে না। আমাদের সংবিধানেও স্থানীয় উন্নয়নের পাশাপাশি জনশৃঙ্খলার দায়িত্বও তাদের হাতে ন্যস্ত করার কথা রয়েছে। কিন্তু স্থানীয় সরকার সংস্থাগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পূর্বাপর সরকারগুলো যতটা উদ্গ্রীব, এর ক্ষমতায়নে ততই নিরুৎসাহিত। অনেক চড়াই-উতরাই পেরিয়ে উপজেলা পরিষদের হাতে সরকারের ১৩টি বিভাগ ন্যস্ত করলেও দৃশ্য-অদৃশ্য অন্তরায়গুলো দূর করা যায়নি। স্থানীয় সরকারকে শক্তিশালী করার ক্ষেত্রে আমলাতান্ত্রিক মানসিকতার পাশাপাশি সাংসদদের খবরদারিও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে সাংসদ ও স্থানীয় প্রশাসন একে অপরের হয়ে কাজ করে, ফলে স্থানীয় জনপ্রতিনিধিরা অসহায় বোধ করেন।
এই অবস্থার অবসানকল্পে প্রয়োজন প্রতিটি স্থানীয় সরকার সংস্থার কর্মপরিধি ও এখতিয়ার নির্দিষ্ট করা। একই এলাকার উন্নয়নকাজে একাধিক স্থানীয় সরকার সংস্থা কাজ করে থাকে। সে ক্ষেত্রে যাতে প্রশাসনিক জটিলতা দেখা না দেয়, সে বিষয়ে সজাগ থাকতে হবে।
সরকারের উন্নয়ননীতিতে সবকিছু ওপর থেকে চাপিয়ে দেওয়ার প্রবণতা বন্ধ হলে স্থানীয় সরকার সংস্থাগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে। কেবল বাস্তবায়ন প্রক্রিয়া নয়, নীতি পরিকল্পনায়ও স্থানীয় সরকার সংস্থাগুলোকে যুক্ত করতে হবে।