নীতিনির্ধারকদের টনক নড়বে কবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৫০ বছরে আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের অর্জন উল্লেখযোগ্য। অনেকগুলো বৈশ্বিক সূচকেই সেটি প্রতীয়মান। কিন্তু সেসব অর্জন কতটা টেকসই হবে, তা নিয়ে আমাদের শঙ্কিত হতে হয়, যখন নেতিবাচক সূচকে বিশ্বের শীর্ষে চলে আসে বাংলাদেশের নাম। হতাশাজনকভাবে পরপর দুই বছর বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ হিসেবে পরিচিতি পেল বাংলাদেশ। দূষিত শহর হিসেবে রাজধানী ঢাকার অবস্থানও গতবারের মতোই দ্বিতীয় অবস্থানে। কিছুদিন ধরে ঢাকা টানা শীর্ষ বায়ুদূষণের শহর হিসেবে শিরোনাম হচ্ছিল, এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রথম আলো সম্পাদকীয় প্রকাশ করে। আগেরবার যখন দেশের অবস্থান শীর্ষে উঠে এসেছিল, তখন এ নিয়ে সাময়িক আলোচনা আমরা দেখেছি। কিন্তু পরিস্থিতির তো কোনো অগ্রগতি হয়ইনি, বরং নানা প্রতিশ্রুতি, পদক্ষেপ ও পরামর্শের ফুলঝুরিকে অসাড় করে দিয়ে আবারও শীর্ষ দূষিত বায়ুর দেশের জায়গা দখল করে নিল বাংলাদেশ।

বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রতিবেদন-২০২১–এ বাংলাদেশের বাতাসের মানের ভয়াবহ এ পরিস্থিতি প্রকাশ পেল। মারাত্মক ক্ষতিকর যে অতি সূক্ষ্ম বস্তুকণা আমলে নিয়ে আগেরবার প্রতিবেদনে শীর্ষে অবস্থানে ছিল বাংলাদেশ, তার চেয়ে আরও সূক্ষ্ম বস্তুকণা হিসাব করা হয় এবারের প্রতিবেদনে। বিশ্বের প্রায় সাড়ে ছয় হাজার শহরের বায়ুমান পর্যালোচনা করে এ প্রতিবেদন তৈরি করে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে এ–ও প্রতীয়মান হয় যে বসবাসের কাঙ্ক্ষিত জায়গা হিসেবে কতটা পিছিয়ে আছে বাংলাদেশ। দেখা যাচ্ছে, বায়ুদূষণের জন্য অন্যতম দায়ী কালো কার্বন, ঢাকার বাতাসেই সেটির পরিমাণ প্রতি ঘনমিটারে ১০ থেকে ১৫ মাইক্রোগ্রাম। আর উন্নত দেশগুলোর শহরে সেটি প্রতি ঘনমিটারে মাত্র শূন্য দশমিক এক থেকে শূন্য দশমিক পাঁচ পর্যন্ত।

বিশেষজ্ঞরা বলছেন, দূষিত বায়ু বিভিন্ন দেশের মানুষের গড় আয়ু এক থেকে তিন বছর পর্যন্ত কমিয়ে দিচ্ছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্টেট অব গ্লোবাল এয়ারের একটি গবেষণা থেকে আমরা জানতে পারছি, প্রতিবছর বাংলাদেশে লক্ষাধিক মানুষ বায়ুদূষণের কারণে মারা যাচ্ছে। রাষ্ট্র ও সরকার যেভাবে করোনা মহামারি মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছিল, বায়ুদূষণ রোধে তেমনই সামগ্রিক ও সমন্বিত পদক্ষেপ কি এখন দাবি করছে না?

দেখা যাচ্ছে, ঢাকার বায়ুদূষণের অর্ধেকের কারণ হচ্ছে তরল জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়া এবং ধুলাবালু। কোনো সন্দেহ নেই যে রাজধানীতে ব্যক্তিগত গাড়ির পরিমাণ বেড়ে যাওয়া, উন্নত গণপরিবহনব্যবস্থা না থাকা, অপরিকল্পিত আবাসনসহ বড় উন্নয়ন প্রকল্পই এর প্রধানতম কারণ। ইটভাটাগুলো বায়ুদূষণের জন্য বড় অনুঘটক হিসেবে কাজ করছে। পরিবেশ অধিদপ্তর বলছে, বায়ুদূষণ রোধে নিয়মিতভাবে ইটভাটাসহ দূষণের উৎসগুলো বন্ধ করা হয়। কিন্তু কথা হচ্ছে, দেশের আনাচে–কানাচে কোনো ধরনের অনুমতি ছাড়াই অসংখ্য ইটভাটা চলছে কীভাবে। দেশের অধিকাংশ শহর ও পৌরসভায় এখনো আধুনিক বর্জ্যব্যবস্থাপনা গড়ে ওঠেনি। আগুন দিয়ে বর্জ্য পোড়ানোর মতো আত্মঘাতী কর্মকাণ্ড থেকে আমরা কবে বের হতে পারব?

গত বছর পরিবেশ মন্ত্রণালয় বায়ুদূষণ রোধে যে নির্দেশিকা দিয়েছিল, সেটির তেমন বাস্তবায়ন দেখা যায়নি। বায়ুদূষণ কমাতে সরকারের পরিকল্পনা জানাতে গত মাসে পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন হাইকোর্ট। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী কোনো পদক্ষেপও এখন পর্যন্ত আমাদের নজরে আসেনি। বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে আমাদের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নেই। চীনের অবস্থা অতীতে অনেক খারাপ থাকলেও দিন দিন দেশটি এ ক্ষেত্রে উন্নতি করছে। বায়ুদূষণের অন্যতম শহর দিল্লিও নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। বৈশ্বিক সূচকে এমন নেতিবাচক অবস্থান বাংলাদেশের ভাবমূর্তির জন্য হানিকর। এমন পরিস্থিতি বিদেশি বিনিয়োগকেও নিরুৎসাহিত করবে। আমাদের প্রশ্ন, সরকারের নীতিনির্ধারকদের টনক নড়বে কখন? সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য নির্মল বায়ু কি অধরাই থেকে যাবে?