নীতিশ কুমার পারলে আমরা পারি না কেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের শাসনযন্ত্রে আমাদের অংশীদারি আর সে যন্ত্রটি থেকে সুবিচার পাইনি বলেই বহু ত্যাগ-তিতিক্ষায় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। আমাদের স্বপ্ন ছিল, দেশটির শাসনব্যবস্থা হবে গণতান্ত্রিক আর সুশাসন হবে এর মৌলিক চেতনা। এ প্রত্যাশাগুলো আমাদের সংবিধানে যথাযথভাবে চয়ন করা হয়েছে। জননিরাপত্তা অবদান রাখবে আমাদের অর্থনৈতিক উন্নয়নে, এ প্রত্যাশা ছিল। সুশাসনের প্রধান বৈশিষ্ট্য দুর্জনকে শাস্তি প্রদান আর দুর্বলকে রক্ষার কার্যকর প্রক্রিয়া। এসবের জন্য পর্যাপ্ত আইনি বিধান এবং তা বাস্তবায়নের জন্য যথাযথ প্রতিষ্ঠান আমাদের রাষ্ট্রে রয়েছে। কিন্তু সুশাসন প্রতিষ্ঠার স্বপ্ন অনেকটা অলীকই রয়ে গেছে।তবে এটা স্বীকার করতে হবে, স্বাধীনতা অর্জনের ফলে আমরা এগিয়েছি অনেক দূর। দারিদ্র্য হ্রাস পেয়েছে বহুলাংশে। স্বদেশ ও বিদেশে কর্মসংস্থান হয়েছে অনেক। রপ্তানি বৃদ্ধি পেয়েছে উল্লেখ করার মতো। আর্থসামাজিকভাবে দুর্বল জনগোষ্ঠীকে ঘিরে সামাজিক নিরাপত্তাবলয় ক্রমান্বয়ে জোরদার করা হচ্ছে। ব্যাপক খাদ্যঘাটতির এ অঞ্চলটি আজ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ। শিক্ষার হার ক্রমান্বয়ে বাড়ছে। জাতীয় আয়ের বৃদ্ধিও ঈপ্সিত মাত্রায় না হলেও অব্যাহত রয়েছে। এ সাফল্যগুলো আপামর জনগণের আর এর নেতৃত্ব দিয়েছে কমবেশি সব কটি সরকার। পাশাপাশি আমরা দেখছি, প্রায় সর্বক্ষেত্রেই আমাদের চাহিদার তুলনায় জোগান কম। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন শোচনীয়ভাবে অপ্রতুল। খাদ্যসহ অন্যান্য কৃষিপণ্যের উৎপাদনের পাশাপাশি ভোক্তা পর্যায়ে দাম বাড়লেও কৃষক পাচ্ছেন না এর ন্যায্য অংশ। সরকারি স্বাস্থ্যসেবা শোচনীয় রকম দুর্বল। জাতীয় আয় বৃদ্ধি পেলেও ত্রুটিপূর্ণ করনীতি ও আদায় ব্যবস্থাপনার জন্য সমাজে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায়ই নৈরাজ্যকর অবস্থা বিরাজ করে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনাও এখন প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে শত্রুতার মনোভাবই লক্ষণীয়। বেসামরিক প্রশাসনসহ সমাজে প্রায় সর্বক্ষেত্রে দলীয়করণ ঘটে চলেছে। যে প্রবাসী আয় অর্থনীতির একটি প্রধান চালিকাশক্তি, সেই প্রবাসীরা প্রতিনিয়ত দেশে-বিদেশে হয়রানির শিকার হন। দুর্নীতি আজ সমাজের সব ক্ষেত্রে বিরাজমান। পুঁজিবাজার, ব্যাংক ঋণসহ আর্থিক খাতে অনাচার চলছে। বিচারবহির্ভূত হত্যা আর গুমের অভিযোগও থেমে নেই। এসব ব্যর্থতার দায়ভারও কমবেশি সব সরকারের। অনেকের মতে, আমাদের সম্ভাবনার বিবেচনায় সাফল্য কম। তার মূল কারণ দুর্নীতি আর সুশাসনের অভাব। সাফল্য আরও বেশি মাত্রায় হতে পারে সুশাসন প্রতিষ্ঠিত হলে। যেটুকু সাফল্য, তার গৌরব ধুলোয় মিশিয়ে দেয় একটি দুর্নীতিপরায়ণ রাষ্ট্র হিসেবে আমাদের পরিচিতি। বিচারহীনতার একটি সংস্কৃতি সমাজে অপরাধ বৃদ্ধির জন্য প্রণোদনা হিসেবে কাজ করে। নেতাদের দূরদৃষ্টির অভাবে রাজনৈতিক স্থিতিশীলতা প্রায়ই বিপন্ন হয়। আইন থাকলেও অনেক ক্ষেত্রেই তার প্রয়োগ ঘটে ক্ষমতাধরদের প্রভাবে। ক্ষেত্রবিশেষে অর্থের প্রভাবে।কেউ কেউ বলে থাকেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা তাঁদের দল যখন ক্ষমতায় থাকে, তখন কমবেশি এর সুযোগ নেবেন, এটাই স্বাভাবিক। এটাকে বাংলাদেশের বাস্তবতা বলেও কেউ কেউ মত দেন। আবার কেউ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় এর সমাধানের ইঙ্গিত দেন। সে প্রচেষ্টাও কয়েকবার হয়েছে। ক্ষণিক সময় সুফল দিলেও তা টেকসই হয়নি, বরং পরিস্থিতির অবনতিই হয়েছে। শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, দুর্নীতিতে বড় অংশীদার সরকারি কর্মচারীরা। তবে রাজনৈতিক নেতৃত্ব আপসহীন সৎ অবস্থান নিলে সরকারি কর্মচারীদের দুর্নীতিও বহুলাংশে হ্রাস পাবে।পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠা করেছে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই। আমাদের নিকট প্রতিবেশী ভারতে অব্যাহতভাবে গণতান্ত্রিক শাসন চলছে। তবে দেশটি দুর্নীতিমুক্ত বা সেখানে সুশাসন যথাযথ মাত্রায় আছে, এমন দাবি তারাও করে না। তবে দুর্নীতিবিরোধী কার্যক্রম আর সুশাসন প্রতিষ্ঠার জন্য তারা ক্রমাগতভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আবার বিশাল এ দেশটির বিভিন্ন রাজ্যের চিত্র ভিন্ন ভিন্ন। সেখানে রাজ্য সরকারের ভূমিকা প্রধান নিয়ামকের কাজ করে। এখানে ভারতের শুধু একটি মাত্র রাজ্যের অবস্থান তুলে ধরা যায়। রাজ্যটি বিহার। এর আয়তন ৩৮ হাজার বর্গমাইল আর লোকসংখ্যা প্রায় ১০ কোটি। আয়তনে রাজ্যটি ভারতে দ্বাদশ আর জনসংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে। ভারতের প্রাচীন মৌর্য সাম্রাজ্যের রাজধানী পাটালিপুত্র আজকের পাটনা; এটি বিহারের রাজধানী। ইতিহাসখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ও ছিল এখানেই। এ গৌরবোজ্জ্বল উত্তরাধিকার হারিয়ে রাজ্যটি গত বেশ কিছুকাল সুশাসনের অভাবে ভোগান্তিতে ছিল। দীর্ঘকাল এটার অবস্থান ছিল ভারতের দরিদ্রতম রাজ্য হিসেবে। অর্থনীতির এই করুণ অবস্থার জন্য নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারতে কেন্দ্রীয় সরকারের যথাযথ সহযোগিতা না পাওয়ার অভিযোগ করা হতো রাজ্যের ক্ষমতাসীনদের পক্ষ থেকে। বিহার ২০০৫ সালে অর্জন করে সবচেয়ে দুর্নীতিপরায়ণ রাজ্যের খেতাব। শাসনব্যবস্থায় দুর্বৃত্তায়ন এমন পর্যায়ে পৌঁছেছিল যে একজন জেলা ম্যাজিস্ট্রেটকে পিটিয়ে মেরে ফেলা হয়। সহিংসতা ছিল নিত্যদিনের ব্যাপার। টি এন সেশনের মতো ডাকসাইটে প্রধান নির্বাচন কমিশনারকেও এ রাজ্যে ভোট গ্রহণের সময়ে হিমশিম খেতে হয়েছে। তিনি অনেক কেন্দ্রে ভোট বাতিল করেছেন তিন-চারবার করে। ভোট নিয়েছেন আবার।সেই বিহার রাজ্যে ২০০৬ সালে নির্বাচনে জিতে শাসনভার গ্রহণ করেন বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এর আগে তিনি দুই দফায় কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী ও মন্ত্রী ছিলেন। সেসব দায়িত্বও তিনি সাফল্যের সঙ্গে পালন করেছেন। তবে উল্লেখ্য, তিনি তেমন কোনো বর্ণাঢ্য রাজনৈতিক পরিচয়ধারী নন। অত্যন্ত সাদামাটা তাঁর অতীত। তবে ঈপ্সিত লক্ষ্য অর্জনে তাঁর প্রত্যয় ও পথযাত্রা বরাবরই আপসহীন। বিহারে ক্ষমতা গ্রহণের পর তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির নাটকীয় উন্নতি সাধন করেন। নারীর ক্ষমতায়ন করতে তিনি বহু পদক্ষেপ নিয়েছেন। বিচার বিভাগ ও রাজস্বব্যবস্থায় সংস্কার এনেছেন। স্বাস্থ্যসেবা ও জননিরাপত্তা নিশ্চিত করেন তিনি। শিক্ষার্থীদের স্কুলে ধরে রাখতে মধ্যাহ্নকালীন খাবার আর ছাত্রীদের বাইসাইকেল দেওয়ার কর্মসূচি গ্রহণ করে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নেন। নিয়োগ দেন এক লাখের অধিক স্কুলশিক্ষক। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করে রাজ্যবাসীর স্বাস্থ্যসেবাপ্রাপ্তির বাধা দূর করেন।ফলে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই রাজ্যটির অর্থনীতিতেও বিপ্লব ঘটে যায়। বিনিয়োগকারীরা আসছে দেশ-বিদেশ থেকে। ২০০৫-০৬ সালে ভারতে জিডিপি বৃদ্ধির হার যখন ছিল ৯ দশমিক ৮৪ শতাংশ, তখন বিহারে তা ছিল শূন্য দশমিক ৯২ শতাংশ। আর ২০০৯-১০ সালে ভারতে সেই হার যখন ৮ দশমিক ৩৯ শতাংশ, তখন বিহারে তা ১০ দশমিক ৪২ শতাংশ। যেন জাদুর কাঠির পরশ। বর্তমান ভারতে রাজ্যওয়ারি জিডিপি বৃদ্ধির হারে বিহারের অবস্থান গুজরাটের পরপরই। ২০০৫ সালে অর্জিত বিহারের খেতাবটি ২০১১ সালে বদলে গিয়ে হয় সবচেয়ে কম দুর্নীতিপরায়ণ রাজ্যের খেতাব।এই নীতিশ কুমার নির্বাচিত মুখ্যমন্ত্রী। একটি দলের নেতা। পদে টিকে থাকার জন্য তাঁকে বিধানসভার সদস্য ও দলীয় নেতাদের আস্থায় রাখতে হয়। আবার, নির্বাচনের সময় সেই নেতাদের জন্য কাজ করেন যেসব কর্মী, তাঁদেরকেও আস্থায় রাখতে হয় নেতাদের। দ্বিতীয়বার অনেক বেশি আসনে নির্বাচিত হয়ে নীতিশ কুমার প্রমাণ করেছেন দুর্নীতি আর দুঃশাসনকে প্রশ্রয় না দিলেও দল ও সামগ্রিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্যতা কমে যায় না; বরং বৃদ্ধি পায়। সেখানেও সরকারি কর্মচারী আছেন। একসময় দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন তাঁরাও। আজ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে তাঁরাও চুপসে যেতে বাধ্য হয়েছেন। তা হলে প্রশ্ন, একজন নীতিশ কুমার পারলে আমরা পারব না কেন।এখানে স্মরণে রাখা দরকার, নীতিশ কুমার একটি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী। ক্ষমতায় তাঁর সীমাবদ্ধতা প্রচুর। তেমন সীমাবদ্ধতা কিন্তু নেই আমাদের জাতীয় সরকারের। আমাদের দেশে শাসনব্যবস্থায় দীর্ঘদিন যে দৈন্য চলছে, তা চিরদিন চলতে পারে না। এ বাস্তবতাটি আমাদের রাজনৈতিক নেতৃত্ব কেন বুঝতে পারছেন না, অনেকের ধারণাতেই তা আসে না। যাঁরা শাসক দলে থাকেন, তাঁদের সমর্থক বলে দাবিদারেরা ঠিকাদারি থেকে বিশ্ববিদ্যালয় আর থানা, অফিস-কাচারি থেকে হাটবাজার পর্যন্ত সর্বত্রই দুর্বৃত্তপনা চালান। ভর্তি, চাকরি, ব্যবসাসহ সব সরকারি সুবিধাদি বলতে গেলে তারাই নিয়ন্ত্রণ করেন। দলীয় আনুগত্যের নামে প্রকৃতপক্ষে অর্থের বিনিময়ে এগুলোর বিলি-বণ্টন করেন তাঁরা। গণমাধ্যমে সরকারি দলের আগ্নেয়াস্ত্রধারী সদস্যদের ছবি দেখা যায় প্রতিপক্ষকে হামলা করার সময়। আর মামলা হয় আক্রান্তদের বিরুদ্ধে। এগুলো দৃঢ়ভাবে বন্ধ ও কয়েকটি ক্ষেত্রে তাদের শাস্তির বিধান করে সব প্রতিষ্ঠানকে আইনমতো চলতে দিলে যখন যে দল ক্ষমতায় থাকে, তার প্রতি জনসমর্থন অনেক বেড়ে যাবে। তেমনি সেই দলটিতে ভিড়বেন সৎ ও ত্যাগী কর্মীরা, যাঁরা অভিমানে দূরে সরে আছেন। নেতিবাচক ভাবমূর্তির ব্যক্তিরা কোনো দলেরই সম্পদ হতে পারেন না; বরং তাঁরা দায়। নির্বাচনী প্রচারে তাঁরা সামনে থাকলে ভোট কমে যাওয়ার আশঙ্কাই তো বেশি। এটা তো আমাদের দেশে গত দুই যুগে বারবার প্রমাণিত হয়েছে। সুশাসন প্রতিষ্ঠিত হলে জননিরাপত্তা নিশ্চিত হবে। দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে অবকাঠামো উন্নয়নসহ সর্বক্ষেত্রে। জাতীয় সমৃদ্ধিতে তার প্রভাব লক্ষণীয় হবে স্বল্প সময়ে। ন্যায়বিচার নিশ্চিত হলে সামাজিক জীবন থেকেও অস্থিরতা কমে আসবে। রাজনৈতিক পদ-পদবির জন্য প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু থাকবে না প্রতিহিংসা। নির্বাচনে পরাজয়ের পরিণতির জন্য আতঙ্কগ্রস্ত থাকতে হবে না কোনো দলকে। নীতিশ কুমারের নেতৃত্বে প্রতিবেশী ভারতের একটি অঙ্গরাজ্য এ বিষয়ে আমাদের সামনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত নিয়ে এগিয়ে চলছে। আর আমরা মুক্তিযুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীন জাতিটিকে কি সুশাসনের নিশ্চয়তা দিতে পারি না? অবশ্যই পারি। তার জন্য দরকার রাজনৈতিক প্রত্যয়। আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।