কেউ স্বেচ্ছায় চাঁদাবাজদের চাঁদা দিতে চায় না। কিন্তু না দিলে যখন বড় ধরনের বিপদে পড়তে হয়, তখন নগরবাসী চাঁদা দেওয়াকেই সম্ভবত আত্মরক্ষার উপায় হিসেবে বেছে নিয়েছেন। সবাই বুঝে গেছেন যে এ নিয়ে থানা-পুলিশ করে লাভ নেই। তাই কেউ সহজে থানা–পুলিশের কাছে যান না। ফলে পুলিশের খাতাপত্রে চাঁদাবাজি বলে তেমন কিছু নেই।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিসংখ্যান বলছে, জুন মাসে চাঁদাবাজির কোনো মামলা হয়নি। পুলিশের জন্য বিষয়টি স্বস্তির। কারণ, রেকর্ড খুবই ভালো, স্বস্তি চাঁদাবাজদের জন্যও, নীরবে ঝুট-ঝামেলা ছাড়াই কাজটি সারতে পারছে তারা। পুলিশ ও চাঁদাবাজ দুই পক্ষই যদি স্বস্তিতে থাকে, তবে জনগণের যে অবস্থা হওয়ার কথা, তা-ই হচ্ছে! ঈদ সামনে রেখে চাঁদাবাজদের নীরব ও সরব দৌরাত্ম্য চলছে।
এ অবস্থায় নাগরিকেরা অসহায়। চাঁদা না দিয়ে উপায় কী? মধ্য পাইকপাড়ার ডিশ ব্যবসায়ী মনিরুজ্জামান চাঁদা না দেওয়ার ফল টের পাচ্ছেন। পেটে ছুরিকাঘাতের শিকার হয়ে এখন তিনি হাসপাতালে। মিরপুর থানায় চাঁদাবাজির তথ্য, চাঁদাবাজদের নামধাম জানিয়ে ও জিডি করেও কোনো ফল পাননি তিনি। থানার ওসি তাঁকে ‘আতঙ্কিত’ না হওয়ার পরামর্শ দিয়েছিলেন। পুলিশ বিভাগে জবাবদিহি বলে কিছু থেকে থাকলে এই ওসির চাকরি থাকার কথা নয়।
কারা কোথায় চাঁদাবাজি করে এবং ঈদের সময় যে তাদের তৎপরতা বেড়ে যায়, তা স্থানীয় থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের না জানার কথা নয়। কেউ চাঁদাবাজির শিকার হওয়ার আগেই তো জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দেখা যাচ্ছে, অপরাধী চক্রের বিরুদ্ধে আগাম ব্যবস্থা তো নেই-ই, অভিযোগ জানিয়েও ফল পাওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনাস্থার কারণেই ভুক্তভোগীরা থানা-পুলিশ না করে চাঁদাবাজদের দাবি পূরণ করতে বাধ্য হচ্ছেন।
প্রথম আলোর প্রতিবেদনে ভুক্তভোগীদের যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে এটা স্পষ্ট যে চাঁদাবাজেরা জনগণকে কার্যত জিম্মি করে ফেলেছে। অতএব, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে’ বলে সত্যকে আড়াল না করে জনগণকে চাঁদাবাজদের হাত থেকে বাঁচানোর বিকল্প নেই।