একজন ডাচ ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল, যিনি ছয়টি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, কোন ভাষাটি তাঁর কাছে সবচেয়ে পছন্দের। ভদ্রলোক কিছুক্ষণ চুপ থেকে বলেছিলেন, ‘নীরবতা’। তিনি বলেছিলেন, যে ভাষাটি পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহূত হয় সেটি ইংরেজি নয়, স্প্যানিশ নয়, ফরাসি নয় বরং নীরবতা। জেনেছি, প্রাচীন গ্রিসে বালক-বালিকাদের নীরবতার ভাষা ব্যবহারের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হতো। প্রতিদিনকার জীবনযাপনে নীরবতার ভূমিকা সম্পর্কে শিক্ষা দেওয়া হতো তাদের। নীরবতা কখনো কৌশল, কখনো অভিমান, কখনো প্রজ্ঞা, কখনো প্রতিবাদের অর্থ বহন করতে পারে। বালক-বালিকাদের বিশেষভাবে শিক্ষা দেওয়া হতো, কী করে নীরব থেকে অন্যের কথা শুনতে হয়। তাদের বলা হতো সারা দিন তুমি যত কথা বলবে, তার অন্তত দ্বিগুণ অন্যের কথা শুনবে। কারণ, প্রকৃতি আমাদের সেভাবেই তৈরি করেছে, আমাদের কান দুটো, কিন্তু মুখ একটি। প্রকৃতি চায়, আমরা কম বলি আর বেশি শুনি। সক্রেটিসের শিক্ষার মূল পদ্ধতিটিই ছিল ছাত্রকে টুকরো কোনো প্রশ্ন করে করে মূলত তাকে বলার সুযোগ করে দেওয়া এবং তার কথা শোনা। প্রাচীন গ্রিস জগৎসংসারের কথা শুনেছে এবং তা প্রয়োগ করেছে নিজেদের সমাজে। এভাবে সভ্যতার পীঠস্থানে পরিণত হয়েছে তারা। প্রাচীন ভারতীয় সাধুরাও মৌনব্রত পালন করতেন। দিনের পর দিন নীরব থেকে তাঁরা খোলা রাখতেন কেবল কান। পৃথিবীকে শুনতেন কেবল। এই মৌনব্রত শেষে বোধিপ্রাপ্ত হতেন তাঁরা; পৃথিবীকে নতুন করে চিনতেন। প্রাচ্যে, পাশ্চাত্যে আজকাল ‘যোগ’, ‘মেডিটেশন’ ইত্যাদি চলের মাধ্যমে এই মৌনব্রত আবার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই প্রবল কোলাহলের যুগে নীরবতার সৌন্দর্য নতুন করে আবিষ্কার করছেন তাঁরা।ভাবছিলাম, আমাদের দেশে প্রাচীন গ্রিসের মতো নীরবতার এমন প্রশিক্ষণের ব্যবস্থা থাকলে মন্দ হতো না। সাধারণভাবে আমাদের শোনা ও বলার অনুপাতটি গ্রিক শিক্ষার পুরোপুরি বিপরীতই বলে চলে। আমরা শুনি যৎসামান্য, বলি অবিরল। প্রকৃতির নিয়ম বদলে দিয়েছি আমরা। আমাদের বরং বলা যায়, মুখ দশটি ও কান একটি। কিছু পেশার মানুষের পক্ষে নীরব থাকা অবশ্য বিশেষভাবে অসম্ভব। যেমন রাজনীতিবিদ। তাঁদের মুখের সামনে অবিরাম মাইক্রোফোন, নাকের ডগায় কামানের মতো তাক করে থাকা ক্যামেরা। তাঁদের তো নীরব থাকার উপায় নেই, কথা তাঁদের বলতেই হবে। নানা ভাষা, ভঙ্গিতে তাঁরা প্রাণ খুলে বলেন। এটি তাঁদের পেশাগত দায়িত্বের মধ্যেও পড়ে। কিন্তু ঝুঁকি থাকে তাঁদের কথামালা যাঁরা নীরবে শুনছেন, সেই ‘সাইল্যান্ট মেজরিটির’ নীরবতার ভাষা তাঁরা আঁচ করতে পারেন কি না। মাইক্রোফোন, ক্যামেরা, মিটিং, মিছিলে যাঁদের দেখা যায় না, তেমন একটি বিশাল জনগোষ্ঠী এক দলের আস্ফাালন আর অন্য দলের আশাবাদ—দুটোই নীরবে পর্যবেক্ষণ করছেন। সময়মতো মৌনমুখেই তাঁরা তাঁদের সিদ্ধান্ত জানাবেন। সেই রাজনীতিই সফল হবে, যাঁরা ধরতে পারবেন ওই সংখ্যাগুরু নীরব জনগোষ্ঠীর ‘পালস’।রাজনৈতিক নীরবতা থেকে মুখ ফেরানো যাক নীরবতার ব্যক্তিগত মাত্রার দিকে। আমাদের সবার জীবনেই টুকরো টুকরো নীরবতার বহু মুহূর্ত আছে, যা আমাদের কাছে মূল্যবান। আছে কখনো স্বেচ্ছা নীরবতা, কখনো অপারগ নীরবতা। কত আপনজনকে কত কথা হয়তো বলতে চেয়েছি, কিন্তু বলা হয়নি। বলার ঠিক মুহূর্তটি, ঠিক স্থানটি আর আসেনি। নীরবতার মাটিতে চাপা দিয়ে রেখেছি সে কথা। আবার এমন কথাও আছে, যা অন্যকে যেমন বলা যায় না আবার বলা যায় না নিজেকেও। গোপনে বুকের ভেতর কবর দেওয়া, এমন অনেক টুকরো নীরবতা নিয়ে হয়তো আমরা সারা জীবন পার করে দিই। কিংবা কারও জীবনে এমন এক মুহূর্ত উপস্থিত হয়, যখন নীরবতা একটা ভারী পর্দার মতো পৃথক করে রাখে পরস্পরকে। এক মহিলার সঙ্গে কথা হয়েছিল, যাঁর ছেলে দেশের এক সামরিক অভ্যুথানে ভুলভাবে অভিযুক্ত হয়েছিলেন। ফাঁসি হয়েছিল তাঁর। ফাঁসির আগের দিন ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। মহিলা বলছিলেন, পুরোটা সময় তিনি একটি কথাও বলতে পারেননি। যে ছেলেটি অপরাধ না করেও আর কয়েক ঘণ্টার মধ্যে পৃথিবী থেকে বিদায় নেবেন, তাঁকে কী বলতে পারেন তাঁর মা? জীবন আর মৃত্যুর সীমানায় একটা অপার সমুদ্রের মতো নীরবতা জেগে ছিল দুজনের মধ্যে। নীরবতার ভেতরেই শেষ বিদায় নিয়েছেন পরস্পর।নীরবতা প্রসঙ্গে আমার ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথা জানিয়ে শেষ করি। মনে তখন বসন্ত। খুঁজছি এমন কাউকে, যাকে বলা যাবে, ‘তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা।’ বাকপটু, প্রগলভ পরিচিতাদের ভিড়ে একজনকে দেখি অবিরাম নীরব। কদাচিৎ কথা বলে সে। তার এই গাঢ় নীরবতায় খানিকটা অস্বস্তি নিয়ে তাকে বলি, ‘কথা না বললে একজন মানুষকে কী করে বোঝা যাবে?’ সে আমাকে উত্তরে জানায়, ‘যে আমার নীরবতা বোঝে না, সে আমার ভাষাও বুঝবে না।’ চমকিত হই এই চ্যালেঞ্জে। তার নীরবতার ভাষা বোঝার প্রত্যাশায় অবশেষে একদিন তাকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দিই। প্রস্তাবে রাজি হয় সে। নীরবতার ভাষা অনুবাদ করা সহজ নয়। চেষ্টা অব্যাহত আছে এখনো।শাহাদুজ্জামান: কথাসাহিত্যিক।[email protected]