নুরুল আমিন হোক অনুপ্রেরণা

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর—স্বামী বিবেকানন্দের এই অমৃত বাণী কার না জানা আছে। যার মানে হচ্ছে, জীবের প্রতি ভালোবাসা প্রদর্শন করলে সৃষ্টিকর্তারই সেবা করা হয়। কিন্তু প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি ভালোবাসা প্রদর্শনকারী মানুষের এখন বড্ড অভাব। সময়ের প্রেক্ষাপটে নানা সংকট ও সমস্যার বেড়াজালে পড়ে দিন দিন মানবিকতাশূন্য হয়ে পড়ছে মানুষ। সেখানে অন্যান্য প্রাণীর প্রতি প্রেম তো দুর্লভ বস্তুই বলা যায়। এরপরও আমরা আশান্বিত হই, ঝালকাঠি শহরের বাসিন্দা নুরুল আমিনের প্রাণ-প্রকৃতির প্রতি অসাধারণ প্রেম ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসায়।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ১২ বছর ধরে পশুপাখি ও মানুষকে খাইয়ে দিনের শুরু করেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নুরুল আমিন (৬৫)। এলাকায় তিনি মানিক স্যার নামে পরিচিত। ফজরের নামাজ শেষে শহরের কাপুড়িয়াপট্টি থেকে শুরু করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পশুপাখি ও মানুষকে খাবার বিলি করেন। সাপ্তাহিক হাটের দিন নিজেদের কাপড়ের দোকানে বসে শতাধিক ভিক্ষুককে খাওয়ান কলা-রুটি। তাদের মধ্যে ২০ জনের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন। এ ছাড়া শহরের ফড়িয়াপট্টির ডাকঘাটা বাসন্ডা খালপাড় ও নতুন কবরস্থান এলাকায় রোপণ করেছেন শতাধিক ফলের গাছ। সেসব গাছ থেকে মানুষ এখন ফল পেড়ে খায়।

স্থানীয় রেস্তোরাঁ ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ‘স্যার প্রতিদিন সকাল হলেই আমার রেস্তোরাঁ থেকে খাবার কিনে পশুপাখি ও মানুষকে খাওয়ান। তাঁর মনে মানুষ ও পশুপাখির জন্য অনেক মায়া। ২০১৭ সালে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সাহায্য দিতে টেকনাফে গিয়ে ১২ দিন
ছিলেন তিনি। সেখানে প্রতিদিন দুই শতাধিক রোহিঙ্গা শরণার্থীকে শুকনা খাবার দিয়েছেন।’

সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতেও অন্তঃপ্রাণ নুরুল আমিন। প্রতিষ্ঠা করেছেন একটি প্রাথমিক বিদ্যালয়ও, হন সেটির প্রধান শিক্ষক। বিদ্যালয়টি জাতীয়করণসহ অবকাঠামো নির্মাণে বাবার কাপড়ের ব্যবসার লাভের একটা বড় অংশ খরচ করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বুঝিয়ে শিক্ষার্থী ভর্তি করিয়েছেন। বিদ্যালয়ের আঙিনায় লাগিয়েছেন নানা রকম ফলের গাছ। তাঁর হাতে গড়া বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয়করণ হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার জীবনের শেষ সম্বলটুকু পশুপাখি ও মানুষের কল্যাণে বিলিয়ে দিতে চাই। পরিবারের সদস্যরাও আমার ভালো কাজে সহায়তা করে।’ প্রথম আলোর ২৩ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোকিত মানুষ হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয় নুরুল আমিনকে। সমাজের অকৃত্রিম বন্ধু হিসেবে তাঁর এসব মহতী কর্মকাণ্ড ছড়িয়ে পড়ুক। নুরুল আমিনকে আমাদের অভিবাদন।