নুসরাত হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান হত্যাকাণ্ডের ঘটনার বড় দায় এক অর্থে সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেমের। বিপদে পড়ে নুসরাত তঁার কাছে সাহায্য চেয়েছিলেন, সেদিনই যদি তিনি আইন অনুযায়ী অভিযোগটি আমলে নিতেন, তাহলে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি না–ও ঘটতে পারত। তিনি তা না করে বরং ঘাতক চক্রের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন। তাঁর এই ভূমিকা গোটা পুলিশ বিভাগের ভাবমূর্তির জন্য কলঙ্কজনক।

অথচ পরিহাসের বিষয় হচ্ছে, ক্ষমতাসীন দলের নেতা ছাড় না পেলেও পুলিশ ছাড় পেয়ে যায়। ফেনীর স্থানীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে ঘাতক চক্রের কারও আধা মিনিটের আলাপের প্রাথমিক প্রমাণ পাওয়ার কারণে তাৎক্ষণিক তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময়ে এজাহারে তঁার নাম না থাকলেও সন্দেহভাজন হিসেবে তাঁকে গ্রেপ্তারে পুলিশ দ্বিধা করেনি। কিন্তু ওসি মোয়াজ্জেম এবং তাঁর সতীর্থরা কার্যত দেশবাসীকে বুঝিয়ে দিলেন, নেতা ধরা সহজ, ওসিকে নয়।

এখন পর্যন্ত ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে শুধু নুসরাতকে বিব্রতকর প্রশ্ন করা এবং তার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সাইবার ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তিনি পলাতক রয়েছেন। তাঁর এই পলায়ন নিয়ে সংগত কারণেই দেখা দিয়েছে নানা গুরুতর প্রশ্ন। নুসরাত হত্যাকাণ্ড গোটা দেশবাসীকে চরম ঝাঁকুনি দিয়েছে। এরপর যে দ্রুততায় নিহত নুসরাতের পরিবারের পাশে প্রধানমন্ত্রীকে দাঁড়াতে এবং পুলিশকে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিতে দেখা গেল, তার সঙ্গে ওসি মোয়াজ্জেমের প্রতি পুলিশ বিভাগের প্রকাশিত মনোভাবের কোনো মিল নেই। বরং একজন ওসি মোয়াজ্জমের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ বিভাগের লুকোচুরি দেশবাসী দেখতে পেল। সাইবার ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার আগেই তাঁকে নিরাপত্তা হেফাজতে নেওয়া সম্ভব ছিল। কিন্তু তা করা হয়নি। এমনকি তঁাকে বরখাস্তও করা হয়নি।

আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করলাম, রংপুর রেঞ্জে সংযুক্ত করে তাঁকে সোনাগাজীর কর্মস্থল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হলো। এরপর সাইবার ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই রংপুর থেকে সাক্ষ্য দেওয়ার নাম করে ঢাকায় চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ঈদের বন্ধে ফেনীর পুলিশ সুপার এবং রংপুরের ডিআইজির যে দুটি সাক্ষাৎকার প্রথম আলোর অনলাইনে প্রকাশিত হয়েছে, তা সাক্ষ্য দিচ্ছে ওসিকে রক্ষায় পুলিশ বিভাগ কতটা সচেষ্ট। আর তঁাকে বাঁচানোর পরোক্ষ অথচ সুস্পষ্ট অর্থ হলো নুসরাতের ঘাতক চক্রের সঙ্গে জড়িত একজনকে রক্ষার চেষ্টা করা। পরোয়ানা মাথায় নিয়ে একজন ওসি কীভাবে অন্য মামলায় সাক্ষ্য দিতে যেতে ‘অনুমতিপ্রাপ্ত’ হতে পারেন, সেটা এক বড় প্রশ্ন।

যে প্রক্রিয়ায় এবং ‘পরোয়ানা হাতে পাই নাই’ যুক্তি দিয়ে মোয়াজ্জেমকে ঈদের ছুটি ভোগ ও পালাতে যেভাবে সাহায্য করা হলো, তার একটা জবাবদিহি দরকার। ডিজিটাল যুগে সাইবার আদালতের জারি করা পরোয়ানা নিয়ে ‘পেয়েছি, পাইনি’, পাওয়ার পরে ‘বিধি মোতাবেক হয়নি’, ইত্যাদি বলে যে লুকোচুরিটা চলছে, তা গ্রহণযোগ্য নয়। ডিজিটাল যুগে আদালতের পরোয়ানা ‘হাতে হাতে’ পৌঁছানোর শর্তে পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে। কোনো সন্দেহ নেই, এত বড় একটি চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত একজন ওসিকে রক্ষায় পুলিশ বিভাগ এ পর্যন্ত সদিচ্ছার যে ঘাটতি দেখাল, তা লজ্জাজনক। আমরা টিআইবির সুপারিশের সঙ্গে একমত যে, এই ঘটনায় পুলিশের ভূমিকা বিচার বিভাগীয় তদন্তের দাবি রাখে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘একটু সময়’ লাগলেও তাঁকে বিচারের মুখোমুখি হতেই হবে। দেশবাসী তাঁর কথায় আশ্বস্ত হতে চাইবেন। কিন্তু প্রশ্নটা থাকবে, একজন ওসিকে রক্ষায় যা ঘটল, তা কি তাঁর ব্যক্তিগত শক্তির নির্দেশক, নাকি প্রাতিষ্ঠানিক?