নৃশংস শিশুহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেব ও দানব মানুষের মধ্যেই থাকে। আপন ভাইবোনের তিন শিশুসন্তানকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে ঝিনাইদহের ইকবাল হোসেনের বিরুদ্ধে। ঘরে আটকে গ্যাসের সিলিন্ডার জ্বালিয়ে দেওয়ার পর তাঁর চিৎকার ছিল, ‘সব শেষ করে দিয়েছি’। তিন মাসুম শিশুকে শেষ করে দিতে গিয়ে তিনি শেষ করে দিয়েছেন তাঁর ভেতরের সবটুকু মনুষ্যত্ব।
যুদ্ধেও শিশুদের হত্যা করা নিষেধ, আর টাকার জন্য সন্তানতুল্য শিশুদের নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা হলো? এমন ঘটনা শুধু মানুষের ওপর আস্থাই টলিয়ে দেয় না, আমাদের তীব্র সামাজিক-মনস্তাত্ত্বিক বিকারকেও উদোম করে দেয়।
পারিবারিক দ্বন্দ্বের নির্মম বলিদেখা যায়, সম্পত্তি ও অর্থনৈতিক বিবাদই দেশের অধিকাংশ ফৌজদারি অপরাধ তথা খুন-জখমের কারণ। বৈষয়িক স্বার্থে এমনকি স্ত্রী-সন্তানকেও হত্যার ঘটনা গ্রাম ও শহরে ঘটা বিরল নয়। তারপরও এমন ঘটনার সামনে পড়ে আমাদের বিবেক-বুদ্ধি থমকে যায়। বিদেশ থেকে পাঠানো অর্থের হিসাব নিয়ে ঝগড়া হয় প্রবাসফেরত ইকবাল হোসেনের। এর শোধ নিতে তিনি পরিকল্পিতভাবে ওই তিন শিশুকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাঁকে আটক করেছে। দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁর উপযুক্ত শাস্তিই প্রত্যাশিত।
খুনের দায়ে আটক ব্যক্তির স্ত্রী ও দুই সন্তান রয়েছে। টাকার জন্য ভয়াবহ অনেকগুলো অপরাধ তিনি করেছেন। তিন শিশুকে হত্যা করে তিনি পার পাবেন না। আইনের বিচারে তাঁর জীবনও ঝুঁকিতে। দুই পরিবারে তিনি যে শোক ও বেদনা চাপিয়ে দিয়েছেন, তা অসহনীয়। এমনকি স্ত্রী ও দুই সন্তানের স্বাভাবিক শান্তিপূর্ণ জীবনকেও তিনি বিসর্জন দিলেন। হিংসায় অন্ধ মানুষ ভয়াবহ দানবীয় হয়ে কী করতে পারে, এ ঘটনা থেকে সেই শিক্ষা সবারই নেওয়া উচিত।
আইন হত্যাকারীর বিচার করবে। কিন্তু শিশুহত্যার এ কোন বিষচক্রে প্রবেশ করল আমাদের সমাজ? শিশু রাজন, সামিউলের হত্যাকাণ্ড জাতিকে থমকে দিয়েছিল। তারপরও শিশুহত্যা কমছে না। যে অসুস্থ সমাজ-মানসিকতা এ ধরনের মনোবৃত্তির জন্ম দেয়, প্রতিকার হতে হবে সেখানেও। মনুষ্যত্বের জাগরণ নৈতিক ও সাংস্কৃতিক কাজ। সমাজের অভিভাবকদের সেদিকেও নজর দেওয়া উচিত।