মার্চ ১৯৭১ আর মার্চ ২০১২-এর মধ্যে কত আকাশ-পাতাল পার্থক্য। একাত্তরের মার্চে স্বাধীনতা লাভের জন্য সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। আজ জাতি পুরো বিভক্ত। কোনো একটি জাতীয় ইস্যুতে প্রধান দুটি দল একমত হতে পারছে না। একদল যদি বলে সূর্য পূর্ব দিকে উঠবে, অন্য দল এর মধ্যে ষড়যন্ত্র খুঁজবে। যেকোনো জাতির প্রধান শক্তি অর্থ বা অস্ত্রশক্তি নয়, জাতীয় মতৈক্য। দুর্ভাগ্যজনক হলেও সত্য, স্বাধীনতার পর সেই মতৈক্য প্রতিষ্ঠিত হয়নি। এক দিনের জন্যও নয়। বিদেশি দখলদার কিংবা স্বদেশি সামরিক শাসক তাড়াতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, কিন্তু দেশ পরিচালনা, সরকার পরিচালনা এমনকি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমরা একমত হতে পারিনি। ‘আমি যা চিন্তা করি, আমার দল যা ভাবে, সেটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিন্তা, সেটাই মহত্তম ভাবনা, এর বাইরে কিছু থাকতে পারে, মানুষ বিকল্প কিছু ভাবতে পারে’, আমাদের মহান নেতা-নেত্রীরা তা স্বীকার করেন না। তাঁরা আলোচনায় বিশ্বাস করেন না। বিশ্বাস করেন সংঘাতে। যুক্তিতে আস্থা রাখেন না, আস্থা রাখেন গালিগালাজে। তাঁরা সংসদ কার্যকর করেন না, রাজপথ দখলে রাখতে সদা সক্রিয় থাকেন। আমাদের মহান স্বাধীনতা এবার ৪১ বছরে পড়েছে। স্বাধীনতার এই মার্চে নেতা-নেত্রীদের ভাষণ ও আচরণ হতে পারত নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় ও অনুসরণীয়। সব রাজনৈতিক দল সম্মিলিত অথবা যুগপৎ বিপুল উদ্দীপনায় উদ্যাপন করতে পারত স্বাধীনতার মাসটি। নেতা-নেত্রীরা লাখো শহীদের কথা মনে রেখে অন্তত এই মাসটিতে তাঁরা গালিগালাজ বন্ধ রাখতে পারতেন। একে অপরকে আরেকটু সম্মান জানিয়ে কথা বলতে পারতেন। সম্ভবত সেটিই হতো শহীদদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন। তার বদলে সরকার ও বিরোধী দলের বিজ্ঞ নেতা-নেত্রীরা প্রচণ্ড ঘৃণা, প্রবল বিদ্বেষ, তীব্র হিংসা ছড়াচ্ছেন। প্রতিপক্ষকে অপমান করে আনন্দ পাচ্ছেন। অথচ যে আমজনতার নামে তাঁরা রাজনীতি করছেন, তাঁদের প্রাত্যহিক জীবনের দুঃসহ যন্ত্রণা, কষ্ট ও গ্লানি তাঁদের স্পর্শ করছে না।স্বাধীনতার ৪১তম বার্ষিকীতে রাজনীতিকেরা কি মনে রেখেছেন শহীদদের কথা? তাঁরা কি একবারও ভেবে দেখেছেন, ৩০ লাখ মানুষ জীবন দিয়ে যে দেশটি স্বাধীন করে গেছেন, আমরা তাঁদের জন্য কী করেছি, কী দিয়েছি? তাঁরা যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শকে সামনে রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাঁদের জন্য আপনারা কী করেছেন? তাঁদের ত্যাগের বিনিময়ে আপনাদের কেউ প্রধানমন্ত্রী হচ্ছেন, কেউ বিরোধী দলের নেতা। তাঁদের জন্যই তো এই রাষ্ট্র, এই জাতীয় সংসদ, এই মন্ত্রিসভা, এই সরকার ও এই বিরোধী দল। কিন্তু পাদপ্রদীপের নিচে যে ১৬ কোটি মানুষ, প্রতি পাঁচ বছর পর যাঁদের ভোটে আপনারা নির্বাচিত হন, তাঁদের জন্য কী করেছেন, কী করবেন?দেশের রাজনীতি কি এভাবেই চলবে? একদল আরেক দলকে ঠেঙাবে? গালিগালাজ করবে? একজন আরেকজনের টুঁটি চেপে ধরবে? এভাবেই কি সরকারি ও বিরোধী দল যুদ্ধ জিইয়ে রাখবে? এভাবেই কি আমরা সর্বনাশের পথে হাঁটতে থাকব? মাননীয় নেতা-নেত্রীরা একবার চারপাশে তাকিয়ে দেখুন, পাশের দেশের রাষ্ট্রপ্রধানেরা, সরকারপ্রধানেরা কী করেছেন আর আপনারা কী করেছেন। শেখ হাসিনা ও খালেদা জিয়া সম্ভবত পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান রাজনীতিক। একনাগাড়ে তিন দশক ধরে দেশের বড় দুটি দলের নেতৃত্ব দেওয়া এবং দুই-দুই মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার নজির গণতান্ত্রিক বিশ্বে বিরল। আমেরিকায় পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারেন না। ব্রিটেনে মার্গারেট থ্যাচার তিন মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু তিনি দলের প্রধান ছিলেন না। সোনিয়া গান্ধী দুই দশক ধরে দল পরিচালনা করলেও সরকারে যাননি। অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর পদ বর্জন করেছেন। দেশের সব শ্রেণী ও পেশার মানুষ আপনাদের প্রতি যে আস্থা রেখেছেন, যে ভালোবাসা ও শ্রদ্ধা দেখিয়েছেন, আপনারা তার বিনিময়ে তাঁদের কী দিয়েছেন? আপনারা আর কিছু না পারুন অন্তত নতুন প্রজন্মকে হিংসা ও গালিগালাজ শেখাবেন না। অশালীন ভাষা শেখাবেন না। দেশজুড়ে আপনাদের যে লাখ লাখ সমর্থক আছেন, অন্তত তাঁদের কথা মনে রেখেই এমন কিছু বলবেন না, যাতে প্রতিপক্ষ আহত হয়, অপমানিত হয়। দেশের বরণীয় নেত্রী হয়েও যদি আপনারা একজন আরেকজনকে ‘খবর আছে’ হুমকি দেন, ‘লুলা’ করে দেওয়ার কথা বলেন, তাহলে দেশের সাধারণ মানুষ, আমজনতা কী শিখবে? সমাজে যে অসহিষ্ণুতা, অসংযম, মানুষের প্রতি মানুষের অশ্রদ্ধাবোধ—তার জন্য আপনারাও কম দায়ী নন।রাজনীতি মানুষের কল্যাণের জন্য, না ক্ষমতার দম্ভ প্রকাশের জন্য? সরকারের প্রধান দায়িত্ব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, না অন্যের হাসি কেড়ে নেওয়া? সরকারের মনে রাখা প্রয়োজন, রাষ্ট্রের তিনটি বিভাগ—নির্বাহী, বিচার ও আইন বিভাগ—কারও ওপর কারও হস্তক্ষেপ কাম্য নয়। অথচ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কথা শুনলে মনে হবে, মামলা, তদন্ত, বিচার—এসবের কোনো প্রয়োজন নেই। কাউকে ধরে এনে শূলে চড়িয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।সরকারের মন্ত্রীরা দাবি করেন, আগের তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে, আগের বিএনপি সরকারের চেয়ে দেশ ভালো চালাচ্ছেন। ভালো চালানোর জন্যই তো জনগণ ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় এনেছে। কিন্তু সেই ভালো যে কতটা ভালো, তা বিচার করার অধিকারও জনগণের আছে। আজকের মন্ত্রী-সাংসদেরা যেভাবে দম্ভ দেখাচ্ছেন, বিএনপির আমলে তাদের মন্ত্রী-এমপিরাও দেখাতেন। কোথায় তাঁরা এখন? আওয়ামী লীগের বড় গুণ, ক্ষমতায় গেলে সাধারণ মানুষের কল্যাণে কিছু কাজ করে। আর আওয়ামী লীগের বড় দোষ সমালোচনা একদম সহ্য করতে পারে না। কেউ সমালোচনা করলেই দেশ ও জনগণের শত্রু হিসেবে চিহ্নিত করা হয়। বিএনপি-জামায়াতের দালাল বানানো হয়। আওয়ামী লীগের চরিত্রের মধ্যে এক ধরনের গোয়ার্তুমি আছে, যা তার অধিকাংশ নেতা-কর্মীকে সংক্রমিত করছে। অস্বীকার করছি না, এই দেশের স্বাধীনতার জন্য আওয়ামী লীগেরই অবদান বেশি, তারা রাজপথে ও যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। তার অর্থ এই নয় যে আওয়ামী লীগের বাইরে কেউ কিছু করেননি। ১৯৭১ সালে কতিপয় দালাল, রাজাকার, আলবদর ছাড়া সবাই যাঁর যাঁর অবস্থান থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন। আওয়ামী লীগের নেতারা যখন নিজেদের দেশপ্রেম ও মানবপ্রেমের সিপাহশালার দাবি করেন, তখন তাঁরা যেন এ কথাও মনে রাখেন যে এই দলই খন্দকার মোশতাক আহমদ, তাহের উদ্দিন ঠাকুর, নুরুল ইসলাম মঞ্জুর, ওবায়েদুর রহমান, শফিউল আলম প্রধান, কোরবান আলী, ইউসুফ আলীদের জন্ম দিয়েছে।১২ মার্চ বিএনপির মহাসমাবেশ নিয়ে রাজনৈতিক অঙ্গন ফের উত্তপ্ত হয়ে উঠেছে। কেন? এই এক দিনের কর্মসূচিতে কি সরকারের পতন ঘটে যাবে? শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব হারাবেন? তাহলে সরকারি মহলে এত তোলপাড় কেন? ১২ মার্চের কর্মসূচির পক্ষে বিএনপির নেতা-কর্মীরা যত না প্রচার করছেন, তার চেয়ে বেশি করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রী বলেছেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে সমস্যা নেই। কিন্তু কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টি বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে খবর আছে।’ এটি কি প্রধানমন্ত্রীসুলভ কথা হলো? বিএনপি কেন, যেকোনো দল বা ব্যক্তি কর্মসূচির নামে কোনো চক্রান্ত করলে, সন্তাসী কর্মকান্ড চালালে প্রধানমন্ত্রীর দায়িত্ব তা শক্ত হাতে দমন করা।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিএনপির নেতা-কর্মীদের প্রতি কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। মানুষ কোনটি সত্য ধরে নেবে? প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, না তাঁর দলের যুগ্ম সাধারণ সম্পাদকের আহ্বান? বিএনপির ১২ মার্চের মহাসমাবেশের আগে ও পরে আওয়ামী লীগ ও ১৪ দল একাধিক কর্মসূচি দিয়েছে। তারা গণমিছিল করবে, মানববন্ধন করবে, মহাসমাবেশ করবে। মনে রাখবেন, একটি রাজনৈতিক কর্মসূচি পালিত হলে এক দিনে শেষ হয়ে যায়। কিন্তু পালিত না হতে পারলে তার রেশ অনেক দিন, অনেক মাস থেকে যাবে। আমরা বুঝি না, আওয়ামী লীগ দেশের জন্য এত কাজ করেছে, জনগণের এত উন্নতি করেছে, এত গণমুখী কর্মসূচি নিয়েছে, তারপরও তারা সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছে কেন? সামরিক শাসনামলে নির্বাচনী রায় বানচাল করা হয়েছে, বিএনপি আমলে প্রহসনমূলক নির্বাচন হয়েছে। আওয়ামী লীগের আমলে সব নির্বাচন স্বচ্ছ হয়েছে, এটা নিশ্চয়ই আওয়ামী লীগের কৃতিত্ব। প্রধানমন্ত্রী প্রায়শ একটি কথা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় জনগণ কিছু পায়, তারা ক্ষমতায় না থাকলে জনগণ কিছু পায় না।’ এটা যদি সত্য হবে, তাহলে আওয়ামী লীগ এত ভয় পাচ্ছে কেন? তাদের বলা উচিত, নির্বাচন যেই সরকারের অধীনেই হোক না কেন আমরা ভয় পাই না। আমরা জনগণের জন্য কাজ করেছি, জনগণকে ভরসা করি। তাহলে বুঝতাম জনগণের প্রতি তাদের সত্যি সত্যি ভরসা আছে। তবে আওয়ামী লীগকে এও মনে রাখতে হবে যে তারা যে দুবার ক্ষমতায় এসেছে, সেই দুবারই নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বিএনপি যদি ২৫-৩০ বছর পরও ক্ষমতায় আসে, তখন আওয়ামী লীগ যে ফের তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলবে না, তার নিশ্চয়তা কী? সংবিধানে লেখা আছে, ‘বাংলাদেশ একটি প্রজাতন্ত্র।’ কিন্তু এ কথা লেখা নেই, বাংলাদেশ একটি আওয়ামী লীগ বা বিএনপিদলীয় প্রজাতন্ত্র। ক্ষমতায় থাকতে দুই দলই মনে করে, গায়ের জোরে সবকিছু করা যাবে। আদালত যদি কাউকে মৃত্যুদণ্ডও দেয়, তাকে সসম্মানে জেল থেকে বের করে আনা হবে। আনা হচ্ছে। জাতীয় সংসদে কী হচ্ছে? বিরোধী দল নেই। তারপরও সরকারি দলের সাংসদেরা যে ভাষায় গালিগালাজ করেন, তা শুনলে ভদ্রলোকদের কানে আঙুল দিতে হয়। দল করলে, রাজনীতি করলে, ক্ষমতায় থাকলে কি সভ্যতা, ভব্যতা ও রুচি-সংস্কৃতি—সবকিছু বিসর্জন দিতে হয়? মাননীয় সাংসদেরা, মাননীয় মন্ত্রীরা, মাননীয় বিরোধী দলের নেতা-নেত্রীরা, আপনারা কি একবারও ভেবে দেখেছেন, দেশবাসীর কাছে কী দৃষ্টান্ত রেখে যাচ্ছেন? সোহরাব হাসান: কবি, সাংবাদিক।