জনপ্রতিনিধিদের চাহিদামাফিক উন্নয়ন প্রকল্পের হাল কী হয়, তার কিছু খণ্ডিত চিত্র উঠে এসেছে গত রোববার প্রথম আলোয় ‘আন্দাজের মাশুল ২ হাজার ৫৩১ কোটি টাকা’ শীর্ষক খবরে। এতে দেখা যায়, সমীক্ষা ছাড়া কেবল জনপ্রতিনিধি তথা ক্ষমতাসীন দলের নেতা কিংবা প্রভাবশালী কোনো ব্যক্তির ইচ্ছা পূরণের জন্যই প্রকল্প নেওয়া হয়েছে। কাজ শেষ হওয়ার পর কোনো কাজে আসছে না সেতু।
জনপ্রতিনিধিদের আগ্রহে বিদেশেও উন্নয়ন প্রকল্প নেওয়ার নজির আছে। কিন্তু সেসব ক্ষেত্রে প্রকল্পটি বৃহত্তর জনগণের কতটা কাজে লাগবে, তা যাচাই করা হয়। আমাদের জনপ্রতিনিধিদের একাংশের প্রবণতা হলো নিজের বাড়ির পাশ দিয়ে সড়কটি নিতে হবে এবং সেখানে সেতু নির্মাণ করতে হবে। না হলে তাঁদের ইজ্জত থাকে না। তাঁদের ইজ্জত রক্ষা করতে গিয়ে দেশ ও জনগণের সম্পদের অপচয় হচ্ছে, সে কথা তাঁরা মনে রাখেন না বা রাখতে চান না।
প্রথম আলোয় প্রধান শিরোনামের ওপর তিন কলামজুড়ে যে ছবিটি ছাপা হয়েছে, তাতে দেখা যায়, সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাদগাঁওয়ে চেলার খালের ওপর একটি দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করা হয়েছে, যার এক পাশে সড়ক থাকলেও অপর পাশে ধানিজমি। ধানিজমির ওপর দিয়ে কোনো যানবাহন চলতে পারে না। তারপরও সেখানে ৩ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ৬৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হয়েছে একজন বিশিষ্ট ব্যক্তির ইচ্ছায়। যোগাযোগের উন্নয়নের নামে এ রকম বিশিষ্ট ব্যক্তি ও নেতাদের ইচ্ছা পূরণের ঘটনা ঘটেছে রাজবাড়ী সদরে কাতালাগরী বাজার থেকে উদয়পুর-বসন্তপুর সড়কে কুমার নদের ওপর ৬০ মিটার সেতু, জামালপুরের মাদারগঞ্জের ফুলকোচা মোড়ে যমুনা নদীর শাখা খালের ওপর ৯৬ মিটার সেতু নির্মাণেও। স্থানীয় বাসিন্দারা এসব সেতুর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
জনপ্রতিনিধিদের দেওয়া তালিকার ওপর ভিত্তি করে ২০১৭ সালের জানুয়ারিতে দেশের ৪০ জেলার ৯৪টি উপজেলায় মোট ১৩০টি সেতু নির্মাণের একটি প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ৩ হাজার ৯২৬ কোটি টাকা ব্যয়ে ‘পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ নামের প্রকল্পটি একনেকে অনুমোদন সময় সমীক্ষা করা ছিল মাত্র ৩৬টি সেতুর। বাকি ৯৪টি সেতুর কোনো ধরনের সমীক্ষা ছাড়াই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছিল। জনগণের করের অর্থের এ রকম অপচয় পৃথিবীর আর কোথাও হয় বলে জানা নেই।
সমীক্ষা ছাড়া অনুমোদন দেওয়া ৯৪টি সেতুর কাজ করতে গিয়ে বিপাকে পড়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কেননা এসব সেতুর নকশা ও নির্মাণকাজ শুরু হয়েছে আন্দাজের ওপর। কোথাও সেতুর উচ্চতা কম, নিচ দিয়ে নৌকা যেতে পারে না, কোথাও সেতু করা হয়েছে সড়কের চেয়ে কম উচ্চতায়। এসব সেতুর নকশা পরিবর্তন করতে হয়েছে এবং তাতে ৩ হাজার ৯২৬ কোটি টাকার প্রকল্পটির বর্তমান ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ৬ হাজার ৪৫৭ কোটি টাকা। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের ব্যয় ও মেয়াদ বাড়ানো সম্পর্কে সতর্ক করে দিয়েছেন।
জনগণের কোনো উপকারে লাগবে না, এ রকম সড়ক–সেতু নির্মিত হয়ে থাকলে সংশ্লিষ্টদের জবাবদিহি ও শাস্তির আওতায় আনতে হবে। যদি কেউ ব্যক্তিস্বার্থে জনগণের অর্থের অপচয় করে থাকেন, তা ফেরত আনারও কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে।