নেত্রকোনার ৩২৫ স্কুলের সংকট দূর করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিক্ষাব্যবস্থার প্রাক্-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়ে গেছে। যদিও নানা জটিলতার কারণে এখনো প্রাথমিক স্তরে এই কার্যক্রম শুরু করা যায়নি। প্রথমত, নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিকের যোগসূত্রটি কীভাবে হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রাথমিকের পাঠ্যবইও চূড়ান্ত হয়নি। প্রাক্-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের নতুন এই শিক্ষাক্রম আগামী বছর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণিতে পুরোপুরি চালু হবে। কিন্তু এখনো অনেক বিদ্যালয়ে শিক্ষকসংকট থেকে গেছে। যেমন নেত্রকোনায় তিন শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। অনেক জেলায় এমন শিক্ষকসংকটের খবর আমরা দেখতে পাই সংবাদমাধ্যমগুলোতে। এর মাধ্যমে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থা কেমন নাজুক অবস্থায় আছে, সেটিই প্রতীয়মান হয়।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, নেত্রকোনায় অন্তত ৩৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া ২৩টি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এইউইও) পদ শূন্য। এতে বিদ্যালয় ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। নেত্রকোনায় ১০টি উপজেলায় ১ হাজার ৩১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। যেখানে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৫২৭। বিদ্যালয়গুলোর মধ্যে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ আছে ১ হাজার ৩১৩টি। বাকি ২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ নেই। অনুমোদিত পদের মধ্যে কর্মরত আছেন ৯৬১ জন প্রধান শিক্ষক। বাকি ৩৫২টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে কার্যক্রম।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষকদের বক্তব্য, করোনার কারণে দুই দফায় দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি বিদ্যালয়গুলো দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের পাঠদান করতে একসঙ্গে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের দ্বৈত দায়িত্ব পালন করতে হচ্ছে তাঁদের। বিদ্যালয়ের দৈনন্দিন কাজের পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব সামলানো, জাতীয় দিবসগুলোতে অনুষ্ঠান পালন করতে গিয়ে তাদের বেগ পেতে হয়। অনেক অভিভাবক জানান, প্রধান শিক্ষকের পদ খালি থাকায় বিদ্যালয়গুলো অনেকটা অভিভাবকহীন হয়ে পড়েছে। ভারপ্রাপ্তরা অনেক সময় সঠিক সিদ্ধান্তও নিতে পারেন না। দেখা যাচ্ছ, কোনো বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কয়েক শ, বিপরীতে শিক্ষক আছে তিন-চারজন।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ জানান, এই জনবলসংকট দীর্ঘদিনের। বিষয়টি বিভাগীয় উপপরিচালক, সংশ্লিষ্ট অধিদপ্তর ও মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আমরা আশা করছি, নতুন শিক্ষাক্রম চালুর আগে এই সংকট দ্রুত সমাধান হবে।