নেত্রহীন বুদ্ধ, দামিনীর ভগ্নি এবং বিশ্বজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দামিনী মৃত্যুবরণ করে বেঁচে যাওয়ার পরক্ষণেই বেঁচে মরে আছে টাঙ্গাইলের মেয়েটি। ঢাকা মেডিকেলের ইসিসি ওয়ার্ডে শায়িত মেয়েটি কী ভাবছে? ও হয়তো দামিনীর সংবাদও জানে না। কিন্তু যাঁরা সংবাদপত্র পড়েন, দেশ-বিদেশের খোঁজখবর রাখেন, তাঁরা সঙ্গে সঙ্গেই বিষয়টির সঙ্গে দামিনীকে মিলিয়েছেন। হয়তো ভারতে, বাংলাদেশে অহরহই ঘটছে এসব ঘটনা। কিন্তু মিডিয়ার কাছে পৌঁছাতে পারে না। অজানা রয়ে যায় সেসব। কী ভাবছে মেয়েটি? হাত নেড়ে শুধু নিষেধ করছে অথবা জগতের তাবৎ পুরুষ মানুষকে জানাচ্ছে তার সব্যক্ত ঘৃণা। কী হবে মেয়েটির?নিম্নবিত্ত পরিবারের মেয়েটির কোথায় আশ্রয় মিলবে? স্বগ্রামে ফিরে যাওয়া সম্ভব হবে কি? অনেক কিছুই ভাবা যায়। কিন্তু ওর পরিবারের অবস্থাটাই বা কী হবে? কিশোর বয়সের এই অভিজ্ঞতা নিয়ে জীবনের বাকি দিনগুলো চলবে কী করে?আমাদের মুক্তিযুদ্ধে এক কষ্টকর, যন্ত্রণাদায়ক বিষয় হচ্ছে আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি। আমরা বক্তৃতা-বিবৃতিতে বিষয়টিকে খুবই যন্ত্রণার সঙ্গে উল্লেখ করি। বিচারের দাবি তুলি। বিচার চলছেও। কিন্তু সেই ঘৃণিত অধ্যায়কে আমরা ভুলতে চাই। কিন্তু এখন? পাকিস্তানি বর্বর সেনাবাহিনীও নেই। এখনকার বর্বরদের কী রকম শাস্তি হওয়া উচিত?মাঝেমধ্যে মনে হয় দেশ থেকে সমাজটা উঠে গেছে। আছে শুধু রাজনীতি আর নিবীর্য জীবনযাপন। যারা শিক্ষিত-বিদ্বান, তারা খাচ্ছেদাচ্ছে, অফিসে যাচ্ছে, হরতালের দিন সতর্ক হচ্ছে, গাড়ি বের করছে না, ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য দেশ-বিদেশ, একটা নিরাপদ তন্দ্রায় কাটাচ্ছে দিন। যা-ই ঘটুক, আমার গায়ে তো লাগছে না। আমার কন্যা, আমার ভগ্নি তো আক্রান্ত হয়নি। কিন্তু হতে যে কতক্ষণ, তা ভাবতে পারছে না। সামাজিক বিচার কখনোই সরকার বা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে না। এসবই চিরকাল করে এসেছে সমাজ। সেই সমাজে কারা থাকতেন? যাঁরা জ্ঞানী, ভবিষ্যৎ-দ্রষ্টা দায়িত্ববান তাঁরাই, যাঁরা গ্রাম বা শহরের স্কুলটির দায়িত্ব নিতেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন, আর্তমানবতায় ঝাঁপিয়ে পড়তেন, গ্রামে ডাকাত বাড়লেও লতিফ স্যারের মতো টিনের চোঙা দিয়ে মানুষকে জাগাতেন। নারীর সম্ভ্রম, নারীর প্রতি শ্রদ্ধা জানানোকে জীবনের আদর্শ মনে করতেন। অথচ তেমন বক্তৃতা দিতেন না, বিবৃতিও দিতেন না। তাঁদের সামনে গিয়ে দাঁড়ালে দোষী কাঁপতে কাঁপতে সত্য স্বীকার করত। চোর-ডাকাত, ঘুষখোর মাথা নত করে পালাত। তাঁরাই কালক্রমে সংখ্যালঘু হয়ে পড়লেন। পেশিশক্তি ও অর্থই হয়ে দাঁড়াল নিয়ামক। অসৎ অর্থের মালিকেরা কেমন করেই যেন সমাজটাকে ম্যানেজ করে ফেলল। তারা দেশ শাসনের দায়িত্বের ভাগ পেয়ে গেল। বুঝে গেল যে অন্যায়টা যত বড় হোক, পার পাওয়া যাবে; কারণ, তার হাতে আছে নেতা। নেতার নানা কর্মের সাক্ষী সে। তাই তাকে আর পায় কে? সেনাশাসনে জবাবদিহি ছিল না। তারপর গণতান্ত্রিক শাসনামলেও সেই সংস্কৃতিটি রয়ে গেল। সেনাশাসনেও অস্ত্র ছিল। আজকের নেতাদেরও প্রয়োজন অস্ত্র। আজকের অস্ত্রধারীদের তেমন ট্রেনিং নেই। তাই সে কখনো বারুদ ব্যবহার করে, কখনো ব্যবহার করে চাপাতি, রামদা; ক্ষুরও দীর্ঘদিন ধরে ব্যবহূত হয়েছে।রাজনৈতিক সংস্কৃতিতে জ্ঞানচর্চা বহুদিন ধরেই বন্ধ হয়ে আছে। তাই পেশিশক্তি মুখ্য শক্তি হয়ে দাঁড়িয়েছে। মাঝেমধ্যেই দেখতে পাই, শস্ত্রীধারীকে মানুষ সমীহ করে প্রথমে ভয়ে, তারপর তারই সমর্থনে দাঁড়িয়ে যায়। সেই দাঁড়ানোটা হয় ভয়াবহ। সে রাজনৈতিক নেতৃত্ব পেয়ে যায়। নেতৃত্ব পাওয়ার পর সে অনেক ভালো কথা বলে, হয়তো বিশ্বাসও করে। কিন্তু তত দিনে তার সমর্থকেরা একেকটি দানবে পরিণত হয়ে গেছে। ইতিমধ্যে সর্বনাশটা হয়ে গেছে। ওই যে সমাজ, ওই সমাজ ভেঙে চুরমার হয়ে গেছে। পঞ্চাশ, ষাট, সত্তরের, এমনকি আশির দশকেও তেমন ধর্ষণের ঘটনা দেখা যায়নি। কিন্তু ইয়াসমিনের ধর্ষণ নিয়ে শুরু হলো এই অধ্যায়। সুদীর্ঘ বিচার-প্রক্রিয়ায় অপরাধীদের ফাঁসি হলো। ইতিমধ্যে শুরু হয়েছে অ্যাসিড-সন্ত্রাস। সংবাদপত্র ও কিছু এনজিও এর বিরুদ্ধে দাঁড়াল। সরকারও আইনকানুন সংশোধন করল। তাতে কিছু কাজও হলো। কিন্তু মানুষের আদিম প্রবৃত্তিকে কি রুদ্ধ করা যায়? কতটা ঠিক করবে আইনকানুন? আবার ফিরে আসি টাঙ্গাইলের মেয়েটির কাছে? একেবারেই অসহায় কিশোরী কীভাবে ধর্ষণের শিকার হয়ে দাঁড়াল? তা-ও এক দিন নয়, তিন দিন? এই তিন দিন এই সমাজটা কোথায় ছিল? কোথায় ছিল এই রাষ্ট্রটা? ৭২টি ঘণ্টা কি স্তব্ধ হয়ে ছিল টাঙ্গাইলের সমাজ? ওই কিশোরীর আর্তনাদ কি কেউ শোনেনি? এটা কেমন করে হয়? অনুসন্ধানে জানা গেছে, এ ঘটনার মূল হোতা মনিরুজ্জামান যুবদলের সঙ্গে যুক্ত এবং অন্যরা এই এলাকার ভিডিও ব্যবসার সঙ্গে সম্পর্কিত।প্রযুক্তিকে অপব্যবহার করার ব্যাপারে বাঙালির জুড়ি নেই। মোবাইল ফোনে ক্যামেরা যুক্ত হওয়ার পর কোটি কোটি বাঙালি ক্যামেরাম্যান হয়ে গেছে। তেমনি ভিডিও ক্যামেরাও খুব কম দামেই কেনা যায়। প্রতিটি জেলা-উপজেলা পর্যায়ে এখন ডিশ লাইন আছে। বাংলাদেশ ও ভারতীয় চ্যানেলের পাশাপাশি স্থানীয় একটি চ্যানেলও চালু হয়েছে। অত্যন্ত নিচু মানের অনুষ্ঠান নির্মাণ করে তা প্রচার হয়। জনগণের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। কিন্তু এই যে স্থানীয় চ্যানেল, সেখানে কখন কী দেখানো হয়, তা কি প্রশাসন জানে? পর্নো ছবি দেখানো থেকে শুরু করে এখানে যে নাশকতামূলক কিছু দেখানো হয় না, তার নিশ্চয়তাটা কী? মানুষের রুচি নিম্নমুখী করার জন্য এসব চ্যানেলই যথেষ্ট। অবিলম্বে এসব স্থানীয়, পাড়ার, মহল্লার চ্যানেলগুলো নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং কেউ আইন অমান্য করলে গুরুতর শাস্তির ব্যবস্থা করতে হবে।একদা অ্যাসিড-সন্ত্রাস একটি ভয়াবহ চেহারা নিয়েছিল। গণসচেতনতা ও আইনের প্রয়োগের ফলে তা বেশ কমে এসেছে। ইভ টিজিংও কিছুটা কমে এসেছে। বড় শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণের যখন কোনো বিচার পাওয়া যায় না, তখন তা বড় সমস্যাটাই হয়ে দাঁড়ায়। ধর্ষণের শিকার নারীকে হত্যার ঘটনাও বিরল নয়। ভালোবাসা-প্রেম বোঝাপড়ার বিকল্পই হচ্ছে শক্তি প্রদর্শন। এই শক্তি প্রদর্শন অন্যান্য ক্ষেত্রের মতোই মানবিক আদান-প্রদানের জায়গাতেও এসে গেছে।রাষ্ট্র নির্মাণ করেছে শক্তিমান মানুষ। সরকার তারই অংশ। কালক্রমে জনগণ আত্মনিয়ন্ত্রণের অধিকার পাওয়ার জন্য সংগ্রাম করছে। কিন্তু সমাজ নির্মাণ করছে মানুষ, হাজার বছরের মানুষের অভিজ্ঞতার আলোকে তার নির্মাণ হয়েছে। সবকিছুই সংখ্যাগরিষ্ঠ মানুষের কল্যাণের জন্য, সংখ্যালঘিষ্ঠ শাসকদের বিরুদ্ধে। তাই যুগ যুগ ধরে মানুষ সমাজকে তাদের অধিকারে আনার সংগ্রামে মেতেছে। তাই যেসব প্রবণতা সমাজকে ভেঙে দিয়েছে, তার বিরুদ্ধে সমাজকেই দাঁড়াতে হবে। রাষ্ট্রকে মানবিক করতে হলেও সামাজিক আন্দোলন জরুরি।কিন্তু বর্তমানে মানুষের হূদয় কাঁদে না, কোনো প্রবল প্রতিক্রিয়া দেখা যায় না। এ তো এক বড় ধরনের অসুস্থতা। একটি ঘটনা দ্বারা অন্য ঘটনা হারিয়ে যায়। এটাও আশা করব, টাঙ্গাইলের মেয়েটির ওপর বর্বরতার ঘটনায় যেন বিশ্বজিৎ হত্যা চাপা পড়ে না যায়। সরকার যেন রামুতে বৌদ্ধবিহারে হামলাসহ সব ঘটনার বিচার করতে বাধ্য হয়। পাশাপাশি তীব্র সামাজিক আন্দোলনও প্রয়োজন। মামুনুর রশীদ: নাট্যব্যক্তিত্ব।