ছোটবেলা থেকেই গৌতম বুদ্ধের চোখ দুটো আমাদের আকৃষ্ট করত। স্থির-নিশ্চল কিন্তু আহ্বানভরা চোখ দুটি যেন কথা বলত। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর চোখ দুটো যেন নড়তে শুরু করত। সেই চোখ দুটো যখন উধাও হয়ে যায় বুদ্ধের মূর্তি থেকে, তখন কেমন লাগে? রীতিমতো ভয় লাগে—কল্পনায় দেখতে থাকি অনেক কিছু; থিয়েটারের ছাত্র হিসেবে মনে পড়ে ইদিপাসের চোখ দুটো। সে চোখ আমরা দেখিনি, কিন্তু কল্পনা করতে পারি শলাকাবিদ্ধ চোখ দুটো কেমনই বা হতে পারে। কিন্তু উখিয়া বা রামুতে কল্পনা করতে হয়নি। দুই চোখ তুলে নেওয়ার পর গৌতম বুদ্ধকে কেমন দেখায়? কী অসহায় নেত্রহীন গৌতম বুদ্ধ। রামু, উখিয়াতে গিয়েছিলাম ধ্বংসযজ্ঞ দেখার জন্য, কিন্তু ধ্বংসযজ্ঞের মধ্যে নেত্রহীন গৌতম বুদ্ধের মূর্তি দেখে চমকে উঠলাম, বিষণ্ন হয়ে গেলাম। মনের মধ্যে প্রশ্ন, কেন গৌতম বুদ্ধের চোখ জোড়া ওদের টার্গেটে পরিণত হলো? যদিও এক জায়গায় ছিন্নমস্তক বুদ্ধকেও দেখতে পেলাম। একজন অবশ্য বলল, চোখটা যে ধাতু দিয়ে তৈরি হয়, তা নাকি সবচেয়ে মূল্যবান। লুটেরাদের কাছে তা সত্যি মূল্যবান মনে হয়েছে।বুদ্ধের যে শায়িত মূর্তিটি আছে, ১০০ ফুট যার দৈর্ঘ্য— বিশাল হাতুড়ি দিয়ে তার ওপর আক্রমণ। আক্রমণের ফলে ফাটল ধরেছে, কিন্তু ভেঙে চুরমার করতে পারেনি। রামুর বড় মন্দিরটির হাজার বছরের পুরোনো পাণ্ডুলিপিগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। ৮৩ বছরের বৃদ্ধ ভান্তে বললেন, ‘আমার এত বছরের সাধনা শেষ হয়ে গেল।’ তিনি হস্তলিপি ও পাণ্ডুলিপি উদ্ধারের একজন বিশেষজ্ঞ। ওই সব লিপিতে যা ছিল তা তিনি অনুবাদও করেছেন। সব পুড়িয়ে ফেলা হয়েছে।ভান্তেরা প্রাণে বেঁচেছেন, লুকিয়ে বেঁচেছেন। বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজনও প্রাণে বেঁচেছেন, লুণ্ঠিত হয়েছে তাঁদের সম্পদ। একটি ভিত্তিহীন ফেসবুকের ছবিকে কেন্দ্র করেই কি শুধু তাণ্ডব সৃষ্টি করা হলো? তাহলে বুদ্ধের চোখ উপড়ে ফেলা, হাজার বছরের তাম্রলিপি, পাণ্ডুলিপি ধ্বংস করা? নানা প্রশ্ন মনে জাগছে।গৌতম বুদ্ধ তো মানুষ, রক্ত-মাংসের মানুষ। তিনি অহিংসার বাণী নিয়ে এসেছিলেন, যখন হিংসায় উন্মত্ত পৃথিবী। পৃথিবীর এই ক্রান্তিকালেই মহামানবদের আবির্ভাব হয়। এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে তাঁর প্রভাব। আমাদের পার্বত্য অঞ্চলে তাঁর বাণী এসে পৌঁছেছিল। বিপুলসংখ্যক আদিবাসী ও বাঙালি এই ধর্ম গ্রহণ করেছিল। এক শান্তিপূর্ণ সহাবস্থানে হাজার বছর ধরে চলছিল তাদের জীবনযাপন। কিয়াংয়ের ঘণ্টাধ্বনি শান্তির সুবাতাস বয়ে আনত। মসজিদ, মন্দির, গির্জা আর কিয়াংয়ের সম্মিলিত আহ্বানে মানুষ শান্তিতে বসবাস করত।সত্তরের দশকের মাঝামাঝি থেকেই অশান্ত হয়ে পড়ে পার্বত্য অঞ্চল। বারবারই বারুদের গন্ধে পরিবেশ আক্রান্ত হয়ে পড়ে। কিন্তু বৌদ্ধবিহার বা মন্দির কখনো আক্রান্ত হয়নি। এমনকি একাত্তরে নিষ্ঠুর পাকিস্তান সেনাবাহিনীও এসব মন্দিরে আক্রমণ করেনি। আমাদের গর্বের অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাগ্যে জুটল এক কলঙ্কতিলক। মনে পড়ে, হিন্দু শাসকেরা একদা বৌদ্ধবিহারকে আক্রমণ করেছিলেন, প্রায় কচুকাটা করেছিলেন। বৌদ্ধ ভান্তেরা তখন বাঁচার জন্য অস্ত্র ধারণের অনুমতি চেয়েছিলেন। কিন্তু তাঁদের সে নির্দেশ মেলেনি। কারণ, বৌদ্ধদের অস্ত্র ধারণ মানেই তার ধর্মের পতন। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে চরম ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে বৌদ্ধদের। পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধধর্মাবলম্বীরা অবশ্য অস্ত্র ধারণ করেছিল, কিন্তু কোনো ভান্তে বা বৌদ্ধমন্দির কখনো অংশ নেয়নি। বাংলাদেশের বিক্রমপুরের সন্তান অতীশ দীপংকর সেই তিব্বতে গিয়ে ধর্ম প্রচারে যুক্ত হয়েছিলেন।কেন এই বৌদ্ধবিহার আক্রমণ? এটা কি শুধু মুহূর্তের উত্তেজনা বা মৌলবাদী জঙ্গিদের পরিকল্পনার অংশ? জবাব মেলে না। বিএনপির সাংসদের একক উদ্যোগ? আওয়ামী লীগের লোকদের আড়াল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য? সম্প্রতি মিয়ানমারে মুসলমানদের ওপর আক্রমণের প্রতিশোধ? বিষয়টি অনেক অনুসন্ধানের অপেক্ষা রাখে। নিজেকে প্রশ্ন করতেই বুকটা হু হু করে ওঠে। যে মৌল আদর্শের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেখান থেকে কত দূরে সরে এসেছি আমরা?দীর্ঘ সেনাশাসন, এর মধ্যে স্বাধীনতাবিরোধীদের রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ, বারবার সংবিধান ক্ষতবিক্ষত হওয়া, রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের সংযোজন, মাদ্রাসা শিক্ষার নামে তৎপর বিভিন্ন গোষ্ঠীর কার্যকলাপ—এসবের মধ্যে দিয়ে কী ঘটেছে? প্রজন্ম থেকে প্রজন্মে রক্তের মধ্যে একটা সাম্প্রদায়িক চেতনা কি প্রোথিত হয়ে যায়নি? এসবের জবাব কী? দ্বিদলীয় শাসনব্যবস্থায় ভোটের রাজনীতিও কি যুক্ত হয়নি? বিএনপি-জামায়াতের ঐক্যবদ্ধ হওয়ার কারণে একটা সাম্প্রদায়িক রাজনীতির কি চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যায়নি? উখিয়াতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা চৌধুরী সাহেব মাত্র আটজন লোক নিয়ে শটগানের ২২টি গুলি ফুরিয়ে কি তিনি বৌদ্ধমন্দিরকে রক্ষা করেননি? রামুতে সরকারদলীয় কর্মীরা কী করলেন? প্রশাসন কী করল?একটা উপজেলা বা গ্রাম পর্যায়ে সব নেতা-কর্মী একসঙ্গেই বসেন, কথা বলেন, সব সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন। এত বড় একটা ঘটনা কী করে ঘটল যে সবাই জানতে পারল না? ভাবতে অবাক লাগে। শত শত লোক অগ্নিসংযোগ, লুণ্ঠনে অংশ নিল, তারা কি শুধুই একজোটভুক্ত? তাই যদি হয়ে থাকে, তাহলে অন্য জোট তাদের প্রতিরোধ করল না কেন?অবাক লাগে, যখন প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে বিএনপির নেতা বলেন। মওদুদ আহমদ প্রথমে আওয়ামী লীগ, পরে বিএনপি, পরে জাতীয় পার্টি এবং বর্তমানে বিএনপিতে। একজীবনে তিনি কতগুলো দলের নেতা হন? তাঁকে কোন দলের নেতা বলব? এই চরিত্রই বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করছে না? জনগণও কি এই চরিত্র অর্জন করছে?একটা কথা স্বীকার করতেই হবে যে জনগণও আদর্শিক জায়গা খুঁজে পাচ্ছে না। তাই একটা সুবিধামতো অবস্থানই নিয়ে নিচ্ছে, সে অবস্থান কতটা আদর্শিক, কতটা অসাম্প্রদায়িক—তা খোঁজার তোয়াক্কা করছে না। উখিয়ার চৌধুরী সাহেব কেন এই ঝুঁকি নিলেন, তা-ও প্রশ্ন জাগে।রামুতে গান পাউডার, পেট্রল নিয়ে যে সহিংসতা ঘটিয়েছে, তা রাজনৈতিক দলের পারস্পরিক বিবৃতিতে শেষ হওয়া উচিত নয়। যশোরে উদীচীর বোমা হামলা, রমনার বটমূলে আক্রমণ, কমিউনিস্ট পার্টির পল্টনের ঘটনার রহস্য উন্মোচিত হয়নি। শেখ হাসিনার প্রাণনাশে ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনার পুরো রহস্য এখনো ভেদ হয়নি। সাগর-রুনি হত্যাকাণ্ডেরও কোনো গ্রহণযোগ্য সমাধান হয়নি। কেন? তদন্তকারী দলগুলো কি নানা ধরনের রাজনৈতিক চাপে বিভ্রান্ত? তাই যদি হয়ে থাকে, তাহলে নাগরিকদের জীবন কতটা অনিশ্চিত! দেশটা কি তাহলে নানা ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে সত্য অনুসন্ধান থেকে বিরত থাকবে?কিছু কিছু ক্ষেত্রে সরকার ও বিরোধী দলকে এক জায়গায় থেকে সত্য অনুসন্ধান প্রয়োজন। দুর্ভাগ্য, সে সংস্কৃতি আমাদের দেশে এখনো অবর্তমান। এসবের পরিণতিও বড় নাশকতাপূর্ণ কর্মকাণ্ড। উখিয়া, রামু, পটিয়ার ঘটনা আমাদের বৈদেশিক নীতির ওপর বড় রকমের প্রভাব ফেলবে। আমাদের অসাম্প্রদায়িক ও তথাকথিত মডারেট মুসলিম স্টেটকে প্রশ্নবিদ্ধ করবে। নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, কিন্তু ভেঙে যাওয়া অসাম্প্রদায়িক সমাজকে মেরামত করাও প্রয়োজন। চারদলীয় জোটের উসকে দেওয়া রাজনীতি এবং মহাজোটের পাল্টা বক্তব্যের মধ্য দিয়ে ভোটের রাজনীতির একটা কূলকিনারা হতে পারে, কিন্তু কী হবে বাংলাদেশের ভবিষ্যৎ?রামু থেকে ফিরে আসার পর একটা প্রশ্নই বারবার আমার এবং আমার সহযাত্রীদের বিদ্ধ করছিল যে আমরা কি সত্যিই সংখ্যালঘু? আমরা কি একেবারেই সমাজ-বিচ্ছিন্ন? সমাজের ভাবনাটা আমরা ধরতে পারছি না? সমাজটা কি ৪০ বছর পর একটা সাম্প্রদায়িক জায়গায় চলে এসেছে?আমাদের দৌড় কি জাদুঘরের সামনে থেকে টিএসসি—বড়জোর শহীদ মিনার পর্যন্ত?সবকিছু ছাপিয়ে গৌতম বুদ্ধের নেত্রহীন দেহটাকেই মনে পড়ছে। আমরাও তৃতীয় নয়নহীন নাগরিকে পরিণত হয়েছি? অথবা দূরদৃষ্টিসম্পন্ন অন্ধ?মামুনুর রশীদ: নাট্যব্যক্তিত্ব।