নেপালে ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে শনিবারের ব্যাপক বিধ্বংসী ভূমিকম্পে হতাহত ব্যক্তিদের জন্য আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা আশা করি, প্রতিবেশী দেশগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় নেপালের জনগণ তাদের ক্ষয়ক্ষতি ও শোক কাটিয়ে উঠতে সক্ষম হবে।
নেপালে বিগত আট দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ওই ভূমিকম্পে নিহত ব্যক্তির সংখ্যা তিন হাজার পেরিয়েছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পে প্রচুর ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাসহ ঘরবাড়ি, দালানকোঠার ব্যাপক ক্ষতি হয়েছে। নেপাল সরকার দেশটিতে জাতীয় শোক ঘোষণা করেছে। শনিবারের ভূমিকম্প একই সঙ্গে অনুভূত হয়েছে পার্শ্ববর্তী ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান ও তিব্বতে। ভারতে ৫১ জন ও তিব্বতে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর বাংলাদেশে মারা গেছেন তিনজন।
ভূমিকম্পে লন্ডভন্ড নেপালভূমিকম্প-পরবর্তী ভূকম্পন অনুভূত হয়েছে আরও অনেকবার এবং রোববার দুপুরে আবারও ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প নেপালে আঘাত হানে, যা বাংলাদেশেও অনুভূত হয়। অর্থাৎ নেপালের জনগণ একটি বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়েছে, যা মোকাবিলার জন্য দেশটির প্রতি গোটা বিশ্বের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। ইতিমধ্যে ভারত সরকার উদ্ধারকাজে ও ত্রাণ তৎপরতায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। বাংলাদেশ সরকারও চিকিৎসক দল, ওষুধসহ মানবিক ত্রাণসহায়তা পাঠিয়েছে। নেপালে বিধ্বংসী ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় তাৎক্ষণিকভাবে গভীর শোক প্রকাশ করেছেন। আমরাও মনে করি, ভূমিকম্পে বিপর্যস্ত নেপালের জনগণের পাশে বাংলাদেশের থাকা উচিত, সাধ্য অনুযায়ী সব রকমের সহযোগিতা প্রদান করা উচিত।
একই ভূমিকম্পে বাংলাদেশেও বেশ কয়েকটি ভবন হেলে গেছে এবং মানুষের মনে বেশ আতঙ্ক দেখা দিয়েছে। যদিও বিশেষজ্ঞরা কেউ কেউ আশ্বস্ত করেছেন যে নেপালের মতো তীব্র আকারের ভূমিকম্প বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা নেই, তবু মাঝারি আকারের ভূমিকম্পেও এ দেশের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের নজরদারির যথেষ্ট অভাব রয়েছে। অপরিকল্পিত নগরায়ণ ও বিধিমালা লঙ্ঘন করে ইমারত নির্মাণ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।