নোয়াগ্রামের বাড়িভাঙা খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বাড়িভাঙা খাল এক অমূল্য প্রাকৃতিক সম্পদ। তিন কিলোমিটার দীর্ঘ এবং প্রায় ১৫০ ফুট চওড়া এ খালটি মৎস্য সম্পদে ভরপুর। অজস্র প্রজাতির মাছ এই খালে সারা বছরই পাওয়া যায়। প্রায় ৫০টি জেলে পরিবারের জীবিকার উৎস এই খাল। তা ছাড়া স্থানীয় লোকজনও সেখানে মাছ ধরতে পারেন।
কিন্তু সমস্যা হলো, নানা ধরনের জাল দিয়ে সারা বছর মাছ ধরার ফলে খালটিতে মাছের বংশবিস্তার ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে। মাছের পরিমাণ ও প্রজাতির বৈচিত্র্য ক্রমেই হ্রাস পাচ্ছে। একসময় এই খালে অনেক বড় বড় রুই, কাতলা, আইড় ও বোয়াল মাছ পাওয়া যেত। কিন্তু এখন মাছগুলো বড় হওয়ার আগেই ধরা পড়ে যায়।
আমাদের লোহাগড়া প্রতিনিধি জানিয়েছেন, ওই এলাকার অনেক মানুষ অনুভব করছেন, সারা বছর নির্বিচারে মাছ ধরার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা প্রয়োজন। বিশেষত বর্ষাকালে যখন খালটি দিয়ে ডিমওয়ালা প্রচুর মাছ নদী থেকে বিলের দিকে যায়, তখন মাছ ধরা পুরোপুরি বন্ধ রাখা উচিত। কিন্তু সেই সময়ই মাছ ধরার উৎসব চলে। কয়েকটি মহলের ইন্ধনে তখন খালে আড়াআড়ি বাঁধ দিয়ে ডিমওয়ালা মাছ ধরা হয়।
মাছ রক্ষায় খাল খননের দাবিপ্রথমত ওই মহলকে নিরস্ত করা দরকার। স্থানীয় প্রশাসনের উচিত প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ করার নির্দেশ জারি করা এবং তা যাতে সবাই মেনে চলে, সেদিকে কড়া দৃষ্টি রাখা। একই সঙ্গে প্রয়োজন এলাকার মানুষের সচেতনতা বাড়ানো। যাঁদের মধ্যে এই সচেতনতা আছে, যাঁরা ডিমওয়ালা মাছ ধরা বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন, তাঁদেরও কর্তব্য সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া। যেসব জেলে পরিবারের জীবিকা এই খালের ওপর নির্ভরশীল, তাদের মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে, প্রজনন মৌসুমে তারা মাছ ধরা বন্ধ রাখবে।
এ ব্যাপারে জেলা মৎস্য অফিস এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসা উচিত। এ ছাড়া খালটি খনন করে এর গভীরতা বাড়ানোও প্রয়োজন। লোহাগড়ার মতো এ ধরনের চিত্র দেশের অন্য অনেক জায়গা থেকেই মাঝেমধ্যে শোনা যায়, যা মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় দুর্বলতারই বহিঃপ্রকাশ। আশা করি সারা দেশেই এ বিষয়ে নজরদারি বাড়ানো হবে, প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধে প্রশাসন উদ্যোগী হবে।