নিমজ্জনের পাঁচ দিন পরেও সুন্দরবনের ভোলা নদী থেকে উদ্ধার হয়নি সারভর্তি জাহাজ। জাহাজের মালিকপক্ষ, বন বিভাগ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পক্ষ থেকেও জোর তৎপরতা দেখা যায়নি। গত বছরের ডিসেম্বর মাসে সাড়ে তিন লাখ টন জ্বালানি তেলসহ জাহাজডুবির পরে কর্তৃপক্ষ যে অবহেলা ও অযোগ্যতার পরিচয় দিয়েছিল, এবারও তারা তা-ই করল। ৫০০ টন বিষাক্ত সার কেবল নদীর জলজ প্রাণীদেরই ক্ষতি করছে না, তা বনের ভেতর ছড়িয়ে গিয়ে সুন্দরবনের প্রতিবেশ ও প্রাণ-প্রকৃতির বিপুল ক্ষতিসাধন করছে।
সুন্দরবনের ভেতর দিয়ে জাহাজ চলাচল বন্ধের দাবি অনেক দিনের হলেও সরকার তা শুনেও শোনে না। এর ফল যে কত ভয়াবহ হতে পারে, সাড়ে তিন লাখ টন ফার্নেস তেলসহ জাহাজডুবির ঘটনা সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে। সেই ক্ষতির ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ঘটল বিষাক্ত সারভর্তি জাহাজডুবির ঘটনা। সুন্দরবনকে বাঁচাতে এর ভেতর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করা উচিত ছিল। সে সময় প্রধানমন্ত্রীও সুন্দরবনসংশ্লিষ্ট তিন জেলার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের নৌপথ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সরকারি-বেসরকারি তদন্ত প্রতিবেদনসহ জাতিসংঘের পরিদর্শনকারী বিশেষজ্ঞ দলও একই সুপারিশ করেছিল। কিন্তু কোনো অদৃশ্য শক্তির বাধায় নৌ–চলাচল বন্ধ হয়নি, বরং দিনকে দিন তা বাড়ছে। অবস্থা দেখে মনে হয়, সরকারি দপ্তরগুলো রক্ষায় নয়, বিনষ্টেই নিয়োজিত।
ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারের দায়িত্ব বিআইডব্লিউটিএর। কিন্তু তারা নির্বিকার। সুন্দরবনে যেকোনো দুর্ঘটনা মোকাবিলার কোনো আয়োজন, তহবিল, প্রযুক্তি ও লোকবলও গড়ে তোলা হয়নি। বিশ্বের বিরল সম্পদ এই বাদাবন বাংলাদেশের প্রাণসম্পদের আধারই শুধু নয়, তা জলবায়ু বিপর্যয়ের বিরুদ্ধে প্রাকৃতিক বাধের কাজ করে। এর ধ্বংস অমার্জনীয় অপরাধ।
আর দেরি না করে সুন্দরবনের ভেতর দিয়ে নৌ–চলাচল বন্ধ করতে হবে। বোলচাল ছেড়ে এ মুহূর্তে এটাই সরকারের দায়িত্ব। প্রচলিত নৌপথের মুখ আটকে করা চিংড়িঘেরগুলোও উচ্ছেদ করতে হবে। সুন্দরবনের ওপর অত্যাচার বন্ধ হোক।