মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে গত বুধবার রাত ১২টা থেকে নৌযান শ্রমিকেরা দেশব্যাপী ধর্মঘট শুরু করলেও শনিবার থেকে যাত্রীবাহী নৌযানকে তাঁরা রেয়াত দিয়েছেন। এই ভেবে স্বস্তি বোধ করতে পারেন যে যাত্রীরা চলাচল করতে পারছেন। কিন্তু পণ্যবাহী নৌযান ধর্মঘটের কারণে ব্যবসা-বাণিজ্য তথা সার্বিক অর্থনীতির কী পরিমাণ ক্ষতি হচ্ছে, তা কি তঁারা ভেবে দেখেছেন?
প্রথম আলোর খবর থেকে জানা যায়, ধর্মঘটের কারণে বন্দর থেকে পণ্য নিয়ে বিভিন্ন ঘাটে অবস্থান করা ৬৮১টি জাহাজ থেকেও পণ্য খালাস করা যাচ্ছে না। বন্দরের বহির্নোঙরে ৫৫টি পণ্যবাহী বড় জাহাজ আটকা পড়েছে। এর মধ্যে সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার, জিপসাম, ফ্লাই অ্যাশ ও স্ল্যাগবাহী জাহাজ আছে ৩১টি। কাঁচামাল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে সিমেন্টসহ অধিকাংশ শিল্পকারখানা।
দুর্ভোগে যাত্রীরা, পণ্য পরিবহন বন্ধনৌযানশ্রমিকেরা হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে গিয়েছেন, তা ভাবার কারণ নেই। ধর্মঘটে যাওয়ার অগে তাঁরা সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মালিকদের নোটিশ দিয়েছেন। কিন্তু কোনো পক্ষই শ্রমিকদের দাবির বিষয়টি আমলে নিয়েছে বলে মনে হয় না। দেশে যেসব খাতের শ্রমিকেরা ন্যূনতম বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত, নৌপরিবহন তার অন্যতম। এই খাতের অধিকাংশ মালিক আইএলও কনভেনশনও মানেন না।
শুরুতে সরকার ও নৌপরিবহন মালিকপক্ষ উদ্যোগী ভূমিকা নিলে ধর্মঘট এড়ানো যেত। কিন্তু নৌপরিবহনমন্ত্রী যেভাবে এটি মালিক ও শ্রমিকের বিষয় বলে দায়িত্ব এড়িয়ে চলেছেন, তা গ্রহণযোগ্য নয়। নৌপরিবহন খাতের এই অচলাবস্থার দায় তাঁকেও নিতে হবে। সরকার, মালিক ও শ্রমিক—তিন পক্ষ বসেই নৌপরিবহন খাতের অচলাবস্থার অবসান ঘটাতে হবে। আর সেটি সম্ভব শ্রমিকদের ন্যূনতম ন্যায্য দাবি মেনে নিয়েই। কিন্তু মালিকপক্ষ যদি শ্রমিকদের দাবি অযৌক্তিক বলে গোঁ ধরে, তাহলে পরিস্থিতি আরও নাজুক হতে পারে, যা কখনো কাম্য হতে পারে না। দ্রুত অচলাবস্থার অবসান হোক।