সুন্দরবনের অগ্রাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের সঙ্গে আমাদের অবিমৃশ্যকারী ও নির্মম আচরণের পরিণতি কত ভয়ংকর হতে পারে, তার নজির দেখা গেল। সাড়ে তিন লাখ লিটারের বেশি জ্বালানি তেলসহ একটি ট্যাংকার সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে যাওয়া শ্যালা নদীতে ডোবার ফলে এই শ্বাসমূলীয় বনের জীবকুলসহ সামগ্রিক পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়েছে। তবু সরকারের বোধোদয় ঘটেনি; কোনো কোনো মন্ত্রীকে বলতে শোনা গেছে, তেলট্যাংকার ডোবার ফলে সুন্দরবনের তেমন ক্ষতি হয়নি।
সংবাদমাধ্যম, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক মহলের চাপে অবশেষে বাংলাদেশসহ আটটি দেশের মোট ২৫ জন বিশেষজ্ঞ জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে পাঁচ দিনের একটি জরিপ চালিয়েছেন। এখন সরকারের জরুরি কর্তব্য হলো তাঁদের পর্যবেক্ষণগুলো গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া এবং তাঁদের সুপারিশমালা বাস্তবায়ন করা।
ট্যাংকারডুবির সময় শ্যালা নদীতে পানি কম থাকা, দুর্ঘটনার পরপর শ্যালা নদী দিয়ে নৌ চলাচল বন্ধ করা এবং স্থানীয় জনগণের তেল উত্তোলনে দ্রুত নেমে পড়াসহ বিভিন্ন কারণে ক্ষতিকর প্রভাব সীমিত থেকেছে—এই পর্যবেক্ষণের সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞরা এ আশঙ্কাও ব্যক্ত করেছেন যে সুন্দরবনের জলজ প্রাণীর ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পড়তে পারে। এই দুর্ঘটনাকে তাঁরা ‘সচেতন হওয়ার ডাক’ বা ‘ওয়েক-আপ কল’ বলে ভবিষ্যতের জন্য সতর্ক হওয়ার ওপর জোর দিয়েছেন। আমাদের বিবেচনায় বিশেষজ্ঞদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ হলো সুন্দরবনের ভেতর দিয়ে নৌ চলাচল বন্ধ করা। কিন্তু এ বিষয়ে পরিবেশ ও বনমন্ত্রীর বক্তব্য থেকে সরকারের অবস্থান পরিষ্কার হয় না। তিনি বলেছেন, মংলা বন্দরে যাওয়া-আসার আপাতত একটাই পথ, সেটা হলো সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে যাওয়া শ্যালা নদী। কিন্তু সরকারের উপলব্ধি করা উচিত যে এই একটি পথই সুন্দরবনের মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে। এর বিকল্প অবশ্যই বের করতে হবে। এ জন্য ঘষিয়াখালী খাল খনন করতে হবে; সড়ক ও রেলপথেও পণ্য পরিবহন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।