নৌমন্ত্রীর একি যুক্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান নৌপথে নিরাপদ ঈদযাত্রা ও বাড়ি ফেরা নিয়ে যেসব মন্তব্য করেছেন, তা পরস্পরবিরোধী। এতে যাত্রীসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়া স্বাভাবিক। এক দিকে তিনি বলছেন, এবারে নৌপথে ঈদযাত্রা নিরাপদ হবে, আরেক দিকে বলেছেন, অতিরিক্ত যাত্রী পরিবহন সমস্যা নয়। সমস্যা হলো অতিরিক্ত মালামাল বহন করা। মালামালের িবপরীতে যাত্রী ধারণের তুলনা চলে না। মালামাল স্তূপাকারে রাখা যায়, মানুষের জন্য প্রয়োজন হয় স্বচ্ছন্দে বসা ও চলাফেরার জায়গা। যাত্রীবাহী লঞ্চ বা জাহাজে যাত্রীদের ব্যক্তিগত মালামালের বাইরে অতিরিক্ত পণ্য পরিবহন করার কথা নয়, যদিও সেটি শুরু থেকে চলে আসছে। মন্ত্রী কেবল ঈদের সময় পণ্য পরিবহনের বিষয়ে বলেছেন, অন্য সময় কি হবে সে সম্পর্ক কিছু বলেননি। দ্বিতীয়ত, ঈদের সময় নৌপথে পণ্য পরিবহন বন্ধ রেখে যত পরিমাণ অতিরিক্ত যাত্রী ওঠানো হয়, তাতে ঝুঁকিটা মোটেই কমে না।

গত বুধবার সদরঘাটের সম্প্রসারিত টার্মিনাল ভবন ও লালকুঠি মিনি পার্কের উদ্বোধন করতে গিয়ে নৌপরিবহনমন্ত্রী ঈদের আগে ও পরে পাঁচ দিন মালবাহী জাহাজ চলবে না বলে জানিয়ে দিয়েছেন। এটি যাত্রীদের জন্য কতটা স্বস্তি দেবে বলা কঠিন। কেননা, যাত্রীরা তো মালবাহী জাহাজে চলাচল করেন না। কিন্তু ঈদের আগে-পরে পাঁচ দিন ধরে নৌপথে পণ্য পরিবহন বন্ধ থাকলে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। ঈদযাত্রীদের সুবিধা দিতে গিয়ে আমরা ভোক্তাদের বিপদে ফেলতে পারি না।

ঝড়বৃষ্টির সময়ই এবার ঈদ উদ্‌যাপিত হতে যাচ্ছে। সে কারণে লঞ্চ বা জাহাজে কোনোভাবেই অতিরিক্ত যাত্রী বহন করার ঝুঁকি নেওয়া যাবে না। তাই মালামাল পরিবহনের স্থলে ধারণক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী পরিবহনের চিন্তা বাদ দিতে হবে। যাত্রীদের উপদেশ দেওয়ার পাশাপাশি মন্ত্রী যদি নৌপরিবহন মালিকদের আইন মানতে বাধ্য করেন, তাহলে ঈদযাত্রা নিরাপদ হতে পারে। মন্ত্রী মহোদয় ২০১৭ সালকে যে নৌ-দুর্ঘটনামুক্ত বছর হিসেবে ঘোষণা করেছেন, সেটি কার্যকর করতে হলে ত্রুটিপূর্ণ নৌযান চলাচল যেমন বন্ধ রাখতে হবে, তেমনি ধারণক্ষমতার বেশি যাত্রীও পরিবহন করা যাবে না।