নৌমন্ত্রীর তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাজাহান খান। ফাইল ছবি
শাজাহান খান। ফাইল ছবি

যে কেউ বিস্ময়ে স্তম্ভিত হবেন যে তিনি প্রকাশ্যে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের কিছু বহিষ্কৃত কর্মচারীর পক্ষাবলম্বন করেছেন। মন্ত্রিসভার সদস্য হয়ে তিনি বহিষ্কৃত সিবিএ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ব্যাংকটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অগোচরে। যে ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু সিবিএ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তা একান্তই অভ্যন্তরীণ শৃঙ্খলাজনিত। উপদলীয় কোন্দলের কারণে ব্যাংকটির কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা গত ডিসেম্বরে লাঞ্ছিত হয়েছিলেন। তারই জের ধরে বাধ্যতামূলক অবসর, বরখাস্ত, পদাবনতিসহ রাজধানীর বাইরে বদলির কয়েকটি ঘটনা ঘটে। এই শাস্তিমূলক ব্যবস্থা যথাযথ হয়েছে কি না, সেই প্রশ্ন উঠতেই পারে। আর তেমন প্রশ্ন নিষ্পত্তির স্থান হচ্ছে শ্রম আদালত। কিন্তু একটি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের অভ্যন্তরীণ প্রশাসনিক বিষয়ে দেশের নৌপরিবহনমন্ত্রীর প্রকাশ্য ও দাপুটে হস্তক্ষেপ অবশ্যই সম্পূর্ণরূপে এখতিয়ারবহির্ভূত ও অবাঞ্ছিত।

নৌমন্ত্রী যেভাবে হস্তক্ষেপ করেছেন, তা মতিঝিল ও দিলকুশার ব্যাংকপাড়ায় যুগপৎ মুখরোচক আলোচনা ও উৎকণ্ঠার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে নৈরাজ্যকর হলো, কিছু সিবিএ নেতার হিংসাশ্রয়ী উচ্ছৃঙ্খল আচরণের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপকে রাজনৈতিক রং দেওয়ার গুরুতর চেষ্টা করেছেন ওই মন্ত্রী। তিনি মন্তব্য করেছেন, ‘গোড়ায় হাত দিলে অনেকের অনেক কিছু বের হয়ে যাবে।’ মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে তাঁর নিজস্ব মন্ত্রণালয়ের বাইরের বিষয়ে এ রকম হস্তক্ষেপ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জন্যও বিব্রতকর। বহিষ্কৃত ব্যক্তিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তিনি তা একদম আমলে নিতে প্রস্তুত নন। তাঁদের পক্ষে হুমকি দিতে গিয়ে নৌপরিবহনমন্ত্রী অপরিমিতিবোধের পরাকাষ্ঠা দেখিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রধান বিচারপতির ঘটনা সবার জানা আছে। সিবিএ নেতাদের সঙ্গে যে সমস্যা হয়েছে, তার সম্মানজনক সমাধান করুন। না হলে এই প্রতিষ্ঠানেরও অনেকের অনেক কিছু বের হবে।’

আমরা আশা করব, শুভবুদ্ধিসম্পন্ন সরকারি মহল এ ধরনের ক্ষতিকর ও অযাচিত মন্তব্য মার্জনা করবে না, বরং তিরস্কার করবে।